যত যত রেকর্ডে রাহুলের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরিতে রেকর্ডবুকে অনেক কিছুই নতুন করে লিখিয়েছেন রাহুল। ছবিঃ এএফপি
সেঞ্চুরিতে রেকর্ডবুকে অনেক কিছুই নতুন করে লিখিয়েছেন রাহুল। ছবিঃ এএফপি

কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর মধ্যেই ১৬২ রানের লিড নিয়ে নিয়েছে ভারত। দ্বিতীয় দিনটা অনেক দিন মনে রাখবেন লোকেশ রাহুল। ১৫৮ রানের ইনিংসে রেকর্ড বইয়ের অনেক পাতায় যে নিজের নাম লিখিয়েছেন রাহুল।

ক্যারিয়ারের প্রথম ছয় টেস্টে তিনটি সেঞ্চুরি রাহুলের, কোনো ফিফটি নেই। মোহাম্মদ আজহারউদ্দিনের পর প্রথম ভারতীয় হিসেবে ক্যারিয়ারের প্রথম তিন ফিফটিকেই সেঞ্চুরিতে পরিণত করেছেন। আজহারউদ্দিনের কীর্তিটা আরও বড়, ক্যারিয়ারের প্রথম তিন টেস্টেই সেই তিন সেঞ্চুরি পেয়েছিলেন। আর ক্যারিয়ারের প্রথম দুই সেঞ্চুরিই ফিফটিতে রূপান্তরিত করেছেন, এমন ভারতীয় ক্রিকেটার আছেন নয়জন।
তবে রাহুলের কীর্তিটা একদিক দিয়ে বড় হয়ে যাচ্ছে। তিনটি সেঞ্চুরিই যে দেশের বাইরে করেছেন! প্রথম তিনটি সেঞ্চুরিই দেশের বাইরে করেছেন, এমন কীর্তি আর মাত্র দুজন ভারতের ওপেনারের আছে। ভিনু মানকড় ক্যারিয়ারের প্রথম তিন সেঞ্চুরি করেছিলেন দেশের বাইরে। তবে সুনীল গাভাস্কার এখানে সবার ধরাছোঁয়ার বাইরে, ক্যারিয়ারের প্রথম আট সেঞ্চুরির একটিও দেশের মাটিতে নয়!
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম ইনিংসে রাহুলই ভারতের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজ অভিষেকে পলি উমরিগড় করেছিলেন ১৩০, সেটিও সেই ১৯৫২-৫৩ মৌসুমে। আর শুধু ওপেনার হিসেব করলে ওয়েস্ট ইন্ডিজ অভিষেকে সেঞ্চুরি ভারতের আর কারওরই নেই। ওপেনারদের মধ্যে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস অজয় জাদেজার, করেছিলেন ১৯৯৬-৯৭ মৌসুমে। ওয়েস্ট ইন্ডিজ অভিষেকে রাহুলসহ সেঞ্চুরি করেছেন ভারতের মোট পাঁচজন, ঠিক আগের টেস্টেই করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন।
আর সব দেশ মিলে ওয়েস্ট ইন্ডিজ অভিষেকে রাহুলের চেয়ে রান বেশি করেছিলেন দুজন। ১৯৭১-৭২ মৌসুমে নিউজিল্যান্ডের গ্লেন টার্নার এই কিংস্টনেই করেছিলেন অপরাজিত ২২৩। ১৯৯১-৯২ মৌসুমে দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হাডসন করেছিলেন ১৬২।
অথচ এই টেস্ট খেলার কথাই ছিল না রাহুলের; মুরালি বিজয় যদি ইনজুরিতে না পড়তেন!