সময় কত কিছুই না বদলে দেয়! গত বিশ্বকাপে একজন ছিলেন টুর্নামেন্ট সেরা, আরেকজন ফাইনালের অন্যতম নায়ক। অথচ পরের বিশ্বকাপেই দলে নেই দুজনের কেউই! যুবরাজ সিং আর গৌতম গম্ভীর হতাশ হতেই পারেন। তবে বাস্তবতা মেনে নিয়েছেন যুবরাজ, ‘বিশ্বকাপে সুযোগ না পাওয়াটা অবশ্যই হতাশার। তবে এই সিদ্ধান্তে আপনার কিছু করার নেই।’ পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির দিকেই এখন পূর্ণ মনোযোগ দিতে চান এই বাঁহাতি।
বিশ্বকাপ দলে জায়গা হয়নি গম্ভীরেরও। তবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গর্ব তাতে কমে যায়নি তাঁর, ‘বিশ্বকাপের অংশ হতে না পেরে আমি হতাশ। তবে আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, এটি অবশ্যই গর্বের।’ ভারতীয় দলে সুযোগ না পেলেও ক্রিকেটের রোমাঞ্চ থেকে হারিয়ে যেতে চান না গম্ভীর, ‘আমি রান করতে ক্রিকেট খেলি, দলকে জেতাতে ক্রিকেট খেলি। এখনো দিল্লি, ভারত অথবা যেকোনো টি-২০ ফ্র্যাঞ্চাইজির হয়ে ম্যাচ জিততে পারলে আমার ভালো লাগবে।’ আইএএনএস।