যুবরাজ-কাইফকে আবার জুটি গড়ার তাগিদ মোদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন যুবরাজ-কাইফ জুটি। ফাইল ছবি এএফপি
ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন যুবরাজ-কাইফ জুটি। ফাইল ছবি এএফপি

দুজনেই হয় মিডল অর্ডার, নয়তো লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতেন। তাই যুবরাজ সিং আর মোহাম্মদ কাইফের অনেকবারই জুটি গড়তে হয়েছে। দুজনে এক সঙ্গে অনেক ম্যাচও জিতিয়েছেন ভারতকে। এ দুজনকে আবার জুটি গড়তে আহবান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার অবশ্য ২২ গজে নয়, যুবরাজ-কাইফকে তিনি জুটি গড়তে বলেছেন করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে ভারতকে জয় এনে দিতে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল ভারতের মানুষকে ‘জনতা কারফিউ’তে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন মোদি। এর অর্থ হলো মানুষ যেন নিজেদের উদ্যোগে যাঁর যাঁর বাড়িতে অবস্থান করেন। বিশেষ কোনো কাজ ছাড়া বের না হন। যুবরাজ-কাইফকে উৎসাহ দিয়ে একটি টুইট করেছেন মোদি, ‘আরেকটা জুটি গড়ার সময় চলে এসেছে। দুজন অসাধারণ ক্রিকেটার, যাঁদের সারা জীবন অসাধারণ কিছু জুটির জন্য মানুষ মনে রাখবে। এবার পুরো ভারত জুটি বেঁধে করোনার বিরুদ্ধে লড়াই করবে।’

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দুই শর বেশি।