যা কিছু গৌরবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহাগ গাজী
সোহাগ গাজী

টেস্ট ক্রিকেটে বলার মতো তেমন দলীয় অর্জন না থাকলেও ব্যক্তিগত অনেক গৌরবগাথাই লিখেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গড়েছেন বেশ কটি বিশ্ব রেকর্ডও
 সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির রেকর্ড মোহাম্মদ আশরাফুলের। ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি পাওয়ার দিন আশরাফুলের বয়স ছিল ১৭ বছর ৬৩ দিন।
 সবচেয়ে কম বয়সে ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড এনামুল হক জুনিয়রের। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ১০ উইকেট নেওয়ার দিন এই বাঁহাতি স্পিনারের বয়স ছিল ১৮ বছর ৪১ দিন।
 ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির পাশাপাশি ম্যাচে ১০ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। প্রথম দুজন ইংল্যান্ডের ইয়ান বোথাম ও পাকিস্তানের ইমরান খান।
 টেস্ট ইতিহাসে এক ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিকের একমাত্র কীর্তি সোহাগ গাজীর। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এই কীর্তি গড়েন সোহাগ।
 ম্যাচের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় উদ্বোধনী জুটি বাংলাদেশের তামিম ইকবাল ও ইমরুল কায়েসের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ৩১২ রান করেন তাঁরা।
 ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে টেস্ট অভিষেকেই ইনিংসের আদ্যন্ত ব্যাটিংয়ের কীর্তি গড়েছিলেন জাভেদ ওমর (৮৫*)। টেস্ট ইতিহাসে এই কীর্তি আছে আর মাত্র দুজনের—অস্ট্রেলিয়ার জ্যাক ব্যারেট ও ইংল্যান্ডর পেলহাম ওয়ার্নারের।
 অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান ও জিম্বাবুয়ের ডেভিড হটনের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দেশের অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছেন আমিনুল ইসলাম। নাঈমুর রহমানের ১৩২ রানে ৬ উইকেট অভিষেক টেস্টের প্রথম ইনিংসে কোনো বোলারের সেরা বোলিং।
• ২০১৩ সালের নিউজিল্যান্ড সিরিজ থেকে শুরু করে ২০১৫ পাকিস্তান সিরিজ পর্যন্ত টানা ১১ টেস্টে কমপক্ষে একবার ফিফটি করেছেন মুমিনুল হক। মাত্র এক ম্যাচের জন্যই টানা ম্যাচে ফিফটির বিশ্ব রেকর্ড ছুঁতে পারেননি।
 টেস্ট অভিষেকে ১০ নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংস বাংলাদেশের আবুল হাসানের (১১৩), ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
 মাত্র পঞ্চম বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে তিনবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।