যুবদলে স্বস্তি আর অস্বস্তি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ যুবদল। আর শেষ চারে ওঠা মানেই তো শিরোপায় চোখ রাখার সাহস সঞ্চার হওয়া। মেহেদী হাসান মিরাজরা নিশ্চয়ই সেই সাহসটা এখন পাচ্ছেন। তবে দলের মধ্যে যে একই সঙ্গে বইছে স্বস্তি ও অস্বস্তির স্রোত।
সবচেয়ে বড় স্বস্তি ফিল্ডিং নিয়ে। এখন পর্যন্ত বিশ্বকাপে দুর্দান্ত ফিল্ডিং করছেন বাংলাদেশের যুবারা। প্রোটিয়া যুবাদের বিপক্ষে মেহেদীর ক্যাচটা হয়তো আপনার মনে আছে। এক্সট্রা কাভারে বাতাসে ভেসে দুর্দান্ত ক্ষিপ্রতায় যেভাবে প্রোটিয়াদের সর্বোচ্চ রান সংগ্রাহক লিয়াম স্মিথের ক্যাচটা লুফে নিলেন মেহেদী, সেটি এককথায় ছিল অসাধারণ! এ রকম আক্রমণাত্মক ফিল্ডিংয়ে প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে চাপে ফেলে দিচ্ছেন মেহেদী-নাজমুলরা। বাংলাদেশের যুবাদের দুর্দান্ত ফিল্ডিংয়ের আরেকটি দৃষ্টান্ত কোয়ার্টার ফাইনালে নেপালের চার ব্যাটসম্যানকে রান আউট করা।
কাল সকালে দলের ফিটনেস ট্রেনিং শেষে টিম বাসে ওঠার আগে কোচ মিজানুর রহমান বললেন ফিল্ডিংয়ের এই সাফল্য নিয়ে। যুবদলের কোচ বললেন, ‘দীর্ঘদিন ধরে ফিল্ডিং নিয়ে কাজ করছি আমরা। আমাদের প্রতিটি প্র্যাকটিস সেশনে ফিল্ডিংকে আলাদা গুরুত্ব দেওয়া হয়। সেটার ফল পাচ্ছি। তবে এই উন্নতির পেছনে বড় অবদান সোহেলের (ফিল্ডিং কোচ)। সে ছেলেদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।’
প্রধান কোচ যখন এই কথা বলছেন, পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সোহেল ইসলাম। ফিল্ডিং কোচ অবশ্য কৃতিত্ব দেন খেলোয়াড়দেরই, ‘খেলোয়াড়দের মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। ফিল্ডিংয়ে তারা এখন অনেক আক্রমণাত্মক। তাদের আত্মবিশ্বাসও বেড়েছে।’
ফিল্ডিং নিয়ে যেমন স্বস্তি আছে, অস্বস্তির কাঁটা আছে এখনো। দল প্রত্যাশা অনুযায়ী জ্বলে উঠতে পারছে না ব্যাটিং কিংবা বোলিংয়েও। টুর্নামেন্টে এখন পর্যন্ত বলার মতো জুটি গড়তে পারেননি দুই ওপেনার সাইফ হাসান ও পিনাক ঘোষ। সর্বশেষ নেপালের বিপক্ষেও ব্যর্থ ওপেনিং জুটি। ওপেনাররা ব্যর্থ হলেও মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায় গ্রুপপর্ব, এমনকি নকআউট পর্বের প্রথম ম্যাচে বাঁচিয়েছে বাংলাদেশকে। নেপালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের পর আবার তৈরি হয়েছে নতুন উদ্বেগ—স্পিনারদের ব্যর্থতা।
অধিনায়ক মেহেদী আগেই জানিয়েছেন, দলের মূল শক্তি স্পিন। চট্টগ্রাম-কক্সবাজারের মন্থর উইকেটে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে স্পিনাররা ভালো করলেও মিরপুরে এসে তাঁরা ব্যর্থ। নেপালের বিপক্ষে চারজন স্পিনার ১৩০ রান দিয়ে পেয়েছেন মাত্র ২ উইকেট। সেমিফাইনালে বাংলাদেশ যদি পাকিস্তানের সামনে পড়ে, আরও বড় পরীক্ষাই দিতে হবে স্পিনারদের। ‘পাকিস্তান-বাধা’ উতরে যেতে পারলে ফাইনালে প্রতিপক্ষ হবে ভারত বা শ্রীলঙ্কা। ঐতিহ্যগতভাবে উপমহাদেশের এই দুটি দলও স্পিনে শক্তিশালী। নেপালের বিপক্ষেই যদি স্পিনাররা সাদামাটা থাকেন, তাহলে পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা ভারতের বিপক্ষে কী হবে, প্রশ্নটা এসেই যায়।
অবশ্য নেপালের বিপক্ষে স্পিনারদের ব্যর্থতাকে বড় করে দেখছেন না কোচ মিজান। স্নায়ুচাপের কারণেই দিনটা অমন গেছে বলে মনে করেন তিনি, ‘কোয়ার্টার ফাইনালে স্পিনাররা হয়তো একটু স্নায়ুচাপে ভুগেছে। বোলিংয়ে মিরাজের (মেহেদী) একটু খারাপ দিন গেছে। আর ক্রিকেটে একটা দিন এমন যেতেই পারে।’
সেমিফাইনালের মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচে স্পিনারদের ‘খারাপ দিন’ বড় মাশুলই গুনতে হতে পারে বাংলাদেশকে। সেটা নিশ্চয়ই চাইবেন না মেহেদী-সালেহরা।