যে কারণে ওয়ালশকে বেছে নিয়েছে বিসিবি

খেলোয়াড়ি জীবন শেষে বেশির ভাগ সময় ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কাজেই যুক্ত ছিলেন কোর্টনি ওয়ালশ। জাতীয় দলে কোচিং অভিজ্ঞতা না থাকলেও বোলিং কোচ হিসেবে তাঁকে বেছে নেওয়ার কারণ হিসেবে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন— বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন, বিভিন্ন ক্লাব-ফ্র্যাঞ্চাইজি দলের পরামর্শক ও ক্রিকেটের প্রতি তাঁর টানকেই বেশি প্রাধান্য দিয়েছেন তাঁরা।
নিজের সময়ের তো বটেই, সর্বকালের সেরা বোলারদেরই একজন ওয়ালশ। ফাস্ট বোলার হিসেবে ফিট থেকে যেখানে ১০ বছর খেলাই কঠিন, সেখানে ১৭ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি খেলেছেন ১৩২ টেস্ট। ২০০১ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন তিনি।
বোলিং কোচ হিসেবে বিসিবির তাই শুরু থেকেই প্রথম পছন্দ ছিলেন ওয়ালশ। আজ সকালে সিঙ্গাপুর থেকে ফিরে ক্যারিবীয় কিংবদন্তিকে বেছে নেওয়ার ব্যাখ্যা দিলেন বিসিবি সভাপতি, ‘আমাদের সঙ্গে তিনজনের কথা হচ্ছিল। আমাদের প্রথম পছন্দ ছিল কোর্টনি ওয়ালশ। যদিও তাঁর জাতীয় দলে কোচিং করানোর কোনো অভিজ্ঞতা নেই। তারপরও তাঁর মতো একজন ক্রিকেট কিংবদন্তি বিশেষ করে ফাস্ট বোলিংয়ে খুব একটা পাওয়া যায় না। জাতীয় দলের কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও তিনি অনূর্ধ্ব-১৯ দলের (ওয়েস্ট ইন্ডিজ) কোচ ছিলেন। বিভিন্ন ক্লাবের পরামর্শক হিসেবে কাজ করেছেন। খেলার প্রতি তাঁর আগ্রহটা এখনো অনেক।’
ওয়ালশ বাংলাদেশে আসছেন কাল রাতে। ফাস্ট বোলিং কোচের পর বিসিবি এখন একজন স্পিন বোলিং কোচ খুঁজছে। তবে অক্টোবরে ইংল্যান্ড সিরিজের জন্য শ্রীলঙ্কার হয়ে ৮১ টেস্ট ও ৫৩ ওয়ানডে খেলা থিলান সামারাবীরাকে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। আর ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকে পদোন্নতি দেওয়া হচ্ছে সহকারী কোচ হিসেবে। তিনি এই দায়িত্ব পালন করবেন ২০১৯ পর্যন্ত।