পিঠের ব্যথায় খেলছেন না গেইল!

বরিশাল বুলসের একাদশ চমকে দিল সবাইকে। রংপুর রাইডার্সের বিপক্ষে বিপিএলের দ্বিতীয় সেমিফাইনালে দলে নেই ক্রিস গেইল! শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারাদের বিদায়ের পর ক্যারিবীয় এই তারকাই ছিলেন বিদেশিদের মধ্যে বিপিএলের সবচেয়ে বড় আকর্ষণ। তার ওপর ম্যাচটিও ফাইনালে ওঠার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কিনা তাকেই খেলাচ্ছে না বরিশাল!
মুঠোফোনে কারণটা জানালেন ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার সাইদুল ইসলাম, ‘আজ সকালে হঠাৎ করেই গেইল জানিয়েছেন তাঁর পিঠে ব্যথা। সে কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। যেহেতু মাত্রই চোট থেকে ফিরেছেন, আমরাও জোর করিনি।’ সামনে বিগব্যাশ। এর আগে গেইল নাকি চাননি ঝুঁকি নিতে। ঢাকা থেকে আজ রাত সাড়ে ১০টার ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেওয়ার কথা তাঁর। গেইলের ইচ্ছা, বিগব্যাশের আগে সেখানে পিঠের ব্যথার চিকিৎসা করাবেন।
তবে গেইলের না-খেলার কারণ পিঠের ব্যথাই কি না, এ নিয়ে ধোঁয়াশা আছে। চুক্তি অনুযায়ী ১৫ ডিসেম্বর পর্যন্ত বরিশাল বুলসের হয়ে মোট পাঁচটি ম্যাচ খেলার কথা ছিল গেইলের। তিনি খেলেছেন চার ম্যাচ। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচেও বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে।
প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও পরের দুই ম্যাচে গেইলের ব্যাটে ঝড়ই উঠেছিল। তাঁর অনুপস্থিতি বরিশালকে কতটা ভোগায়, সেটাই দেখার।