যন্ত্রণা ভুলিয়ে ক্রিকেট উৎসব এনে দিয়েছে নেপালিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ গ্যালারিতে শুরুতে যেন ছিল নেপালিদেরই দাপট। ছবি: শামসুল হক
আজ গ্যালারিতে শুরুতে যেন ছিল নেপালিদেরই দাপট। ছবি: শামসুল হক

ক্লাসের লাস্ট বেঞ্চে বসে একটু একটু পর মুঠোফোন দেখছে অছুত। শিক্ষকেরও ক্লাস নেওয়ায় খুব একটা মনযোগ নেই, তিনিও একটু পর পর জানতে চাইছেন, ‘কী রে, কত হলো স্কোর?’ যে যেখানেই থাকুন, শুক্রবারের সকালে নেপালিদের অনেকেরই মন পড়ে রয়েছে নয় শ কিলোমিটার দূরের ঢাকাতে। ঘরের ছেলেরা যে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলছে!


ক্রিকেট বিশ্বে নেপাল এগিয়ে আসছে। এখনো পাড়ি দিতে হবে বহু পথ। কিন্তু ক্রিকেটের প্রতি দেশটির মানুষের ভালোবাসার প্রমাণ মেলে সব সময়। সামাজিক মাধ্যমে একটি ছবি বেশ ছড়িয়ে পড়েছিল। নেপালের এক ক্রিকেট ম্যাচ দেখতে ​মাঠে যেন লাখো মানুষের ভিড়। আরও একটি ছবি ক্রিকেট নিয়ে তাদের আবেগটা বুঝিয়েছিল। গত বছর ভয়াবহ ভূমিকম্পের পর ঘর হারিয়ে শরণার্থীশিবিরের তাঁবুতে আশ্রয় নেওয়া কিশোররা যন্ত্রণা ভুলেছে ক্রিকেট দিয়ে।

আজকের ম্যাচটিও যেন নেপালিদের জন্য বিগত সেই যন্ত্রণা ভোলার উপলক্ষ। আজ পুরো নেপালে উৎ​সব। এ ধরনের বৈশ্বিক প্রতিযোগিতায় তো কালেভদ্রে খেলার সুযোগ মেলে। টিভিতেও নেপালের খেলা দেখা যায় না সব সময়। হোক প্রতিযোগিতাটা অনূর্ধ্ব ১৯ পর্যায়ের, নেপালের কাছে সেটিই যেন আসল বিশ্বকাপ! সেটাই বোঝা যাচ্ছে ক্রিকইনফোতে এই ম্যাচের ধারাভাষ্যে প্রকাশিত নেপালিদের মন্তব্যগুলোতে। সেখান থেকেই উঠে আসছে আবেগময় টুকরো টুকরো অনেক ছবি।

সকাল থেকে নেপালিদের চোখ আটকে আছে টিভিতে। যারা জীবিকার তাগিদে বাইরে, তারাও নিয়মিত হালনাগাদ রাখছেন। গনেশ তিওয়ারির যেমন কয়েক দিন পরেই পরীক্ষা, কিন্তু আপাতত তার সব মনযোগ ক্রিকেটে। এ সময় খেলা দেখতে গেলে আগে মায়ের বকুনি খেতে হতো। মাও আজ বারণ করেননি। বরং কফির মগ হাতে বসে গেছেন ছেলের পাশে। অশ্বিনের সকালে বসের সঙ্গে একচোট ঝগড়াই হয়ে গেছে। পরে খেলা দেখতে দেখতে টের পেলেন, রাগটা কখন যেন পানি হয়ে গেছে! পুরো নেপালেই যেন ছড়িয়ে পড়েছে ক্রিকেট জ্বর।

নেপালিরা যে অনেকেই ক্রিকেটটা ভালোই বোঝেন, সেটার প্রমাণও পাওয়া গেল ক্রিকইনফোর মন্তব্য বিভাগে। রিশা নামের একজন যেমন মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশ দলের গড় ম্যাচ খেলার অভিজ্ঞতা যেখানে ৩৪.৫, নেপালিদের সেখানে মাত্র ৪টি। কশ্যপ নামের একজন আবার মন্তব্য করেছেন, স্পিনটাই নেপালের মূল শক্তি, ব্যাটিংয়ে বা বোলিংয়ে।। তারা স্পিনের বিপক্ষে যেমন স্বচ্ছন্দ, স্পিনটা করেও ভালো।

শুভকামনা আসছে ক্রিকেটবিশ্বের নানা প্রান্ত থেকে। ভারতের স্যান্ডি এর মধ্যেই নেপালের ব্যাটসম্যান রাজু রিজালকে ভবিষ্যৎ তারকা হিসেবে দেখে ফেলছেন। বাংলাদেশের অনেকেও নেপালকে শুভকামনা জানিয়েছেন। তবে এই ম্যাচটা নেপালের কাছে কতটা সেটা প্রকাশের মন্তব্য থেকেই বুঝে নেওয়া যায়, ‘গত কয়েক বছরে নেপালের জন্য খেলাধুলাই সবচেয়ে বড় অনুপ্রেরণা। দল যখন বৈশ্বিক মঞ্চে ভালো করে, আমরা নিজেদের সব সমস্যা ভুলে যাই। এই টুর্নামেন্ট আমাদের জন্য খুব ভালো কেটেছে। গত এপ্রিলের ওই ভয়াবহ ভূমিকম্পের পর আমরা এই আসরকে আনন্দের একটা উপলক্ষ হয়ে আসার জন্য অবশ্যই মনে রাখব।’