যুবিকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত
বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ তাঁর ক্যারিয়ার প্রায় শেষ করে দিয়েছিল। আরেকটা টি-টোয়েন্টি বিশ্বকাপ সুযোগ এনে দিল যুবরাজ সিংয়ের ক্যারিয়ার পুনরুজ্জীবনের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের ভারতীয় দলে জায়গা পেয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। আছেন অভিজ্ঞ হরভজন সিং ও আশিস নেহরাও। চোট কাটিয়ে ফিরেছেন পেসার মোহাম্মদ শামিও।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ভারতের পরাজয়ে যুবরাজের মন্থর ব্যাটিংকেই দায়ী করেন অনেকে। টি-টোয়েন্টিতে ২১ বলে ১১ বলতে যতটা খারাপ বোঝায়, যুবরাজ আসলে খেলেছিলেন তার চেয়েও খারাপ। যে কারণে আর কোনো দিন ভারতীয় দলে সুযোগ পান কি না, সেই সংশয়ই তৈরি হয়েছিল। কিন্তু যুবরাজ লড়াই চালিয়ে গেছেন এবং ব্যাট হাতে জবাব দিয়েই প্রায় ২০ মাস পরে জায়গা করে নেন ভারতের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি দলে। এবার জায়গা পেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের দলেও।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ১৫ জনের দলে নতুন মুখ বাঁহাতি স্পিনার পবন নেগি। বাদ পড়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য সম্প্রতি ঘোষিত দলে থাকা ভুবনেশ্বর কুমার ও মনীশ পান্ডে। এএফপি।
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে শুরু হবে ১৩তম এশিয়া কাপ। ১৫ মার্চ নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত শুরু করেব টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ভারত দল: মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, পবন নেগি, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, আশিস নেহরা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি।