যে কারণে আফগান স্পিনে ধরাশায়ী ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নবীসহ সব আফগান স্পিনাররাই অস্বস্তি উপহার দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের। ছবি: এএফপি
মোহাম্মদ নবীসহ সব আফগান স্পিনাররাই অস্বস্তি উপহার দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের। ছবি: এএফপি
যে ভারতীয় ব্যাটসম্যানরা আগের তিন ম্যাচে স্পিনারদের একটিও উইকেট দেননি, তারাই ধসে পড়েছেন আফগানিস্তানের চার স্পিনারের সামনে। স্পিনারদের ৩৪ ওভার থেকে তুলতে পেরেছেন মাত্র ১১৪ রান, উইকেট দিয়েছেন ৫টি।

বরাবরই আফগানিস্তানের বোলিংয়ের সবচেয়ে বড় শক্তি তাদের স্পিনাররা। তবে বিশ্বকাপে এসে নিজেদের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারছিলেন না রশিদ-নবীরা। ভারতের ব্যাটসম্যানদের সামনে আরও পাত্তা পাবেন না, বেশির ভাগের ধারণা ছিল এমনটাই। তবে সব ধারণা পাল্টে দিয়েছেন আফগান স্পিনাররা। চার স্পিনারের সামনে রানের জন্য সংগ্রাম করতে হয়েছে শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইন-আপকে।

বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটি ভেসে গিয়েছিল ভারতের। আজকের আগে খেলা তিন ম্যাচে ভারতের ব্যাটসম্যানরা প্রতিপক্ষ স্পিনারদের ৫৩ ওভার বল মোকাবিলা করেছিলেন। এই ৫৩ ওভারের মধ্যে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তানের কোনো স্পিনারই একজন ভারতীয় ব্যাটসম্যানকেও আউট করতে পারেননি। অথচ আজ আফগানিস্তানের চার স্পিনার মুজিব উর রেহমান, মোহাম্মদ নবী, রশিদ খান ও রহমত শাহ মিলে তুলে নিয়েছেন শুরুর ৫ ব্যাটসম্যানকেই। স্পিনে ভারতীয়দের সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত বিরাট কোহলিও আজ ফিরেছেন স্পিনারের বলেই।

উইকেট নেওয়ার পাশাপাশি রানটাও আটকেছেন চার আফগান স্পিনার। আজকের ম্যাচের আগে খেলা স্পিনারদের ৫৩ ওভার বা ৩১৮ বল থেকে ভারতীয় ব্যাটসম্যানরা রান তুলেছেন ৩৩৬, স্ট্রাইক রেট ১০৫.৬৬। অথচ আজকের ম্যাচে আফগান স্পিনারদের ৩৪ ওভার বা ২০৪ বল থেকে ভারতীয় ব্যাটসম্যানরা তুলতে পেরেছেন মাত্র ১১৪ রান, স্ট্রাইক রেট ৫৫.৮! আগের তিন ম্যাচ মিলিয়ে স্পিনারদের বিপক্ষে মোট ৩০টি বাউন্ডারি (২৪টি চার ও ৬টি ছয়) মেরেছিলেন কোহলি-রোহিতরা। সেখানে আজ আফগান স্পিনাররা চার হজম করেছেন মাত্র ৬টি, ছয় খাননি একটিও!

কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা আফগান স্পিনের সামনে এমন লুটিয়ে পড়লেন কেন? দুই ইনিংসের মাঝের সময়ে ইএসপিএন ক্রিকইনফোর বিশ্লেষণে সে উত্তর খোঁজার চেষ্টা করলেন মাইক হাসি। সাবেক এই অস্ট্রেলীয় ক্রিকেটারের চোখে, মূলত দুটি কারণে আজ স্পিনারদের সামনে রানের জন্য হাঁসফাঁস করতে হয়েছে ধোনি-যাদবদের।

