যদি আরেকটু থাকতেন তামিম...

২৬৪ রানে বাংলাদেশের ইনিংস থেমে যাওয়ায় একটা আফসোস থাকছেই। ইশ্, তামিম ইকবাল যদি আরেকটু থাকতেন!
তা তামিম তাঁর কাজ করে দিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় মঞ্চের সেমিফাইনালে ৭০ রান। এটাও কম নয়। কিন্তু ব্যাটসম্যানের নাম তামিম বলেই তাঁর কাছে চাওয়া ছিল অনেক বেশি। এ কারণেই বাংলাদেশের ইনিংস শেষে অনেকেরই আক্ষেপ থেকে গেল, আহা, তামিম থাকলে বাংলাদেশের তিন শ রান হতো। তামিম আউট হয়ে যাওয়ায় ম্যাচের মোড় ঘুরে যেতে থাকে ভারতের দিকে।
ভারত শেষ পর্যন্ত ম্যাচে আর ফিরতে দেয়নি বাংলাদেশকে। তবে দুর্দান্ত ফর্মে থাকা তামিম ম্যাচের প্রথম পর্বে ঠিকই প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে উঠেছেন। জ্বলে উঠেছেন সাবধানী এক ইনিংস খেলে। বোলারের ওপর অহেতুক চড়াও হতে যাননি। বল খেলেছেন ৮২টি। যত সামনে এগোচ্ছেন, তামিম যেন বেশি করে পরিণতিবোধের পরিচয় দিচ্ছেন। তবে এই নিয়ে তিনবার ভারতের বিপক্ষে ৭০ রানে আউট হয়ে নিশ্চয়ই অতৃপ্ত ছিলেন কাল।
এই টুর্নামেন্টের আগে থেকেই রানে আছেন তামিম। ছন্দটা টুর্নামেন্টজুড়েই থাকল তাঁর ব্যাটে। নিউজিল্যান্ডের সঙ্গে শেষ গ্রুপ ম্যাচে হয়তো রান পাননি (০)। কিন্তু যেভাবে শুরু করেছিলেন টুর্নামেন্ট, কোনো প্রশংসাই যথেষ্ট নয় তাঁর জন্য। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ম্যাচে সদর্পে ছুটেছে তাঁর ব্যাট, করেছেন ১২৮ ও ৯৫ রান। কালকের ৭০ যোগ করে টুর্নামেন্টে ২৯৩ রান। বাংলাদেশের ইনিংস শেষে টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক ছিলেন তামিম। তবে পরে শিখর ধাওয়ান (৩১৭) ও রোহিত শর্মা (৩০৪) টপকে গেছেন তামিমকে।
তামিমের উইকেটটা এখন যেকোনো অধিনায়কের জন্যই কতটা প্রার্থিত, তা বোঝা যাচ্ছিল বিরাট কোহলির ছটফটানি দেখে। মনে হচ্ছিল, ভারত অধিনায়ক তাঁর সব কৌশল প্রয়োগ করেছেন তামিমের উইকেটটা পেতে। সেটা পেতে কেদার যাদবকে এনে একটা ফাটকা খেললেন। তাঁর বলে বোল্ড হয়ে তামিম যখন ফিরলেন, কোহলির বুনো উল্লাস দেখেই মনে হচ্ছিল উইকেটটা কত দামি! কোহলি জানতেন, তামিম মানেই বড় স্কোরের আশা বাংলাদেশের। বড় স্বপ্ন। কিন্তু তামিমের বিদায়ে স্বপ্ন ফিকে হতে হতে ম্যাচটি হেলে পড়ে ভারতের দিকে।
ম্যাচটা আর নিজেদের দিকে ফেরাতে পারেনি বাংলাদেশ। স্বপ্নের ফাইনাল খেলা হলো না। সেমিফাইনাল পর্যন্ত দলকে টেনেও ফাইনালে নিতে পারেননি। তবে ব্যক্তিগত কিছু অর্জনের জন্য গর্বিত হতে পারেন ফর্মে থাকা এই বাঁহাতি ওপেনার। আরেকটি তথ্যও তামিম-কীর্তি তুলে ধরছে এই টুর্নামেন্টে। রান সংগ্রহে দ্বিতীয় তামিম, ছক্কা হাঁকানোর দিক থেকে যৌথভাবে আরও দুজনের সঙ্গে শীর্ষে। ৭টি ছক্কা তাঁর। এউইন মরগান এবং রোহিত শর্মারও সাত ছক্কা।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ রান এখন মুশফিকুর রহিমের (৫৭৮)। তামিম আছেন দ্বিতীয় স্থানে (৫৭৪)। তবে ম্যাচ শেষে দলের হারই হয়তো বেশি পুড়িয়েছে তামিমকে। দারুণ খেলেও দলকে যে নিতে পারলেন না স্বপ্নের ফাইনালে!