যে ইংলিশ রেকর্ডটা হয়ে উঠছে 'দক্ষিণ আফ্রিকান'!

স্বপ্নের মতোই হঠাৎ করেই ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছিলেন কিটন জেনিংস। মুম্বাইয়ে আজ ভারতের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেকটাও হলো ‘স্বপ্নের মতোই’। সেঞ্চুরি করেই টেস্ট অভিষেকের স্মৃতিটাকে স্মরণীয় করে রাখলেন তিনি। বসে গেলেন ইংলিশ গ্রেট ডব্লু জি গ্রেসের পাশে।
ডব্লু জি গ্রেস হচ্ছেন অভিষেকে সেঞ্চুরি করা প্রথম ইংলিশ ক্রিকেটার। ১৮৮০ সালের ৬ সেপ্টেম্বর ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রেস খেলেছিলেন ১৫২ রানের ইনিংস। ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত দাড়িওলা ভদ্রলোকের হাত ধরে যে রেকর্ডের পাতা খোলা হয়েছিল, তাতে একে একে নাম লিখিয়েছেন আরও ১৮ জন ‘ইংলিশ’ ব্যাটসম্যান। অবশ্য একটা মজার ব্যাপার আছে। ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করা সর্বশেষ পাঁচজনের চারজনই দক্ষিণ আফ্রিকান! অ্যান্ড্রু স্ট্রাউস, ম্যাট প্রায়র, জোনাথন ট্রট; আর আজ জেনিংস। এই ইংলিশ রেকর্ডটা তো ধীরে ধীরে ‘দক্ষিণ আফ্রিকান’দের দখলে চলে যাচ্ছে।
অবশ্য এক সময় এতে ভারতীয় দাপটও ছিল। ১৯ জনের তালিকায় দুজন ‘ভারতীয়’ও আছেন। রণজি আসলে ইংল্যান্ডের হয়ে অভিষেকে সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার, গ্রেসের পরে তাঁরই এই কীর্তি। এই তালিকার প্রথম ছয়জনের দুজনের জন্ম ভারতে। রণজির পর এই কীর্তি করে দেখান নবাব পতৌদি সিনিয়র।
হাসিব হামিদের চোটের কারণে ইংল্যান্ড থেকে উড়িয়ে নিয়ে আসা হয় দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত জেনিংসকে। ২৪ বছর বয়সী জেনিংসের জন্ম দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। বেড়ে ওঠা থেকে ক্রিকেটে হাতেখড়িও তাঁর সেখানেই। ব্রিটিশ মায়ের ছেলে জেনিংস ২০১১ সালে ইংল্যান্ডে এসে থিতু হন। ডারহামের হয়ে শুরু করেন কাউন্টি খেলা। চার বছর ইংলিশ কাউন্টিতে খেলেই ইংল্যান্ড দলে খেলার আইনগত বৈধতা পান। তবে যোগ্যতার প্রমাণ রাখেন এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৭ সেঞ্চুরিসহ ১৫৪৮ রান করে।
১১২ রানে আউট হয়েছেন জেনিংস। ২১৯ বল খেলে ১৩টি চারে সাজানো ইনিংসটি অভিষেকে ইংল্যান্ডের হয়ে দ্বাদশ সর্বোচ্চ অভিষেক ইনিংস। ২০০৪ সালের মে মাসে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১২ রান করে আউট হয়েছিলেন ইংলিশ বোর্ডের বর্তমান ক্রিকেট পরিচালক স্ট্রাউস। অভিষেকে ইংল্যান্ডের হয়ে ডাবল সেঞ্চুরি আছে টিপ ফস্টারের। ১৯০৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফস্টার খেলেছিলেন ২৮৭ রানের অনবদ্য এক ইনিংস, সেটি ট্রিপল আকারই নিতে যাচ্ছিল একটুর জন্য!
জেনিংসের এই কীর্তিতে স্মৃতিকাতর হয়ে উঠবেন অধিনায়ক কুকও। ২০০৬ সালের মার্চে ভারতের বিপক্ষেই নাগপুরে নিজের টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন কুক। জেনিংসও কী কুকের মতোই লম্বা রেসের ঘোড়া হতেই এসেছেন?
১৮৯৬ সালে ১৬ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অভিষেক-টেস্টকে রনজিৎসিনজি স্মরণীয় করে রেখেছিলেন ১৫৪ রানে অপরাজিত থেকে। ইফতিখার পতৌদি ১৯৩২ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে নিজের অভিষেক সেঞ্চুরি করেছিলেন।
ইংল্যান্ডের পক্ষে অভিষেকে সেঞ্চুরি করা অন্যান্য ক্রিকেটাররা হলেন—বিলি গ্রিফিথ, পিটার মে, ব্রায়ান ভ্যালেন্টাইন, স্যার ফেলহাম ওয়ার্নার, জর্জ গান, গ্রাহাম থর্প, জন হ্যাম্পশায়ার, ফ্রাঙ্ক হেইস, পল গিব ও আর্থার মিল্টন।
১৯৩৩ সালে মুম্বাইয়ে ইংল্যান্ডের হয়ে অভিষেক সেঞ্চুরি পেয়েছিলেন ভ্যালেন্টাইন। জেনিংসও অভিষেক সেঞ্চুরি পেলেন মুম্বাইয়ে। তবে দুজনের মাঠ দুটি আলাদা।