যে কাজটায় অস্ট্রেলিয়া ভীষণই দুর্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রান আটকাতে গিয়ে ভূপাতিত অস্ট্রেলিয়া! কালকের ম্যাচে। ছবি: এএফপি
রান আটকাতে গিয়ে ভূপাতিত অস্ট্রেলিয়া! কালকের ম্যাচে। ছবি: এএফপি

শিরোনাম হওয়া উচিত ছিল—যে কাজটায় দক্ষিণ আফ্রিকা ভীষণই পটু। গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকা ৩৭২ রানের লক্ষ্য পেরিয়ে জয় তুলে নিল সিরিজের তৃতীয় ওয়ানডেতে। ওয়ানডে ইতিহাসে এটিই দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। ওয়ানডেতে ৪৩৫ রানের লক্ষ্যও ছুঁয়ে ফেলার রেকর্ড আছে। সেটিও দক্ষিণ আফ্রিকার। সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার প্রথম দুটি রেকর্ডই তাদের। কিন্তু শিরোনামে অস্ট্রেলিয়া কেন?
কালকের জয়টি অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১০ বছর আগে জোহানেসবার্গে যখন দক্ষিণ আফ্রিকা ১ উইকেট হাতে রেখে ৪৩৮ রান তুলল পরে ব্যাট করে, তখনো ওপাশের দেশটি ছিল অস্ট্রেলিয়া। শুধু তা-ই নয়, ওয়ানডেতে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার প্রথম দশটি ম্যাচের দিকে যদি তাকান; আটবারই এই কীর্তি হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে! প্রথমে ব্যাট করে অনেক ভালো পুঁজি বানিয়েও সেটিকে রক্ষা করতে পারার কাজে অস্ট্রেলিয়ার চেয়ে দুর্বল আর কে আছে!
প্রথমে ব্যাট করে ৩৩০ রানেরও বেশি করে তুলেও আটবার জিততে পারেনি অস্ট্রেলিয়া। তাড়া করার রেকর্ডে সবার আগের দুটি নাম দক্ষিণ আফ্রিকার হলেও ৩৩০-এরও বেশি রান তাড়া করে জেতার কীর্তি সবচেয়ে বেশিবার আছে নিউজিল্যান্ড ও ভারতের। তিনবার করে। সেরা দশের বাকি দুটি নাম ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। লক্ষ্যটাকে ৩৩০ ধরলে ভারতের কীর্তি আরও একবার বাড়বে। তবে সেটি সর্বোচ্চ রান তাড়া করার তালিকায় আছে ১১ নম্বরে।

বাংলাদেশও তিনবার ৩০০-র বেশি রান তাড়া করে জিতেছে। সর্বশেষ গত বিশ্বকাপে স্কটল্যান্ডের দেওয়া ৩১৯ রানের লক্ষ্য বাংলাদেশ ছুঁয়েছিল ৬ উইকেট হাতে রেখে। এটাই বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড।
টেস্টেও চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার প্রথম দুটি রেকর্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০০৩ সালে অ্যান্টিগা টেস্টে অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রানের লক্ষ্য পেরিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০০৮ সালে পার্থে ৪১৪ রানের লক্ষ্য পেরিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। টেস্টে চতুর্থ ইনিংসে ৪০০-র বেশি রান তাড়া করে জেতার কীর্তি আছে মাত্র চারটি। দুটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরিসংখ্যান সাক্ষী মানলে, এ কাজটায় আসলেই তো তারা দুর্বল!