যে কাজটি সাকিব ছাড়া কেউ পারে না

দেশের বাইরে টেস্টেও বোলিংয়ে বাংলাদেশের বড় অস্ত্র সাকিব আল হাসান।ফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসান শেষ কবে বাংলাদেশের হয়ে দেশের বাইরে টেস্ট খেলেছেন?
উত্তর দিতে সাকিবকেও হয়তো কয়েক মুহূর্ত চিন্তা করতে হবে। রেকর্ড ঘাঁটতে হবে সাকিবের পাঁড় ভক্তদের।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের জ্যামাইকা টেস্ট—যেখানে সাকিব ৩৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন। দেশের বাইরে সাকিবের সেরা বোলিং। তিন বছর পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবার দেশের বাইরে টেস্টে সাকিবকে পাচ্ছে বাংলাদেশ।

বিদেশের মাটিতে সাকিবের সর্বশেষ পারফরম্যান্সই বলে দেয়, বাংলাদেশের টেস্ট বোলিং আক্রমণ কতটা অভাববোধ করে সাকিবের। টেস্টে বাংলাদেশের একমাত্র ‘সব–কন্ডিশন’–এর বোলার যে সাকিবই।

সাকিব না থাকার এ সময়ে বাংলাদেশের মূল বোলার ছিলেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। দুজন বলের বাঁক খাওয়ার উপযোগী উইকেটে ভালো বোলার।

কিন্তু ব্যাটিং সহায়ক উইকেটে তেমন কার্যকর নয়, কিংবা পেস সহায়ক উইকেটে ব্যাটসম্যানকে আউট করার কৌশল এখনো পুরোপুরি রপ্ত করতে পারেননি এই দুই স্পিনার। তাঁদের রেকর্ডেও এর স্পষ্ট প্রতিফলন—তাইজুল ঘরের মাঠে ২১ টেস্ট খেলে ২৭.০৪ গড়ে নিয়েছেন ১০৫ উইকেট।

দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে ঘরের বাইরেও ভালো করেছেন সাকিব।
ফাইল ছবি: প্রথম আলো

দেশের বাইরে ১২ টেস্টে তাইজুলের গড় দ্বিগুণ (৫৪.৪৪), উইকেটসংখ্যা ২৯। দেশের বাইরে মিরাজের রেকর্ড আরও দৃষ্টিকটু। দেশের মাটিতে ১৩ টেস্টে ২২.০৯ গড়ে ৭১ উইকেট নেওয়া মিরাজ দেশের বাইরে ১৩ টেস্টে ৬১.১৫ গড়ে নিয়েছেন ৩৩ উইকেট।

অথচ সাকিব দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে একবারও নিজেকে ‘শুধু ঘরের মাঠেই ভালো’ তকমায় বন্দী হতে দেননি। দেশে ৩৮ টেস্টে ৩১.১৯ গড়ে ১৪২ উইকেট নেওয়া সাকিবের দেশের বাইরে ১৯ টেস্টে ৩১.২২ গড়ে শিকার ৬৮ উইকেট।

দীর্ঘ ক্যারিয়ারে অ্যাকশনেও পরিবর্তন এনেছেন সাকিব।
ফাইল ছবি: প্রথম আলো

‘সব-কন্ডিশন’–এর বোলার সাকিবের ইনিংসে ৫ উইকেট রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো স্পিন–বিরুদ্ধ কন্ডিশনে। এমনকি দেশের বাইরে ভালো করতে মিরাজ-তাইজুলদের মতো সময়ও নেননি সাকিব। ক্যারিয়ারের শুরুর দিকেই দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইন, সেঞ্চুরিয়ানের মতো মাঠে ৫ উইকেট নিয়েছেন তিনি।

তবে অতিরিক্ত টি-টোয়েন্টি খেলায় সাকিবের বোলিং কিছুটা বদলেছে। ক্যারিয়ারের শুরুতে হাই-আর্ম অ্যাকশনের বোলার সাকিব ধীরে ধীরে হয়েছেন সাইড-আর্ম বোলার।

আগের মতো বাউন্স ও টপ স্পিন পেতেন না। সাইড স্পিন, আর্ম বল আর গতির বৈচিত্র্য ছিল সাকিবের অস্ত্র। আইসিসি নিষেধাজ্ঞা থেকে ফেরায় আগে সাকিব আবার সাইড-আর্ম থেকে হাই-আর্ম অ্যাকশনে ফিরে যান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে হন সিরিজসেরা। কিন্তু চোটের কারণে টেস্ট সিরিজে খেলতে পারেননি।

জিম্বাবুয়ে সফরে বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের হয়ে প্রত্যাবর্তন ঘটবে সাকিবের।
ছবি: প্রথম আলো

এবার টেস্টে বোলার সাকিবের প্রত্যাবর্তন হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে সাকিবকে হাই-আর্ম অ্যাকশনে বোলিং করতে দেখা গেছে। ১২.৪ বল করে ৩৪ রানে ৩ উইকেট নেন তিনি, তিনটি উইকেট–ই টপ স্পিনে ডানহাতি ব্যাটসম্যানকে বোল্ড করে। এ যেন সেই ২০০৭-০৮ সালের সাকিব!

বল ছাড়ছেন নিজের উচ্চতার সর্বোচ্চটুকু ব্যবহার করে। উইকেটে বাঁক নেই, বাউন্স ও ডানে-বাঁয়ে ছোট ছোট মুভমেন্টে পরীক্ষা নিয়েছেন জিম্বাবুয়ে একাদশের ব্যাটসম্যানদের। বিদেশের মাটিতে এটাই সাকিবের সাফল্যের রহস্য।

সাকিবের ফেরায় দলের বাকি স্পিনাররাও যেন মাঠের মধ্যে একজন ‘কোচ’কে পেয়েছেন। প্রস্তুতি ম্যাচে মিরাজ-নাঈমদের বোলিংয়ের সময় স্লিপে দাঁড়িয়ে দিকনির্দেশনা দিয়েছেন সাকিব।

মিরাজ সেদিন ম্যাচ শেষে বলছিলেন, ‘সাকিব ভাই থাকলে আলাদা সুবিধা থাকে। খেলার মধ্যেই তিনি সব সময় বলতে থাকেন কখন কী করতে হবে, কীভাবে করতে হবে, কেমন গতিতে বল করলে ভালো হবে। এটা অনেক বড় ব্যাপার।’

সাকিব যোগ দেওয়ায় বোলিংয়ে শক্তি বাড়বে বাংলাদেশের।
ফাইল ছবি: প্রথম আলো

সাকিবের না থাকার সময়ে বাংলাদেশ খুব শক্তিশালী না হলেও মোটামুটি মানের টেস্ট বোলিং আক্রমণ গড়ে তুলেছিল। তাসকিন আহমেদ, আবু জায়েদরা শ্রীলঙ্কার মৃতপ্রায় উইকেটে ভালোই বোলিং করেছেন। এখন সঙ্গে সাকিব যোগ হওয়ায় পেস-স্পিনের সমন্বয়ে জিম্বাবুয়ের মাটিতে ২০ উইকেট নেওয়ার আশা করতেই পারে বাংলাদেশ।