যে আফগান ক্রিকেটারদের স্বপ্নের শুরুতে আছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ নবী-গুলবাদিন নাইবরা শরণার্থীশিবিরে থেকেই মজেছিলেন ক্রিকেটের প্রেমে। তাদের সময়কার আফগান ক্রিকেটারদের সবার গল্পই প্রায় একই রকম বলা চলে। পাকিস্তানে শরণার্থীশিবিরে থাকাতেই তাঁরা স্বপ্ন দেখা শুরু করেন ক্রিকেটার হওয়ার। নবী-নাইবরা নিজ দেশের কাউকে আদর্শ ভাববেন, সে সুযোগটা তাঁদের হয়নি। কিন্তু আজমতউল্লাহ ওমরজাইদের নিশ্চয়ই তা হয়েছে। ওমরজাইয়ের গল্পটাও ভিন্ন, যেখানে আছে বাংলাদেশও!

ওমরজাইয়ের টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে বাংলাদেশেই। শুধু তো এ কারণেই বাংলাদেশ তাঁর স্মৃতিতে জায়গা করে নেবে। বাংলাদেশেই আবার প্রথমবার হয়েছেন টি-টোয়েন্টিতে প্রথম ম্যান অব দ্য ম্যাচ। সেটিও তো মনে রাখার মতো এক ঘটনা! কিন্তু সেসব ছাড়াও তাঁর ক্রিকেটার হওয়ার নেপথ্যে পাওয়া যাবে বাংলাদেশকে। যখনই তিনি তাঁর ক্রিকেট শুরুর গল্প বলতে যাবেন, তখনই আসবে বাংলাদেশ। তাঁর স্বপ্নযাত্রায় যে ম্যাচ জয়ের ভূমিকা ছিল, তাতে যে ছিল বাংলাদেশও।

ম্যাচটা ২০১৪ এশিয়া কাপের। পরিবারের সঙ্গে বসে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচটা দেখছিলেন ওমরজাই। ক্রিকেট একেবারে না বুঝলেও দেশের টানে তাঁর বাবাও বসেছিলেন সবার সঙ্গে। আফগানিস্তানের চার-ছয়ে ওমরজাই ভাইদের উল্লাস দেখলে তাঁর বাবা জিজ্ঞাসা করে জেনে নেওয়ার চেষ্টা করতেন, হয়েছেটা কী? এভাবেই চলতে থাকে খেলা, এরপর শেষমেশ আফগানিস্তান সে ম্যাচে জিতেও যায়। ছেলের বাঁধনহারা উচ্ছ্বাস দেখতে পান ওমরজাইয়ের বাবা।

তামিমের দুর্বলতা এখন ওপেন সিক্রেট, সেটি ফজলহক ফারুকি জানবেন না, সেটি তো হতে পারে না
ছবি: প্রথম আলো

সাধারণত তাঁদের পরিবারে সন্ধ্যার পর ঘোরাঘুরি নিষেধ। সেদিন আফগানিস্তানের জয় উপলক্ষে হারিয়ে গেল সে নিয়ম। বাবা নিজেও সামিল হয়েছিলেন ওই জয় উদ্‌যাপনে। ছেলেদের তো গাড়ির চাবি দিয়েই উদ্‌যাপনের সুযোগ করে দিয়েছিলেন। ঘোরাঘুরি শেষে এরপর ওমরজাই ঘরে ফিরলে বাবা জিজ্ঞাসা করেন, ‘তুমি কি ক্রিকেটার হতে চাও?’ ছেলে তো মহাখুশি, বলে অনেক আগে থেকেই ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসার কথা, গলিতে টেনিস বলে খেলার কথা। ব্যস, মিলে যায় খেলার অনুমতি এবং একটি জয় হয়ে যায় স্বপ্ন বাস্তবায়নের অনুষঙ্গ!

সেই স্বপ্নও বাস্তব হয়ে ধরা দিয়েছে ওমরজাইকে। আফগানিস্তানের জার্সি পরে টি-টোয়েন্টির ময়দানে নামা হয়ে গেছে তাঁর। নিজের দ্বিতীয় ম্যাচেই দেখিয়েছেন গতির ঝলক। তবে যে বোলিংয়ে এখন নজর কেড়েছেন ওমরজাই, তখন ব্যাটিংটাই তাঁর ভালো লাগার ছিল বেশি। ২০১৮ সালে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে ছিলেন এই অলরাউন্ডার। কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন বিধ্বংসী এক ইনিংস! যেখানে ২৩ বল খেলেই করে ফেলেছিলেন ৬৬ রান! ওই ইনিংসেই ফিফটি হাঁকিয়ে ফেলেছিলেন মাত্র ১৯ বলে!

