যাত্রা হলো শুভ

‘ওয়ানডে’ খেলায় কত রান করলে যে জয়ের ব্যাপারে আশঙ্কামুক্ত বা নিরাপদ ভাবা যায়, তা যেন অনিশ্চিতের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে ক্রিকেট বিশ্বকাপের বেলায় গণনাটা করার কোনো উপায়ই থাকছে না। স্বাগতিক ইংল্যান্ড নাকি ৫০০ রানের টার্গেট দেওয়ার কথাও ভাবতে শুরু করেছে, পত্রিকায় পড়লাম।
রান নিয়ে এই কথাগুলো ভাবনায় এল গত পরশু বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার খেলা দেখে। বাংলাদেশের খেলোয়াড়েরা অসাধারণ খেলে ওভালে ৩৩০ রান করলে নিশ্চিন্ত হয়েছিলাম এই ভেবে যে দক্ষিণ আফ্রিকা যত শক্ত প্রতিপক্ষই হোক, অত রান তাড়া করা তাদের পক্ষে সম্ভব হবে না। এমনিতে তো ২০০-২৫০ রানও চেজ করতে রীতিমতো কপালকে, ভাগ্যকে সহায় করতে হয় কখনো-কখনো।
তো ৩৩০ রানের মতো বড়সড় রানকে টপকে যাওয়া অত সহজ নয় ভেবে বেশ নিশ্চিন্তি বোধ হচ্ছিল। মনে হচ্ছিল, ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা প্রথম খেলায় ইংল্যান্ডের কাছে হেরে ২ পয়েন্ট খোয়ানোর সঙ্গে আরও ২ পয়েন্ট যোগ হওয়াটা সময়ের ব্যাপারমাত্র। অবশ্য হলোও তা-ই। কিন্তু আমার মতো দর্শকদের কাঁপুনি ধরিয়ে ডি কক, মার্করাম, ডু প্লেসি, মিলার, ডুসেন, ডুমিনিদের মতো অভিজ্ঞ আর শক্তিধর খেলোয়াড়েরা যে রকম হিসাব কষে কষে খেলছিলেন এবং আমাদের বোলারদের বেকায়দায় ফেলছিলেন, তাতে একপর্যায়ে আমার টিভির সামনে থেকে কেটে পড়ার মতো ভাবনায়ও পেয়ে বসেছিল। বিশেষ করে ১৪৭ রানে ডু প্লেসি আউট হওয়ার পর ২০২ রান করার মধ্যবর্তী সময়টিতে মনে হচ্ছিল আমাদের ছেলেগুলো বোধ হয় দিশেহারা হয়ে পড়ছে। ক্যাচও মিস করছে। বোলিংয়েও ধার কমে আসছে-এ ঘটনা দেখে হতোদ্যম হয়ে খেলা দেখা বন্ধ করলাম একসময়। এরপরই মজার ঘটনাটি ঘটতে শুরু করল।
ঘর থেকে বেরিয়ে উঠানে হাঁটছি, শুনি নিঝুম-নিশ্চুপ পাড়াটায় একসঙ্গে হুংকারের মতো চিৎকার আর তালির শব্দ। বুঝতে অসুবিধে হলো না যে কেউ একজন আউট হয়েছে। ঘরে ঢুকে জানলাম যে ডেঞ্জারম্যানদের একজন, অর্থাৎ মিলারকে মোস্তাফিজের বলে মেহেদী মিরাজ মাঠছাড়া করেছেন। অতএব, সুসময় আসছে ভেবে আবার টিভির সামনে বসলাম এবং দলের বিজয়ী হওয়ার মুহূর্তটি পর্যন্ত আর আসনছাড়া হওয়া যায়নি। কারণ, দেখছিলাম যে দক্ষিণ আফ্রিকানরা ক্রমশ পিছিয়ে পড়ছে এবং ৩০৯ পর্যন্ত পৌঁছাতেই খেলা শেষ।
তবে প্রতিপক্ষ ফাইটটা দিয়েছে খুব জোরেশোরে। তা দেখে মনে হচ্ছে, আমাদের দলটিকে আরও বেশি রান করতে হবে। কারণ, সামনে আরও শক্তিশালী দলের সঙ্গে লড়াই রয়েছে।
এবার তো সাকিব, মুশফিক, সৌম্য, মাহমুদউল্লাহ, মিঠুন, মোসাদ্দেক ব্যাটিংয়ে অবস্থাটা পোক্ত করে দিলেন, পরেরগুলোতে বাকিরাও যুক্ত হলে সহজ হয়ে যাবে সবকিছু।
উইকেটের কারণে উভয় দলের বোলিংয়ে যে বোলাররা অস্বস্তিতে ছিলেন, তা বোঝা গেছে। প্রচুর রান দিতে হয়েছে। তবু ভাগ্য ভালো যে সময়মতো মোস্তাফিজ, সাইফউদ্দিন জ্বলে উঠে সামাল দিয়েছেন অনেকটাই। তবে দিনটি ছিল সাকিবের। ১টা উইকেট পেয়ে ২৫০ উইকেট ছোঁয়া, ক্রিজে ৮৪ বল টিকে থেকে দলকে মূল্যবান ৭৫ রান উপহার দেওয়ার মতো সাফল্য আর অলরাউন্ডার অবস্থানটিকে আরও সুদৃঢ় করেছেন। ম্যান অব দ্য ম্যাচ হওয়াটা অতএব যথাযথ হয়েছে। অপেক্ষায় থাকলাম পরের খেলায়।