যুবাদের দক্ষিণ আফ্রিকা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে মাত্র একটি হারেই স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে ওই হারটাই বাংলাদেশকে ছিটকে ফেলে প্লেট পর্বে। বাংলাদেশ অবশ্য চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল প্লেটে। তবে প্লেটে কি আর কাপের স্বাদ মেটে!

সংযুক্ত আরব আমিরাতের দুঃখ ভোলার সুযোগ অবশ্য খুব দ্রুতই পাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের পরবর্তী আসর। ২০০৪ সালের পর আবারও আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। নিজের দেশের বিশ্বকাপের প্রস্তুতিও দারুণভাবে সারছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে ৬-১ ব্যবধানে হারানোর পর বাংলাদেশের যুবারা এবার সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা সফরেও। গত শুক্রবার ষষ্ঠ যুব ওয়ানডেটা জিতেই সিরিজ নিশ্চিত করার পর পরশু বাংলাদেশ জিতেছে সপ্তম ম্যাচটাও। সাত ম্যাচ সিরিজটা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিতল ৫-২ ব্যবধানে। ২০১৪ বিশ্বকাপের পর তিনটি যুব ওয়ানডে সিরিজে ১৯ ম্যাচ খেলে ১৪টিতেই জিতলেন বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতেরা।

দক্ষিণ আফ্রিকায় উড়াল দেওয়ার আগে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সিরিজটাকে বিশ্বকাপের প্রস্তুতি মিশন হিসেবেই দেখেছিলেন। সেই মিশনে নামার আগে অনুশীলনে কোনো কমতি রাখেনি বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার পেসারবান্ধব উইকেট মাথায় রেখে বিকেএসপিতে পিচে পাথর বিছিয়েও অনুশীলন করা হয়েছে। সিরিজের ফলই বলে দিচ্ছে পরিশ্রমটা কাজে দিয়েছে।

পরিসংখ্যান সাক্ষ্য দেয়, পুরো সিরিজে একটা দল হিসেবেই খেলেছে বাংলাদেশ। সিরিজ জয়ের নায়ক হিসেবে একক কাউকে খুঁজে পাওয়াই মুশকিল। ষষ্ঠ ম্যাচে ১৫০ রানের অসাধারণ এক ইনিংস খেলা ১৬ বছর বয়সী ওপেনার পিনাক ঘোষ সাত ম্যাচে ২৮০ রান করে সিরিজ-সেরা হয়েছেন। তবে সিরিজে ১৮০ রান করার পাশাপাশি অফ স্পিন বোলিংয়ে ১৪ উইকেট নেওয়া অধিনায়ক মেহেদীও পেতে পারতেন এই স্বীকৃতি। শেষ ম্যাচে ৯০ রানের দারুণ ইনিংস খেলা জয়রাজ শেখও কম যাননি, পাঁচ ম্যাচেই করেছেন ২১১ রান। নাজমুল হোসেন শান্ত (১৪১), সাঈফ হাসানদের (১৩৭) অবদানও কম নয়। বোলিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের। এ ছাড়া যাঁরাই হাত ঘুরিয়েছেন, উইকেট পেয়েছেন প্রত্যেকেই।

ডারবানে প্রথম দুটি ম্যাচ জয়ের পর পিটারমারিজবার্গে তিন ম্যাচে দুটি হার। সিরিজ আবারও ডারবানে আসতেই সর্বজয়ী চেহারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। ষষ্ঠ যুব ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট ৩০৪ রান তোলে বাংলাদেশ। ১৪১ বলে ২১ চার ও ১ ছয়ে ঠিক ১৫০—পিনাকের ইনিংসটাই এখন যুব ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ১২৯ অমিত মজুমদারের। এরপর ৪৮.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে প্রোটিয়া যুবারা হারে ৫৮ রানে।
সপ্তম ম্যাচে বাংলাদেশের ৬ উইকেটে ২৬৬ রানের ৯৫-ই এসেছে শেষ ১০ ওভারে। দক্ষিণ আফ্রিকানরা অলআউট ২৪৪ রানে। ৪ উইকেট নিয়েছেন অধিনায়ক মেহেদী।