যে কারণে আসছেন ব্রড

এশিয়ায় বেশ কিছু সুখের স্মৃতি আছে। আছে একটা ভয়ের স্মৃতিও। আপাতত ভয়ের স্মৃতিটাকে দূরে ঠেলে সুখস্মৃতিকেই বড় করে দেখছেন স্টুয়ার্ট ব্রড। ২০০৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক। সেই থেকে এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৯৮টি টেস্ট খেলেছেন। বাংলাদেশ সফরেই চট্টগ্রামে ক্যারিয়ারের শততম টেস্টটি খেলার কথা। দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত শততম টেস্টটা এই সফরেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ ফাস্ট বোলার। ভয় মুছে খোলা মন নিয়েই বাংলাদেশে আসছেন ব্রড।
বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেওয়ার আগে নিরাপত্তা নিয়ে অনেক ভাবতে হয়েছে ব্রডকে, ‘জুলাইয়ে ঢাকায় সন্ত্রাসী হামলার পর থেকেই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারটি আমাদের মাথায় ঘুরছে। আমাদের মধ্যে কেউই এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি হালকাভাবে নেয়নি। নিরাপত্তাব্যবস্থার ব্যাপারটি সব সময়ই বড় কিছু। ২০০৮ সালের মুম্বাই হামলার পরও আমরা যখন ভারতে ফিরে গিয়েছিলাম, এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল।’ কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়েছেন খুশি মনেই, ‘বাংলাদেশে যাব কি না, এ নিয়ে দোটানায় ছিলাম। তবে এখন মনে হচ্ছে, বাংলাদেশে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত এবং ইসিবিকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি যে আমি যেতে প্রস্তুত।’
নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশে আসা নিয়ে যে দ্বিধা ছিল, ইসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা রেগ ডিকাসনের প্রতিবেদনে তা কেটে গেছে। তবে এখনো বন্ধু-স্বজনদের কেউ কেউ শঙ্কায় আছেন। ব্রড মনে করেন, প্রত্যেক পেশাজীবীর জন্যই এখন পৃথিবীর যেকোনো প্রান্তই শতভাগ নিরাপদ নয়। ক্রিকেটারদের পেশাই যেহেতু বিশ্বজুড়ে, সেখানে মাথা থেকে বাকি সব ঝেড়ে নিজের কাজে মন দেওয়াই ভালো, ‘আমাদের অনেক আত্মীয় ও বন্ধুবান্ধব বলেছেন, শুধু ক্রিকেট খেলার জন্য নিজেদের এমন কঠিন পরিস্থিতিতে ফেলে ওখানে যাওয়ারই বা কী দরকার! কিন্তু আমি মনে করি, দুনিয়াটা বদলে গেছে, নিরাপত্তার ঝুঁকি সব জায়গাতেই আছে। দুঃখজনক হলেও এটাই বাস্তব।’
নিরাপত্তা কর্মকর্তা ডিকাসন বলেছেন বলেই এতটা আস্থা পাচ্ছেন, ‘বোর্ড আমাদের বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছে, এখন নিরাপত্তা বাহিনীর দায়িত্ব আমাদের নিরাপদ রাখা। আমি রেগকে (ডিকাসন) অনেক দিন ধরে চিনি। তিনি আমাদের কখনো বিপদে ফেলেননি। আমরা সবাই বিশ্বাস করি, তিনি আমাদের সঠিক উপদেশই দিয়েছেন এবং নিশ্চিত করেছেন—আমাদের ভালোভাবে দেখেশুনে রাখা হবে। তিনি এসব বিষয়ে অনেক অভিজ্ঞ।’
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রতিও দায়বদ্ধতা অনুভব করেছেন ব্রড, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না—এটা খুব দুঃখজনক ব্যাপার। খুবই খারাপ লাগবে, যদি বাংলাদেশেও একই ব্যাপার ঘটে। বাংলাদেশের মানুষ ক্রিকেটপাগল, তারা খুবই অতিথিপরায়ণ। ভালো লাগছে এই ভেবে যে সফরটা শেষ পর্যন্ত হচ্ছে।’
এদিকে এউইন মরগানের পর অ্যালেক্স হেলসও এই সফর থেকে সরে দাঁড়িয়েছেন। এটি তাই ইংল্যান্ডের নতুনদের জন্য এনে দিয়েছে দারুণ সুযোগ। হাসিব হামিদকে দেখা যেতে পারে টেস্টে কুকের সঙ্গে ওপেন করতে। ওয়ানডে দলে সুযোগ মিলতে পারে বেন ডাকেট ও বেন ফোকসের। সূত্র: ডেইলি মেইল।