প্রথম কারণ, সাউদাম্পটনের উইকেট ছিল কিছুটা ধীর গতির। সাবেক ভারতীয় স্পিনার মুরালি কার্তিককে পাশে বসিয়ে বিশ্লেষণ করতে গিয়ে হাসি বলেছেন, ‘ব্যাটিং সহায়ক উইকেটে মাঠের খালি জায়গায় বল ঠেলে দিয়েই প্রান্ত বদল করতে পারেন ব্যাটসম্যানরা। কিন্তু এ রকম ধীর গতির উইকেটে ব্যাটসম্যানদের জন্য কাজটা বেশ কঠিন হয়ে যায়। বল বেশ থেমে থেমে ব্যাটে আসছিল। বিরাট কোহলি বাদে আর কোনো ব্যাটসম্যানই আজ তাই প্রান্ত বদল করতে পারছিল না।’ এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটিও এ মাঠেই খেলেছিল ভারত। স্পিনারদের উইকেট না দিলেও সে ম্যাচেও কিন্তু খুব একটা স্বাচ্ছন্দ্যে রান তুলতে পারেনি ভারত।

তবে হাসি এটির চেয়েও বড় করে দেখতে চেয়েছেন দ্বিতীয় কারণটিকে। অস্ট্রেলিয়ার হয়ে ১৮৫টি ওয়ানডে খেলা এ বাঁহাতি ব্যাটসম্যান বলছেন, ভারতের বিস্ফোরক ব্যাটিং অর্ডারকে নিষ্ক্রিয় করে রাখায় আফগানিস্তানের ‘রহস্য’ স্পিনারদের কৃতিত্বটাই বেশি, ‘রহস্য স্পিনারদের খেলার সময় স্ট্রাইক বদল করাটা বেশি কঠিন হয়ে উঠতে পারে। বোলার বল ছাড়ার আগে একজন ব্যাটসম্যান বোলারের হাতের দিকে তাকায়। যখন আপনি বোলারের হাত দেখেই বুঝে ফেলেন বল কোন দিকে যাবে, তখন শট খেলাটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু রহস্য স্পিনারদের ক্ষেত্রে কিছু কিছু সময় ব্যাটসম্যান বুঝতে পারে না, বল কোন দিকে যাবে। তখন আপনাআপনিই ব্যাটসম্যান কিছুটা খোলসে ঢুকে যায়, এবং পরিস্থিতি অনুযায়ী ধীর গতির ব্যাটিং করে। স্পিনাররা ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পেরেছে বলেই দ্রুত রান তুলতে পারেনি ভারত।’

হাসির কথার সত্যতা মিলবে পরিসংখ্যানেও। চার আফগান স্পিনারই ভারতীয় ব্যাটসম্যানদের বেঁধে রেখেছিলেন। পঞ্চম ওভারেই রোহিত শর্মাকে ফিরিয়ে মুজিব উর রেহমান ইঙ্গিত দিয়েছিলেন, দিনটি হয়ে উঠতে পারে তাদের। হয়েছেও তাই। মুজিব ১০ ওভারে দিয়েছেন মাত্র ২৬ রান। নবী ৯ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে নিয়েছেন লোকেশ রাহুল ও বিরাট কোহলির উইকেট দুটি। আগের ম্যাচে সবচেয়ে বেশি রান খাওয়ার বিশ্ব রেকর্ড করা রশিদ খানও আজ কিপটে বোলিং করেছেন। ১০ ওভারে ৩৮ রান খরচায় পেয়েছেন মহেন্দ্র সিং ধোনির উইকেটটি। এমনকি অনিয়মিত স্পিনার রহমত শাহও ৫ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।

আফগান স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভারত আজ কতটা অসহায় ছিল, সেটির প্রমাণ দেবে আরেকটি পরিসংখ্যান। আগে ব্যাট করতে নেমে ক্রিকেট বিশ্বকাপে এর চেয়ে কম রান ভারত সর্বশেষ তুলেছিল ২০০৭ বিশ্বকাপে। সেদিন ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। তিন স্পিনার মোহাম্মদ রফিক, আবদুর রাজ্জাক ও সাকিব আল হাসানের ৩০ ওভার থেকে ভারত সেদিন তুলতে পেরেছিল মাত্র ১১৭ রান, উইকেট খুইয়েছিল ৬টি। পোর্ট অব স্পেনে সেদিন ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। আজ তেমন কিছু যদি নাও ঘটে তবু ভারতের জন্য এ ম্যাচটি একটি সতর্কবার্তা হয়ে থাকবে।