যুব বিশ্বকাপেও এখন ভারত পাত্তা দেয় না পাকিস্তানকে

পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত।
ওয়ানডে বিশ্বকাপ কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ—পুরুষ ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই মানেই যেন পাকিস্তানের হার। বৈশ্বিক টুর্নামেন্টে ১২ বার মুখোমুখি হয়ে ১১ বারই সরাসরি হেরেছে পাকিস্তান। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের যে ম্যাচটি টাই হয়েছিল সেটিতেও ‘বোল আউটে’ জিতেছিল ভারতীয়রা।
ব্যতিক্রম ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৯৮৮ থেকে ২০১০ সাল পর্যন্ত যুবাদের বিশ্বকাপে ভারত-পাকিস্তানের প্রথম ছয় দেখার পাঁচটিতেই জিতেছিল পাকিস্তান। ওই পরিসংখ্যান এখন অবশ্য পাকিস্তানের জন্য শুধুই সুখের স্মৃতি। আজ পচেফস্ট্রুমে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। তাতে যুব বিশ্বকাপে ভারত-পাকিস্তান পরিসংখ্যানে সমতাও আসল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে টানা চার ম্যাচে হারিয়ে ৫-৫ সমতা এনেছে ভারত।
টস জিতে ব্যাটিং নিয়ে ৪৩.১ ওভারে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। ১৭৩ রানের লক্ষ্যটা ৩৫.২ ওভারেই কোনো উইকেট না হারিয়ে পেরিয়ে যায় ভারতীয় যুবারা। যশস্বী জয়সোয়াল অপরাজিত ছিলেন ১০৫ রানে। ১১৩ বলের ইনিংসে ৮টি চার ও ৪টি ছক্কা মেরেছেন জয়সোয়াল। যার শেষটি মেরেই ম্যাচের ইতি টানেন এই বাঁহাতি। আরেক ওপেনার দিব্যংশ সাক্সেনা অপরাজিত ছিলেন ৫৯ রানে।
এর আগে পাকিস্তানি ইনিংসে ফিফটি করেন ওপেনার হায়দার আলী (৫২) ও অধিনায়ক রোহাইল নাজির (৬২)। দুজনের তৃতীয় উইকেটে আসে ৬২ রান। পাকিস্তানিরা শেষ ৬ উইকেট খুইয়েছে ২৬ রানে।
আগামী রোববার ফাইনালে বাংলাদেশ কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে চারবারের চ্যাম্পিয়ন ভারত। দ্বিতীয় সেমিফাইনালে আগামী পরশু মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড।