প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটা তাঁর দেশ নয়। কিন্তু এখানে এলে নিজের দেশের মতোই আপন মনে হয়। কথাটা বাংলাদেশকে নিয়ে, বলেছেন দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেল। এই নিয়ে বেশ কয়েকবার আসা হলো বাংলাদেশে। ২০০৮ সালে টেস্ট সিরিজ খেলতে এসেছিলেন প্রথমবারের মতো। তারপর ২০১১ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আরও একবার। প্রতিবারই বাংলাদেশের আতিথেয়তা মুগ্ধ করেছে মরকেলকে। কাল সংবাদ সম্মেলনে বললেনও, ‘এখানকার মানুষগুলো সব রকম চেষ্টা করে, যাতে আমরা স্বচ্ছন্দে থাকতে পারি।’ শুধু একটা ব্যাপারই একটু অসহনীয় মরকেলদের কাছে—যানজট। হাসতে হাসতেই বললেন, ‘এটা না থাকলে কী যে ভালো হতো! যানজট একটুও ভালো লাগে না।’ মরকেল বোধ হয় জানেন না, এটা শুধু তাঁর কথা নয়, ঢাকার সবারই মনের কথা।