যুক্তরাজ্যের ভিসা পেতে বাধা নেই আমিরের

সেই নষ্ট অতীত মুছে ফেলে জাতীয় দলে দাপটের সঙ্গেই ফিরেছেন। কিন্তু আবারও প্রতিপক্ষ ইংল্যান্ড, আবারও সেই লর্ডস ফিরে আসছে বলে ২০১০’ও। যদিও মোহাম্মদ আমির যুক্তরাজ্যের ভিসা পাবেন কি না, এ নিয়েই দেখা দিয়েছিল সংশয়। অবশেষে জানা গেল, আমির ভিসা পাচ্ছেন। দলের হয়ে আবারও ইংল্যান্ড সফরে যাচ্ছেন। যে সফর গিয়ে ৬ বছর আগে জড়িয়ে পড়েছিলেন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলেছে, ‘পিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যুক্তরাজ্য সরকার আমিরের ভিসা অনুমোদন করেছে।’
চার ম্যাচ টেস্ট সিরিজের দলে আমিরকে রাখা হলেও শেষ পর্যন্ত তিনি দলে থাকতে পারবেন কি না, এ নিয়ে সংশয় দেখা দেয়। কারণ যুক্তরাজ্যের আইনে মামলায় সাজাপ্রাপ্তদের আবারও দেশটিতে ঢুকতে দেওয়ার ব্যাপারে কড়াকড়ি আছে। এখন এই সংশয় আর থাকল না। ১৪ জুলাই লর্ডসে শুরু হবে এই সিরিজ। এই মাঠেই ২০১০ সালে তখনকার দলের অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে যোগসাজশ করে ইচ্ছাকৃত নো বল করেছিল আমির। তখন বয়স ছিল মাত্র ১৯, তাঁর দুর্দান্ত বোলিংয়ে সবাই ছিল প্রশংসায় পঞ্চমুখ।
গত বছরের শেষ দিকে নিষেধাজ্ঞার মেয়াদ কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরেন আমির। সেখান থেকে বাংলাদেশের বিপিএলে নজর কাড়েন। এরপর ফেরেন জাতীয় দলেও।
১৮ জুন ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে পাকিস্তান দল। দুটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার আগে হ্যাম্পশায়ারে একটি ক্যাম্প করার কথা আছে তাদের ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। সূত্র: পিটিআই।