যুব দলের দক্ষিণ আফ্রিকা যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত ওয়ানডের সিরিজ খেলার জন্য আজই দক্ষিণ আফ্রিকা রওনা হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাল মিরপুরে অফিশিয়াল ফটোসেশনের ফাঁকে সেলফিও তুললেন যুব ক্রিকেটাররা l ছবি: বিসিবি
সাত ওয়ানডের সিরিজ খেলার জন্য আজই দক্ষিণ আফ্রিকা রওনা হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাল মিরপুরে অফিশিয়াল ফটোসেশনের ফাঁকে সেলফিও তুললেন যুব ক্রিকেটাররা l ছবি: বিসিবি

দক্ষিণ আফ্রিকার ‘বড়রা’ যখন আসছে বাংলাদেশে, ঠিক তখনই বাংলাদেশের ‘ছোটরা’ যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজই ঢাকা ছেড়ে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আর ২টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলতে আগামী পরশু ঢাকায় পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
অনূর্ধ্ব-১৯ দলের এটি ফিরতি সফর। গত এপ্রিলেই দক্ষিণ আফ্রিকার যুব দল বাংলাদেশে সিরিজ খেলে গেছে। ৬-১ ব্যবধানে সেই সিরিজ জেতা বাংলাদেশের যুবারা প্রতিপক্ষের মাটিতে কী করে সেটাই এখন দেখার। আগামী বছর ২২ জানুয়ারি বাংলাদেশে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা সফরটিকে সেই টুর্নামেন্টেরই প্রস্তুতি হিসেবে নিচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ‘আমাদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য এটি সহায়ক হবে। জুনের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য আমরা কঠোর অনুশীলন করেছি।’ প্রতিপক্ষ দেশের কন্ডিশন বাংলাদেশের যুবাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। তবে সে চ্যালেঞ্জে উতরানোরও প্রস্তুতি দল নিয়েছে বলে জানালেন মেহেদী হাসান, ‘আমরা বিকেএসপির বাউন্সি পিচে অনুশীলন করেছি। দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচে খেলতে যাতে অসুবিধা না হয় সে জন্য পিচে পাথরের খণ্ড রেখেও প্রস্তুতি নিয়েছি।’
৭ ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচ ৫ জুলাই, ডারবানে। শেষ দুটি ওয়ানডেও হবে এখানে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে পিটারমারিজবার্গে। সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২ জুলাই ডারবানের সেই প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ কাওয়াজুলু নাটাল অনূর্ধ্ব-১৯।
১৯ জুলাই শেষ ওয়ানডে খেলে ২১ জুলাই দেশে ফিরবেন যুব ক্রিকেটাররা। ক্রিকইনফো।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জয়রাজ শেখ, সাইফ হাসান, পিনাক ঘোষ, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফুদ্দিন, শাহনুর রহমান, আবদুল হালিম, মেহেদী হাসান রানা, রিফাত প্রধান, সঞ্জিত সাহা, সালেহ আহমেদ শাওন, প্রসেনজিৎ দাস ও মোসাদ্দেক হোসেন।

দক্ষিণ আফ্রিকা সফর সূচি

২ জুলাইপ্রস্তুতি ম্যাচ  ডারবান
৫ জুলাই ১ম ওয়ানডে ডারবান
৭ জুলাই ২য় ওয়ানডে ডারবান
১০ জুলাই ৩য় ওয়ানডেপিটারমারিজবার্গ
১২ জুলাই৪র্থ ওয়ানডে  পিটারমারিজবার্গ
১৪ জুলাই ৫ম ওয়ানডে পিটারমারিজবার্গ
১৭ জুলাই ৬ষ্ঠ ওয়ানডে ডারবান
১৯ জুলাই৭ম ওয়ানডে  ডারবান