যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বাজারটাই বড় আকর্ষণ। যে আকর্ষণে অতীতে মোহবিষ্ট হয়েছে ফুটবল, রাগবির মতো বিশ্বের জনপ্রিয়তম খেলাগুলো। ক্রিকেটও মনে করছে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে খেলাটাকে ছড়িয়ে দিতে পারলে এর বিশ্বায়নের পথে অনেকখানি পথই এগিয়ে যাওয়া যায়।
যুক্তরাষ্ট্রে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার সবচেয়ে কার্যকর অনুষঙ্গই এখন আইসিসির কাছে আছে—টি-টোয়েন্টি। হ্যাঁ, ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট দিয়েই মার্কিন মুলুকে এগিয়ে যেতে চায় বিশ্ব সংস্থা-আইসিসি। আগামী এক দশকের মধ্যে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর যুক্তরাষ্ট্রের মাটিতে করার পরিকল্পনা করছে তারা।
আইসিসির গ্লোবাল ডেভেলপমেন্ট প্রধান টিম অ্যান্ডারসনই জানিয়েছেন বিষয়টা। অস্ট্রেলিয়ার ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমরা খেলাটাকে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছি। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী এক দশকের মধ্যেই যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি আসর অনুষ্ঠিত হবে।’
অ্যান্ডারসন এ ক্ষেত্রে ফুটবল-রাগবির মতো খেলাগুলোকে অনুসরণের কথাই বলেছেন, ‘আমার মনে হয় এটা দারুণ একটা ভাবনা। অতীতে ফুটবলও এই পথে হেঁটেছে, হেঁটেছে রাগবিও। তারাও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আয়োজন যুক্তরাষ্ট্রে করে ভালো ফল পেয়েছে। ক্রিকেটও তেমনটাই করতে চাচ্ছে। যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন মার্কিন মুলুকে ক্রিকেট উন্নয়নের লক্ষ্যে গৃহীত মধ্য মেয়াদি পরিকল্পনারই অংশ।’
শেন ওয়ার্ন ও শচীন টেন্ডুলকার সম্প্রতি যুক্তরাষ্ট্রের তিনটি শহরে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করে দারুণ ফল পেয়েছেন। ওয়ার্ন-টেন্ডুলকারদের আয়োজনটির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ক্রিকেটের প্রবেশের প্রাথমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে অনেকের ধারণা। বেসবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই তিনটি ম্যাচেই ছিল বিপুল দর্শকের উপস্থিতি। ব্রায়ান লারা, কোর্টনি ওয়ালশ, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, কার্টলি অ্যামব্রোস, জ্যাক ক্যালিস, ওয়াসিম আকরাম. মুত্তিয়া মুরালিধরন ও শোয়েব আকতারদের মতো সাবেক ক্রিকেটারদের খেলা দারুণভাবে আকৃষ্ট করেছে নিউইয়র্ক, হিউস্টন ও লস অ্যাঞ্জেলসের মতো শহরের অধিবাসীদের। যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক উপমহাদেশীয় নাগরিকের উপস্থিতিও এই খেলাটিকে ভালোভাবেই প্রতিষ্ঠিত করতে পারে।
অ্যান্ডারসন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ক্রিকেট জনপ্রিয় করতে খুব শিগগিরই সেখানে একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হবে। আগামী এক বছরের মধ্যেই কোনো না কোনো টেস্ট খেলুড়ে দেশকে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে দেখা যাবে। সূত্র: ​ডেইলি টেলিগ্রাফ।