যুবরাজ এখন বিজেপির!

২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। বিশেষজ্ঞদের ভুল প্রমাণ করে ভারত সেবার জিতে নিয়েছিল ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্ব শিরোপা। সেই সাফল্যে যুবরাজের ভূমিকা ছিল অনন্য। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে তিনি গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলেও। যুবরাজের এই ‘জয়ী’ ইমেজ এখন ব্যবহৃত হতে যাচ্ছে রাজনীতির মাঠেও। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি তাঁকে নিয়ে আসছে রাজনীতিতে। যুবরাজেরও তাতে আছে সম্মতি। সবকিছু ঠিক থাকলে হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীদের হয়ে প্রচারণার জন্য মাঠে নামছেন ভারতের অন্যতম সেলিব্রেটি এই ক্রিকেটার।
নিজ আবাসস্থল হরিয়ানায় যুবরাজের রয়েছে অসাধারণ জনপ্রিয়তা। ২০১১ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠা যুবরাজ অবশ্য এই মুহূর্তে ব্রাত্য ভারতীয় দলে। ভারতীয় দল থেকে বাদ পড়ার ব্যাপারটি তাঁর জনপ্রিয়তাকে এতটুকু ক্ষুণ্ন হতে দেয়নি। হরিয়ানার মানুষ এখনো যুবরাজ বলতে পাগল। ক্ষমতাসীন বিজেপি যুবরাজের এই জনপ্রিয়তাকেই পুঁজি করতে চাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে।
গতকাল শুক্রবার বিজেপি প্রধান অমিত শাহের সঙ্গে বৈঠক করেন যুবরাজ। এই বৈঠকে হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের পক্ষে যুবরাজের প্রচারণার বিষয়টি চূড়ান্ত হয়। অমিত শাহ মনে করেন, গত লোকসভা নির্বাচনে দলের দারুণ বিজয়ের পর যুবরাজের ইমেজকে কাজে লাগিয়ে বিধানসভাতেও বিজেপি বাজিমাত করবে।
যুবরাজ এ পর্যন্ত ভারতের হয়ে ২৯৩টি এক দিনের ম্যাচ খেলেছেন। ২০১৩ সালের ডিসেম্বরে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন তাঁর সর্বশেষ ওয়ানডে ম্যাচটি। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে তাঁর ব্যাটি থেকে এসেছিল ৩৬২ রান। হাত ঘুরিয়ে উইকেট তুলে নিয়েছিলেন ১৫টি। গত এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ২১ বলে ১১ রান সমালোচনার ঝড় তুলেছিল চারদিকে। ফাইনালে ভারতের পরাজয়ের পুরো দায়ভারই চাপিয়ে দেওয়া হয় তাঁর ওপর। এর পর থেকে তিনি ভারতীয় দলের বাইরেই আছেন।
ক্রিকেটার হিসেবে দারুণ সফল যুবরাজ রাজনীতির মাঠে কী করেন, এখন দেখার বিষয় এটিই। সূত্র: এনডিটিভি অনলাইন।