যা নিয়ে কোহলি বিব্রত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকারের সঙ্গে তুলনা পছন্দ নয় কোহলির। ছবি: এএফপি।
টেন্ডুলকারের সঙ্গে তুলনা পছন্দ নয় কোহলির। ছবি: এএফপি।

কী দুর্দান্ত ফর্মেই না আছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা আইপিএল—সব জায়গাতেই প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। প্রতিনিয়ত নির্ধারণ করছেন ব্যাটিংয়ের নতুন নতুন মানদণ্ড। অনেকেই তো এরই মধ্যে তাঁর তুলনা শুরু করে দিয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকারের সঙ্গে। কিন্তু কোহলির ঠিক এই জায়গাটিতেই আপত্তি। ক্যারিয়ারের দারুণ একটা সময়ে আছেন, দারুণ খেলছেন ঠিকই, কিন্তু টেন্ডুলকারের মতো ‘গ্রেটে’র সঙ্গে তাঁর যখন তুলনা হয় তাতে বিশ্ব ক্রিকেটের হালের সেনসেশন বেশ বিব্রতই বোধ করেন।

যাঁর খেলা দেখে ক্রিকেটার হয়েছেন। যাঁকে সারা জীবন আদর্শ মেনে চলেছেন, ক্যারিয়ারের শুরুতে যাঁকে ‘গুরু’ মেনেছেন, সেই টেন্ডুলকারের সঙ্গে যখন নিজের তুলনা হয়, সেটা তাঁর জন্য কোনো সুখকর বিষয় নয় বলেই জানিয়েছেন তিনি, ‘সত্যি কথা বলতে কি, আমি টেন্ডুলকারের সঙ্গে তুলনায় বিব্রতবোধ করি। টেন্ডুলকারের মতো একজন গ্রেট ক্রিকেটারের জন্য এই তুলনাটা মোটেও শোভন নয়। তুলনাটা তাঁর প্রাপ্যও নয়। কারও সঙ্গেই তাঁর তুলনা হয় না। তিনি সম্পূর্ণ অন্য মাপের একজন ব্যাটসম্যান।’

টেন্ডুলকারের ধারে কাছে পৌঁছাতেও যে অনেকটা পথ পাড়ি দিতে হবে, তাও মনে করিয়ে দিয়েছেন কোহলি, ‘২৪ বছর ধরে তিনি দেশের ক্রিকেটকে সেবা করেছেন। দেশকে অনেক কিছু দিয়েছেন। অথচ আমি বলতে গেলে মাত্র গত দুই বছর ধরে একটু ভালো খেলছি। আমি যেখানে মাত্রই আমার খেলাকে উন্নত করার চেষ্টা করছি, সেখানে টেন্ডুলকার তো ক্রিকেটের সম্ভব-অসম্ভব সব রেকর্ডই নিজের করে নিয়েছেন। এই প্রজন্মের যেকোনো ব্যাটসম্যানের তুলনাতেই তাঁর অবস্থানটা কমপক্ষে দুই স্তর ওপরে। আমি নিজেই তাঁকে দেখে উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করি।’

গত দুই মাসে নিজেকে যেন অন্য স্তরেই নিয়ে গেছেন কোহলি। কিন্তু এটাই কি তাঁর ক্যারিয়ারের সেরা সময়? কোহলির উত্তর, ‘জানি না আমি আমার ক্যারিয়ারের সেরা সময়ে আছি নাকি। আমি তো মনে করি, আমি আমার সেরা সময়ের পথে যাত্রা শুরু করলাম মাত্র। সবাই আমাকে এটা জিজ্ঞেস করে, কিন্তু আমার মনে হয় আমি কেবল ভালো খেলা শুরু করেছি। আমি আগের তুলনায় সাম্প্রতিককালে বলটাকে একটু ভালো ভাবেই পেটাতে পারছি—এটা বলতে পারি। তবে এটাই আমার ক্যারিয়ারের সেরা সময় নয়।’ সূত্র: ইন্ডিয়া টুডে।