যুবারা শোনাচ্ছে আরও উজ্জ্বল ভবিষ্যতের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাপটের সঙ্গে সিরিজ জিতল যু্বারা। ফাইল ছবি
দাপটের সঙ্গে সিরিজ জিতল যু্বারা। ফাইল ছবি

তবে কি বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগ চলছে এখন? প্রশ্নটা বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু বাংলাদেশ-ক্রিকেটে একের পর এক সুখবর এমন এসেছে কবে? বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে ১৬ বছর পর দাপটের সঙ্গে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। থেমে নেই ছোটরাও। ছোটদের বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে আজ চট্টগ্রামে ৮ রানে হারিয়ে দাপটের সঙ্গে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশের দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কোরকার্ডে কোনো রান না যোগ করার আগেই উইকেট হারলেও ম্যাচে প্রোটিয়াদের ফিরিয়েছিলেন পিটার উইলিয়াম ও রিভালদো মুনস্যামি। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১০৮ রান। কিন্তু ১৯ রানের ব্যবধানে দুজনে ফিরে গেলে বিপদেই পড়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। এরপর দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা চালায় আবদু গালিয়েম-টনি জর্জির চতুর্থ উইকেট জুটি। এ জুটিতে আসে ৬৬ রান। তখনই দৃশ্যপটে হাজির সাইফউদ্দিন। ডানহাতি এ পেসার একাই আটকে দেন প্রোটিয়াদের। ৩৯.৫ ওভারে ৩ উইকেটে ১৯৩ রান থেকে ৪৮.৫ ওভারে ২৪১, ৪৮ রানে দক্ষিণ আফ্রিকার পড়ে ৬ উইকেট। এর পাঁচটিই সাইফের দখলে। শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। সাইফের করা শেষ ওভারে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল তুলতে পারল ৫ রান। সাইফ ৬ ওভারে ২৭ রানে নিয়েছেন ৫ উইকেট। এমন দুর্দান্ত বোলিংয়ে তাঁকে ম্যাচসেরা নির্বাচিত করতে এতটুকু কষ্ট হয়নি বিচারকদের। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৬৩ রান এসেছে মুনস্যামির ব্যাট থেকে।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে পিনাক ঘোষের ৭৬ ও মেহেদি হাসান মিরাজের ৬৩ রানের সুবাদে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৫৭ রান তোলে বাংলাদেশ। প্রোটিয়া ডানহাতি পেসার জিয়াদ আব্রাহাম একাই নেন ৬ উইকেট। আব্রাহামের দারুণ পারফম্যান্স শেষ পর্যন্ত ম্লান হয়েছে সাইফের অসাধারণ বোলিংয়ে।
এ জয়ে দুই ম্যাচ বাকি থাকতেই সাত ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়ে ক্রিকেটে আনন্দের নতুন মাত্রা দিল বাংলাদেশের যুবারা। শুধু তা-ই নয়, নাজমুল হোসেনের দল বার্তা দিল, বাংলাদেশে অনুষ্ঠেয় আগামী যুব বিশ্বকাপে দারুণ কিছুই হবে!