যুব দলকে জেতালেন সাইফ-সঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ যুবদল। তৃতীয় ম্যাচে ক্যারিবীয় যুবারা বাংলাদেশকে পরীক্ষায় ফেললেও সেই তাতে উতরে গিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকেরা। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে ১৬ রানে জিতেছে অনূর্ধ্ব-১৯।
প্রথমে ব্যাট করে সাইফ হাসানের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৩৫। রান তাড়া করতে এসে শেষ পর্যন্ত ব্যর্থ হলেও ভালোই লড়া​ই করেছে ওয়েস্ট ইন্ডিজ। তেভিন ইমলাচ ও গিডরন পোপের ৮২ রানের উদ্বোধনী জুটিতে ক্যারিবীয় ব্যাটসম্যানরা এগোচ্ছিল দারুণ গতিতেই। গিডরনের ৫৭ আর ইমলাচের ৩৮ রানের পাশাপাশি কেসি কার্টি করেন ৪২। জিড গুলি ও রায়ান জনের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৩ ও ২৬ রান।
ক্যারিবীয় ব্যাটসম্যানদের দুর্বলতা ফুটে ওঠে স্পিনারদের সামনেই। অফ স্পিনার সঞ্জিত সাহা আজও দারুণ বল করেছেন। ২১ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিবীয়দের জয়ের আশা ফিকে করে দেন মূলত তিনিই। সঞ্জিতের পাশাপাশি সাঈদ সরকার, আবদুল হালিম ও আরিফুল ইসলাম নিয়েছেন ১টি করে উইকেট।
এর আগে, সকালে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। এক পর্যায়ে ৮৮ রান তুলতেই হারিয়ে ফেলেছিল ৪ উই​কেট। এরপর স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ব্যাট করেছেন শফিউল হায়াত ও সাইফ হাসান। পঞ্চম উইকেট জুটিতে তারা করেছেন ৮৭ রান। শফিউল ৬৯ বলে ৮টি চারে ৬১ রান করে রানআউট হয়ে গেলেও ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন সাইফ। ২২৪ মিনিট ব্যাট করে ১৪৭ বলে করেছেন ১০৭ রান। ১১ চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলির ব্যাট থেকে আসে ২৪ রান।
ওয়েস্ট ইন্ডিজ যুব দলের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ওডিয়েন স্মিথ. কিরস্টান কালিচরণ ও গিডরোন পোপ।