যুবাদের আত্মসমর্পণ

ভারতের সঙ্গে খেলতে নামলেই কেন যেন নিজেদের হারিয়ে খোঁজে বাংলাদেশের যুব ক্রিকেট দল। ত্রিদেশীয় প্রতিযোগিতার গ্রুপ পর্বে দুটো পরাজয়ের পর আজ ফাইনালেও ভারতের কাছে রীতিমতো আত্মসমর্পণই করেছে তারা।
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশকে ডুবিয়েছে ব্যাটিংই। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১১৬ রানেই। বাংলাদেশের এই সংগ্রহ পেরিয়ে যেতে খুব একটা সময় নেয়নি ভারত। ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয়রা। এ নিয়ে যুব ওয়ানডেতে টানা ১৩ ম্যাচে ভারতের কাছে হারল বাংলাদেশ।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪৫ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। ২৮ করেন জয়রাজ শেখ। এ ছাড়া জাকির আলীর ব্যাট থেকে আসে ২৪। এই তিন ব্যাটসম্যান ছাড়া বাকিদের অবস্থা ছিল তথৈবচ। যে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের প্রতি অনেক প্রত্যাশা ছিল তিনি আউট হয়েছেন শূন্য রানেই। শূন্য রানে আউট হয়ে অধিনায়ককে সঙ্গ দিয়েছেন আরও তিন ব্যাটসম্যান—মোহাম্মদ সাইফুদ্দিন, সাঈদ সরকার ও রিফাত প্রধান।
বাংলাদেশের ইনিংসে আজ আতঙ্ক ছড়িয়েছেন মৈনাক দাগার। ৩২ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন শুভাম মাভি ও মহীপাল লমরোর। এছাড়া আভেশ খান আর খলিল আহমেদের দখলে গেছে একটি করে উইকেট।
১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৩৮ রান তুলে ফেলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর ও রিশাব পান্ত। তবে মাত্র ২৭ বলে ৫৯ করে দলের বিজয় ত্বরান্বিত করেন সরফরাজ খান। রিকি ভুইয়ের ব্যাট থেকে আসে ২০।
খুব বেশি কিছু করার ছিল না বাংলাদেশের বোলারদের। তারপরেও একটি করে উইকেট নিয়েছেন সাঈদ সরকার, মেহেদি হাসান মিরাজ ও সালেহ আহমেদ শাওন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১১৬ / ১০ (৩৫.৫ ওভার)
নাজমুল হাসান শান্ত ৪৫, জয়রাজ শেখ ২৮
মৈনাক দাগার ৩ / ৩২, শুভাম মাভি ২ / ২১, মহীপাল লামরোর ২ / ১১
ভারত ১১৭ / ৩ (১৩.৩ ওভার)
সরফরাজ খান ৫৯, রিশাব পান্ত ২৬।
সাঈদ ১ / ২৩, মেহেদি ১ / ২৭, সালেহ ১ / ৩৫
(ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী)