যে কারণে কোহলিকে পছন্দ সৌরভের

খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন অসম্ভব আগ্রাসী। জয়ের ক্ষুধায় সব সময় ছটফট করতেন মাঠে। প্রতিপক্ষের চোখ রাঙানির সামনে পাল্টা চোখ রাঙানি দিতে ভুল করতেন না। প্রতিপক্ষের কটু-কাটব্যের জবাব দিতেন পাল্টা কটুকাটব্য দিয়েই।
সৌরভ গাঙ্গুলি যেন নিজের ছায়াটাই দেখতে পান ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক বিরাট কোহলির মধ্যে। টেলিভিশনে কিংবা অন্য যেকোনোভাবে কোহলির খেলা দেখতে দেখতে কেন যেন ফিরে যান নিজের বর্ণাঢ্য অতীতে। বারবার নিজের অতীতে ফিরিয়ে নিতে পারেন বলেই ‘দাদা’ এত পছন্দ করেন কোহলিকে।
সম্প্রতি ভারতের এক টেলিভিশন চ্যানেলে এসে কোহলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক, ‘আমি কোহলিকে অসম্ভব পছন্দ করি। আমি মাঠে ওকে যেভাবে দেখি, সেটা দারুণ পছন্দ করি। সে সব সময় জিততে চায়। তাঁর প্যাশন আকাশছোঁয়া। ভারতীয় ক্রিকেট তাঁকে নিয়ে আশাবাদী হতেই পারে।’
বিরাট কোহলির অধিনায়কত্বে সম্প্রতি টেস্টে জয়জয়কার ভারতের। শ্রীলঙ্কার মাটিতে দীর্ঘ দিন পর সিরিজে জেতা হয়েছে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে এখনো পর্যন্ত ভারত এগিয়ে ২-০ ব্যবধানে। কেবল মাঠের ফলাফলের জন্যই নয়, আক্রমণাত্মক মনোভাবের জন্যই কোহলির ভক্ত হয়ে উঠেছেন সৌরভ, ‘আমি ওকে কেবল পছন্দই করি না, আমি ক্রিকেটার কোহলির খুব বড় ভক্ত। সে এমন একজন অধিনায়ক যার অভিধানে হার বলে কোনো শব্দ নেই। সে সব সময় কেবল জিততেই চায়। আমি ওর আগ্রাসী আর আক্রমণাত্মক মনোভাবকে ভালোবাসি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ নাগপুর টেস্টে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। এই টেস্টে উইকেট নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। সৌরভ মনে করেন নাগপুরের মতো উইকেট ভারত বারবার তৈরি করবে না, ‘এই উইকেটে প্রচুর স্পিন ধরেছে, কোনো সন্দেহ নেই। তবে আমার মনে হয় ব্যাটসম্যানরা এই উইকেটে আরও একটু ভালো ব্যাটিং করতেই পারত। আমি মনে করি এমন উইকেট একবার-দুবারই তৈরি হয় বারবার নয়।’ সূত্র: ডিএনএ নিউজ।