যুব বিশ্বকাপেও আসছে না অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির কারণে গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফর স্থগিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আরও একবার বাংলাদেশে দল না পাঠানোর সিদ্ধান্ত নিল তারা। একই কারণ দেখিয়ে বাংলাদেশে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
সপ্তাহ খানেক আগে আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছিলেন। গত অক্টোবরে অস্ট্রেলীয় ক্রিকেট দলের স্থগিত হয়ে যাওয়া সফরের আগেও তাঁর নেতৃত্বেই বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল।
তবে ক্যারলের প্রতিবেদনের পাশাপাশি সবকিছু বিচার-বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড, ‘আমরা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে আইসিসির নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বেশ কিছুদিন ধরে কাজ করছি। দলের কর্মকর্তা, খেলোয়াড় ও তাদের অভিভাবকদেরও এসব ব্যাপারে সর্বশেষ তথ্য জানিয়ে এসেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাদের সরকারের উপদেশ অনুযায়ী, বাংলাদেশে অস্ট্রেলীয় নাগরিকদের ওপর নিরাপত্তার হুমকি গত বছর সফর স্থগিত করার সময় যেমন ছিল, এখনো তেমনই আছে।’
অনন্যোপায় হয়েই সিদ্ধান্তটি নিয়েছেন বলে দাবি সাদারল্যান্ডের, ‘বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, বাংলাদেশের মাটিতে অস্ট্রেলীয়দের নিরাপত্তা যথেষ্ট হুমকির মুখে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় কূটনীতিকদের তাদের পরিবার-পরিজনকে দেশে ফেরত পাঠানোর পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তর। সব মিলিয়ে আমাদের হাতে যেসব তথ্য বা পরামর্শ আছে, তাতে এই কঠিন সিদ্ধান্তটি নেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।’
গত বছর অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ স্থগিত করার কিছুদিন পরেই অবশ্য ঢাকায় বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলে গেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। সেটি অবশ্য ছিল ঝটিকা সফর। খেলার আগের দিন রাতে ঢাকায় এসে খেলা শেষে মাঠ থেকেই সরাসরি বিমানবন্দরে চলে গিয়েছিল সকারুরা। এরপর অবশ্য সীমিত ওভারের সিরিজ খেলে গেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন অর্ধশতাধিক বিদেশি ক্রিকেটার। ছিলেন বিদেশি কর্মকর্তা ও কোচও। সমস্যা হয়নি কারও ক্ষেত্রেই। কিন্তু এসব উদাহরণ সন্তুষ্ট করতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়াকে। তবে এভাবে এ রকম একটি বৈশ্বিক টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে বলে ক্ষমাও চেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী, ‘আমরা হালকাভাবে এই সিদ্ধান্তটা নিইনি। এত দেরিতে এই সিদ্ধান্ত নেওয়ায় যদি কোনো সমস্যা তৈরি হয়, সে জন্য টুর্নামেন্টের আয়োজক, বিশেষ করে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চাইছি আমরা।’
এখন পর্যন্ত অবশ্য অন্য কোনো দল অস্ট্রেলিয়াকে অনুসরণ করেনি। তবে শোনা যাচ্ছে, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা আছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডেরও। এসব ব্যাপারে সিদ্ধান্তের ভার আইসিসির ওপরই ছেড়ে দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ‘এটা আইসিসির টুর্নামেন্ট। অংশগ্রহণকারী দলের কোনো সমস্যা থাকলে, তারা সরাসরি আইসিসির সঙ্গেই যোগাযোগ করবে। তবে অস্ট্রেলিয়ার সরে যাওয়ার সিদ্ধান্ত খুবই হতাশাজনক। এ টুর্নামেন্টের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আমরা আমাদের দিক থেকে যতটুকু করার করেছি।’
হতাশ হলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে ‘শ্রদ্ধা’ দেখাচ্ছে আইসিসি। এই টুর্নামেন্টের পুরো নিরাপত্তার দায়িত্ব আইসিসি নিচ্ছে বলে নিশ্চিত করে সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেছেন, ‘আইসিসি তার ইভেন্টগুলোতে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বের সঙ্গে নেয়। বাংলাদেশ সরকার পূর্ণ নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের নিজস্ব ও নিরপেক্ষ নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শও আমরা নিয়েছি। অটুট নিরাপত্তা পরিকল্পনাও নেওয়া হয়েছে। এসব বিবেচনা করেই আমরা মনে করি, নির্দিষ্ট সময়ে এই টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাওয়াই সঠিক সিদ্ধান্ত।’
২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ১০টি টেস্ট খেলুড়ে দেশসহ ১৬টি দল অংশ নেবে। ‘ডি’ গ্রুপে ভারত, নিউজিল্যান্ড ও নেপালের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া। তবে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া নাম প্রত্যাহার করে নেওয়ায় কপাল খুলে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইপর্বে রানার্সআপ হওয়া আয়ারল্যান্ডের। এরই মধ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে আয়ারল্যান্ডকে আমন্ত্রণও জানিয়েছে আইসিসি।