যুবরাজের প্রত্যাবর্তন

অনেকেই শেষ দেখে ফেলেছিলেন তাঁর। যুবরাজ সিং নিজে অবশ্য দেখেননি এবং অন্যদের দেখাটা মেনেও নেননি। একা হাতে কত ম্যাচ বের করে এনেছেন, আর তাঁরই ক্যারিয়ার কিনা শেষ হয়ে যাবে ২১ বলে ১১ রানের একটা ‘কলঙ্কময়’ ইনিংসে! মিরপুরে মাস বিশেক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেই ইনিংসের পর বাদ পড়েছিলেন, ফিরলেন আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। ভারতের অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন যুবি।
কী যে হয়েছিল সেদিন যুবরাজের! টি-টোয়েন্টিতে ২১ বলে ১১ বলতে যতটা খারাপ বোঝায়, আসলে খেলেছিলেন তার চেয়েও খারাপ। শ্রীলঙ্কার কাছে ওই ফাইনালে হারের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল তাঁকেই। আর কোনো দিন ভারতীয় দলে খেলবেন বলে ভাবেননি প্রায় কেউই। কিন্তু যুবরাজ লড়াই চালিয়ে গেছেন এবং ব্যাট হাতে জবাব দিয়েই প্রায় ২০ মাস পরে আবার জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি দলে। এ মৌসুমে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের হয়ে ৫ ম্যাচ খেলে ৮৫.২৫ গড়ে করেছেন ৩৪১ রান, স্ট্রাইক রেট ১০৩.৬৪। অবশ্য চাইলে এ জন্য হবু স্ত্রীকেও ধন্যবাদ দিতে পারেন ভারতীয় এ অলরাউন্ডার। হ্যাজেল কিচের সঙ্গে বাগদানের পর থেকেই যেন ব্যাট আরও বেশি হাসতে শুরু করেছে তাঁর।
দলে ফিরেছেন বাঁহাতি পেসার আশিস নেহরাও। সেটিও প্রায় সাড়ে চার বছর পর। ৩৬ বছর বয়সী নেহরা দেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে। কে জানে, এ বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৬ ম্যাচে ২২ উইকেট নেওয়ার পুরস্কারই পেলেন কি না! যুবরাজ-নেহরার সঙ্গে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন হরভজন সিংও!
টি-টোয়েন্টি দলে একঝাঁক খেলোয়াড়ের প্রত্যাবর্তনের দিনে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সুরেশ রায়না। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তো বটেই, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেশকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি।
আগামী মাসের মাঝামাঝি অস্ট্রেলিয়া সফরে ৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে ভারত। ক্রিকইনফো।