
কটকে কাল ঘড়ির কাঁটা কি ঘুরে গিয়েছিল উল্টো দিকে? দ্বিতীয় ওয়ানডেতে ভারতের ইনিংসটা তো তাই বোঝাল। ৫ ওভার শেষ হওয়ার আগে ২৫ রান তুলতেই নেই ৩ উইকেট। এমন সময় জুটি বাঁধলেন প্রায় তিন বছর পর এই সিরিজেই ভারতের ওয়ানডে দলে ফেরা যুবরাজ সিং ও সদ্য বিদায়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৩৫ পেরোনো এই দুই ‘বুড়ো’ ব্যাটসম্যানই এরপর দর্শকঠাসা স্টেডিয়ামে ছেলেখেলা করলেন ইংল্যান্ডের বোলারদের নিয়ে। চতুর্থ উইকেটে ২৫৬ রান যোগ করে ভারতকে তাঁরা নিয়ে গেছেন ৩৮১ রানের পাহাড়ে। সেঞ্চুরি পেয়েছেন দুজনই। প্রায় ছয় বছর পর যুবরাজ, সাড়ে তিন বছর পর ধোনি। যুবরাজ–ধোনি ‘শো’র পর ইংল্যান্ডকে ৩৬৬ রানে আটকে ১৫ রানে জিতেছে ভারত।
ধোনির হাত থেকে ওয়ানডে অধিনায়কত্বের ব্যাটন হাতে নিয়েই ভারতকে সিরিজ জেতালেন বিরাট কোহলি। তবে এই জয়েও বড় ভূমিকা থেকে গেল সদ্য বিদায়ী অধিনায়কের। মাঝে মাঝে তো মনেই হচ্ছিল, ম্যাচের অধিনায়ক আসলে ধোনি না কোহলি?
ওয়ানডে দলে প্রত্যাবর্তনের প্রথম ম্যাচে পুনেতে ১৫ রান করেছিলেন যুবরাজ। কাল করলেন ঠিক তার ১০ গুণ। ২১ চার ও ৩ ছয়ে সাজানো ১২৭ বলে ১৫০ রানের ইনিংসটাই ২৯৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে যুবরাজের সর্বোচ্চ। ২০১১ বিশ্বকাপের পর এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। ধোনি ১৩৪ রানের ইনিংসটি খেলেছেন ১২২ বলে, যাতে ছিল ১০ চার ও ৬ ছক্কা। স্টার স্পোর্টস।
জিততে হলে ভাঙতে হতো ভারতের মাটিতে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড। অধিনায়ক এউইন মরগানের সেঞ্চুরি আর জেসন রয়, জো রুট, মঈন আলীর ফিফটির পর শুধু ভারতের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ স্কোরের সান্ত্বনাই জুটল ইংলিশদের।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ৩৮১/৬ (যুবরাজ ১৫০, ধোনি ১৩৪, কেদার ২২; ওকস ৪/৬০, প্লাঙ্কেট ২/৯১)। ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৬৬/৮ (মরগান ১০২, রয় ৮২, মঈন ৫৫, রুট ৫৪; অশ্বিন ৩/৬৫, বুমরা ২/৮১, জাদেজা ১/৪৫, ভুবনেশ্বর ১/৬৩)।
ফল: ভারত ১৫ রানে জয়ী। সিরিজ: ৩-ম্যাচ সিরিজে ভারত ২-০ তে এগিয়ে। ম্যান অব দ্য ম্যাচ: যুবরাজ সিং।