যুবাদের চোখ এখন শিরোপায়

প্রথমত লক্ষ্য ছিল দুটি। বিশ্বকাপের প্রস্তুতি, সঙ্গে কিছু অভিজ্ঞতা অর্জন। যুব এশিয়া কাপ থেকে এর বেশি প্রাপ্তি টুর্নামেন্টের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের চিন্তায়ই ছিল না। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে যাওয়ার পর দৃশ্যপট বদলে গেছে। সাইফ হাসানদের চোখে এখন শিরোপা জয়ের স্বপ্ন।
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে সেমিফাইনাল-ফাইনাল হবে দিবারাত্রির। সেটা মাথায় রেখে দেশেই শেষ তিন দিন ফ্লাডলাইটের নিচে অনুশীলন করে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাল কলম্বোতেও অনুশীলন হয়েছে সন্ধ্যার পর। অনুশীলনে যাওয়ার পথে মুঠোফোনে কথা হলো অধিনায়ক সাইফ হাসানের সঙ্গে। যুবাদের নতুন লক্ষ্যের কথাটা জানা গেল তখনই, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনালে ওঠা। সেটা হয়ে যাওয়ার পর এখন আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তার আগে ফাইনালটা নিশ্চিত করতে হবে।’
অধিনায়কের মতো কোচ আবদুল করিমের দৃষ্টিও এখন শিরোপায়, ‘এখান থেকে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে হবে। সামনে এ রকম বড় লক্ষ্য না থাকলে হবে না।’ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ কাল মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার যুবাদের। ভারত-আফগানিস্তানের মধ্যে প্রথম সেমিফাইনালটি হবে আজ।
গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে শেষ ওভারে হারলেও ওই ম্যাচের অভিজ্ঞতাই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রাপ্তি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। রুদ্ধশ্বাস ম্যাচটির রোমাঞ্চ যেন এখনো কাজ করছে আসিফের মধ্যে, ‘গত ম্যাচটা হারলেও যেভাবে আমরা শেষ পর্যন্ত খেলে গেছি, এককথায় দুর্দান্ত। এই একটা ম্যাচ আমাদের অভিজ্ঞতা অনেক বাড়িয়ে দিয়েছে। এ রকম ম্যাচ যত বেশি খেলতে পারব, ততই আমরা শিখব। চাপের মধ্যে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে।’
পরশু বাংলাদেশের ২৩০ রান ৪৩ ওভারের মধ্যে টপকে গেলেই নেট রানরেটে পাকিস্তানের শেষ চারে যাওয়ার সম্ভাবনা ছিল। পাকিস্তানের ব্যাটসম্যানরা সে কারণেই শুরু থেকে চড়াও হয় বাংলাদেশের বোলারদের ওপর। কোচের ভাষায়, ‘ওরা অনেক ভালো বলেও শট খেলেছে। পাকিস্তানের আক্রমণাত্মক ব্যাটিং দেখে আমরা একটু আতঙ্কিত হয়ে পড়ি। দুটো ক্যাচও পড়েছে ওই সময়। নয়তো এই ম্যাচ আমাদেরই জেতা উচিত ছিল।’
সেসব ভুল থেকে শিখেই এখন সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা ভারতের তুলনায় সহজ প্রতিপক্ষ হলেও তারা খেলবে নিজেদের মাঠে। ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে অধিনায়ক সাইফের মূল চিন্তা এটিই, ‘নিজেদের মাঠে ওরা খুব ভালো দল। ভালো সাফল্য আছে।’ তবে কোচের বিশ্বাস, আগের ম্যাচগুলোর মতো উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারলে শ্রীলঙ্কাকে হারানো কঠিন হবে না।
কলম্বোয় যুব এশিয়া কাপ জয়ের স্বপ্নটা তাই বেশ জীবন্তই বাংলাদেশ শিবিরে। তার আগে পার হতে হবে কালকের সেমিফাইনাল-বাধা।