যুবরাজ-হরভজনকে নিয়েই বিশ্বকাপে ভারত

একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ তাঁর ক্যারিয়ার প্রায় শেষ করে দিয়েছিল। আরেকটা টি-টোয়েন্টি বিশ্বকাপ সুযোগ এনে দিল যুবরাজ সিংয়ের সেই ক্যারিয়ার পুনরুজ্জীবনের। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের ভারতীয় দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। আছেন অভিজ্ঞ হরভজন সিং ও আশিস নেহরাও। ফিরেছেন চোটের জন্য গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে দলের বাইরে থাকা পেসার মোহাম্মদ শামিও।
২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হারের পেছনে যুবরাজের মন্থর ব্যাটিংকেই দায়ী করেন অনেকে। টি-টোয়েন্টিতে ২১ বলে ১১ বলতে যতটা খারাপ বোঝায়, আসলে খেলেছিলেন তার চেয়েও খারাপ। যে কারণে আর কোনো দিন ভারতীয় দলে সুযোগ পান কি না, সেই সংশয়ও তৈরি হয়েছিল।
কিন্তু যুবরাজ লড়াই চালিয়ে গেছেন। ব্যাট হাতে জবাব দিয়েই প্রায় ২০ মাস পরে আবার জায়গা করে নিয়েছিলেন ভারতের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি দলে। এবার জায়গা পেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের দলেও। যুবরাজের সামনে সুযোগ আবার ‘জিরো’ থেকে ‘হিরো’ হওয়ার। টি-টোয়েন্টিতে যে অভিজ্ঞদেরই খেলা, সেটি আবারও প্রমাণ হলো ভারতীয় দল দেখে। যুবরাজ-হরভজন-নেহরা তিনজনকেই রেখেছে ভারত। তবে তরুণদের ওপরও রাখা হয়েছে আস্থা।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ১৫ জনের দলে নতুন মুখ বাঁ হাতি স্পিনার পবন নেগি৷ বাদ পড়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য কয়েক দিন আগে ঘোষণা করা দলে থাকা ভুবনেশ্বর কুমার ও মনীশ পাণ্ডে। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে শুরু হবে এবারের এশিয়া কাপ। ১৫ মার্চ নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান।
ভারত দল:
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটকিপার), শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, পবন নেগি, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, আশিস নেহরা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি।