গর্জে উঠল চিটাগংয়ের পেসাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ এক স্পেলে দলকে জেতালেন তাসকিন। ছবি: প্রথম আলো
দারুণ এক স্পেলে দলকে জেতালেন তাসকিন। ছবি: প্রথম আলো

লুক রনকির ঝড়টাই ব্যবধান গড়ে দিল। নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যানের ঝড়ে প্রথমে ব্যাট করে ১৬৬ রান তুলেছিল চিটাগং ভাইকিংস। রানটা একটু কম মনে হচ্ছিল। তবে শেষ পর্যন্ত রনকির দুর্দান্ত ইনিংসটি বৃথা যায়নি। পেস বোলারদের কৃতিত্বে রংপুর রাইডার্সকে ১৫৫ রানেই আটকে দিয়েছে চিটাগং। ১১ রানে জিতে এবারের বিপিএলের প্রথম সাফল্যটি পেল তারা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে আজ রীতিমতো ঝড়ই তুলেছিল চিটাগং। প্রথম ১০ ওভারেই রনকির দুর্দান্ত ব্যাটিংয়ে ১১২ রান তুলে ফেলেছিল তারা। শেষ পর্যন্ত এ রানটাই ব্যবধান গড়ে দিল। প্রথম ১০ ওভারে ৮৯ রান করা রংপুর শেষ ১০ ওভারে চট্টগ্রামের মতো মুখ থুবড়ে না পড়লেও জয় পাওয়ার মতো রান তুলতে পারেনি।
চিটাগংয়ের রান দুই শ ছাড়াতেই পারত। কিন্তু গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে যা হয়েছিল, আজ ঠিক তেমন কিছু না হলেও সংগ্রহটা সন্তোষজনক হলো না তাদের। মাত্র ৪ উইকেট হারালেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সংগ্রহটা আটকে যায় ১৬৬ রানেই। প্রথম ১০ ওভারে ১১২ রান তুলে ফেলা দল ২০ ওভার শেষে ২০০ ছাড়িয়ে যাবে—এমন প্রত্যাশা থাকলেও চিটাগং তা পারেনি শেষ ১০ ওভারে মাত্র ৫৪ রান তোলায়। অবিশ্বাস্য হলেও সত্যি, শেষ ১০ ওভারে চিটাগংয়ের বাউন্ডারির সংখ্যা ছিল মাত্র একটি!
রনকির ঝড় থেমেছিল ৩৫ বলে ৭৮ রান করে। এরপর আর কারও ব্যাটেই ‘ঝড়’ ওঠেনি। ঝড়ের দরকার ছিল না, টি-টোয়েন্টি ক্রিকেটের সাধারণ ব্যাকরণ মেনে খেললেও রানটা দুই শর কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা। কিন্তু মিসবাহ-উল-হক, লুইস রিস আর এনামুল হকরা কী করলেন। মিসবাহ ৩২ বলে ৩১ রান করেছেন। এনামুলও কম যাননি, কোনো চার-ছয় ছাড়া ১৭ রান তাঁর।
রান তাড়া করতে নেমে দুই ওপেনারই ফিরেছেন প্রথম দুই ওভারে। তিনে নামা মিঠুনও পাওয়ার প্লের শেষ বলে আউট হয়েছেন। তবু তিন উইকেটেই ১০ ওভারে যে ৮৯ রান করে ফেলল রংপুর, এর কৃতিত্ব রবি বোপারা ও শাহরিয়ার নাফীসের। ৬০ বলে ৭৮ রানের সহজ এক লক্ষ্য তখন রংপুরের।
কিন্তু তাসকিন আহমেদের টানা তিনটি বলেই সব শেষ হয়ে গেল। ত্রয়োদশ ওভারের শেষ তিন বলে ফিরলেন নাফীস, সামিউল্লাহ শেনওয়ারি ও বোপারা। শেষজন রান আউট হওয়ায় ‘হ্যাটট্রিক’ হয়নি তাসকিনের। কিন্তু প্রতিপক্ষকে ম্যাচ থেকে ঠিকই ছিটকে দিতে পেরেছেন। পেরেরা, মাশরাফি কিংবা মালিঙ্গার ছোট ইনিংসগুলো শুধু ব্যবধানই কমিয়েছে।