যুক্তি আছে লয়েডেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাইভ লয়েড
ক্লাইভ লয়েড

ক্যারিবিয়ানজুড়ে সমালোচনার ঝড় যতই চলুক, ক্রিকেট-দুনিয়ায় জোগাক বিস্ময় আর হাসির খোরাক—ক্লাইভ লয়েড আছেন নিজের জায়গাতেই। ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ডকে দলে না রাখার নানা যুক্তি দিয়েই যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক। এই দুজনের পারফরম্যান্সে ঘাটতি আর দলের ভবিষ্যৎ ভাবনাতেই নাকি জায়গা হয়নি তাঁদের!
ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা করা হয়েছিল বিবৃতি পাঠিয়ে, সংবাদ সম্মেলন করে নয়। ওই বিবৃতিতেই জুড়ে দেওয়া ছিল লয়েডের কথা। এর বাইরে তাঁর বক্তব্য আর পাওয়া যাচ্ছিল না। অবশেষে ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে লয়েড কথা বলেছেন দল নিয়ে। ব্রাভো-পোলার্ডকে বাদ দেওয়া নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘সিদ্ধান্তটি খুব কঠিন ছিল। এটুকু বলি যে টানা দুই দিন আলোচনা হয়েছে এটা নিয়ে। অনেক অনেক আলোচনা হয়েছে। কিন্তু একটা পর্যায় আসে যখন ভাবতে হয়, ঠিক আছে, আমরা এই জায়গাটায় নিজেদের নিয়ে যেতে চাই। লোকদের এটা বোঝা বা মেনে নেওয়া কঠিন। কিন্তু আমরা চেয়েছি নতুন একজন অধিনায়ককে নিয়ে সামনে তাকাতে।’
২০১১ বিশ্বকাপের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে রানের তালিকায় ব্রাভো ও পোলার্ড আছেন চার ও পাঁচে। তার পরও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন কেন? লয়েডের উত্তর বিস্ময় জাগাতে পারে নতুন করে, ‘আমার মনে হয় না ওদের পারফরম্যান্স ব্যতিক্রমী কিছু ছিল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুজনের কারও ব্যতিক্রমী পারফরম্যান্স নেই। ওদের পারফরম্যান্স ছিল গড়পড়তা। আমরা সত্যিকার অর্থেই এমন ক্রিকেটারদের বেছে নিতে চাই যারা ওয়েস্ট ইন্ডিজের জন্য ভালো কিছু করেছে, অন্য কারও জন্য নয়।’
প্রধান নির্বাচকের এই কথাতেই হয়তো লুকিয়ে আছে বাস্তবতা। ক্রিকেট-বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর হয়ে ব্রাভা-পোলার্ডের যে পারফরম্যান্স, দেশের হয়ে ততটা উজ্জ্বল নয় সত্যিই। তবে সেটি ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা না পাওয়ার মতো খারাপও নয়!
ব্রাভো-পোলার্ডের বাদ পড়ায় ক্রিস গেইলের বিস্ফোরণ নিয়ে অবশ্য খুব কঠিন কিছু বলেননি লয়েড, ‘ওর এমন মনে হতে পারে। তবে এ মুহূর্তে বাস্তবতা হলো, সে নির্বাচক নয়। একজন ক্রিকেটার। ওর প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে। তবে ওকে বুঝতে হবে আমরা কী করার চেষ্টা করছি। যে দলটিকে নিয়ে আমরা সামনে এগোতে চাই, ক্রিসও সেটির অংশ। ওকে বলা হলেই বুঝতে পারবে আমরা কী করার চেষ্টা করছি।’ ক্রিকইনফো।