ওমরজাইয়ের সে দলের সতীর্থ রাহমানুল্লাহ গুরবাজ, নাভিন-উল-হকসহ কয়েকজন জাতীয় দলের ঘরে প্রবেশের টিকিট পেয়ে গেলেও ওমরজাইকে অপেক্ষা করতে হয়েছে আরেকটু বেশি। বাংলাদেশ সিরিজে এসেই যে অপেক্ষা ফুরাল। এর আগে বাংলাদেশে এসে বিপিএলেও খেলেছেন। তবে মিনিস্টার ঢাকার হয়ে যে ২ ম্যাচ খেলেছিলেন, তাতে ছয় ওভারে ৫৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে আলো কাড়তে পারেননি তেমনটা।

টি-টোয়েন্টি অভিষেকে ২ উইকেট নিয়েছেন ৩১ রান খরচায়। সে ম্যাচে শুরুতে উইকেট হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুর্দান্ত এক ইনিংসে বিপদ থেকে উদ্ধার করেছিলেন লিটন দাস। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পড়েছিল আরও চাপে। কিন্তু লিটন সেদিন পারেননি আর, ওমরজাই যে তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন ১৩ রানেই। সাকিব-মুশফিকের ব্যাটে বাংলাদেশ চাপ সামলানোর চেষ্টা করছিল। নিজের দ্বিতীয় ওভারে এসে সাকিবকেও ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে বিপদের মহাসাগরে ফেলে দেন ওমরজাই। এরপর আফিফকেও ফিরিয়ে দিয়ে স্পেল শেষ করেন ২২ রানে ৩ উইকেটে।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তিনি পেলেও তাঁর সতীর্থ আরেক পেসার ফজলহক ফারুকিও ওই ম্যাচে ছিলেন দুর্দান্ত, ইতিমধ্যেই সুইংয়ের প্রদর্শনী দেখিয়ে সবার নজর কেড়েছেন যিনি। ওয়ানডে সিরিজে দারুণ বোলিংয়ের পর টি-টোয়েন্টিতেও বজায় রেখেছেন তা। এই পেসার যে আড়ালে থাকতে পারেন না, তার প্রমাণ ফারুকিকে সানরাইজার্স হায়দরবাদের এবারের আইপিএলে দলে ভেড়ানো। এর আগে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের নেট বোলার হয়েও তিনি আইপিএলের আঙিনায় ছিলেন অবশ্য।

ওমরজাইয়ের মতো ফারুকিরও ফ্র্যাঞ্চাইজি লিগে যাত্রার সূচনা হয়েছে বিপিএল দিয়েই। মিনিস্টার ঢাকার হয়ে ৩ ম্যাচে ৮.১৯ ইকোনমিতে বল করে ২ উইকেটই নিতে পেরেছিলেন বাঁহাতি এই পেসার। ফারুকি ও ওমরজাই—তাঁদের দিকে আলো ফেলতে বাধ্য করার মতো পারফরম্যান্স আসেনি আসলে বিপিএলে। তবে এবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুজনেই করেছেন নজরকাড়া পারফরম্যান্স। দুজনেই বল করতে পারেন ১৪০-এর বেশি গতিতে।

ওয়ানডে সিরিজে ছয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ফারুকি। আর টি-টোয়েন্টি সিরিজে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ফারুকি ও ওমরজাই। দুজনে নিয়েছেন পাঁচটি করে উইকেট। ২১ বছর বয়সী এই দুই তরুণই হয়তো হতে যাচ্ছেন আফগানিস্তানের ভবিষ্যৎ। পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই রাখতে পারেন বিশ্বকাপে বিশেষ ভূমিকা, ফারুকি হতে পারেন অন্যতম অস্ত্র। স্পিন দিয়ে আফগানিস্তানকে এত দিন চিনেছে বিশ্ব, এবার কি তাহলে পেস দিয়েও চিনবে?