যুবাদের চাপ কমাতে চান ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি গ্রুপে দল চারটি। শীর্ষ দুই দল উঠবে সুপার লিগ কোয়ার্টার ফাইনালে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ যখন দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও নামিবিয়া, কাজটা আর এমন কী! সবাই যেন ধরেই নিয়েছে, এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কাপ পর্বে অন্তত উঠবে মেহেদী হাসানের দল।
বিসিবিও অনানুষ্ঠানিকভাবে এটাকেই ঘরের মাঠের যুব বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য ঠিক করে দিয়েছে। কিন্তু ২৭ জানুয়ারি থেকে শুরু যুব বিশ্বকাপের জন্য এখনই বাংলাদেশের খেলোয়াড়দের ওপর বড় কোনো প্রত্যাশার চাপ তুলে দিতে চান না টেকনিক্যাল অ্যাডভাইজার স্টুয়ার্ট ল।
মিরপুরের একাডেমি মাঠে কাল সাংবাদিকদের এই অস্ট্রেলিয়ান বলছিলেন, ‘আমার মনে হয় এই তরুণদের ওপর বাইরের চাপটা অনেক বেশি। ক্রিকেট খেলায় এমনিতেই ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের অনেক চাপ থাকে। আমি ছেলেদের বলেছি টুর্নামেন্ট জেতা নিয়ে চিন্তা না করতে। ছোটখাটো জিনিসই ভালোভাবে করতে হবে।’ মৌলিক কাজগুলো ঠিকভাবে করতে পারলে ফলাফল এমনিতেই আসবে বলে তাঁর বিশ্বাস।
বিসিবির সঙ্গে ল-র ১৬ সপ্তাহের চুক্তি শেষ হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়েই। বাংলাদেশ দলের সাবেক এই কোচ নিশ্চয়ই সুখস্মৃতি নিয়ে ফিরতে চাইবেন।