যে কারণে জিম্বাবুয়ে সিরিজ গুরুত্বপূর্ণ

এই সুযোগটা হাতছাড়া করা বাংলাদেশের উচিত হবে না। কাল জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ কেবল মর্যাদার লড়াই–ই নয়, আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবস্থান ভালো করার সুযোগও। বিশেষ করে এই সিরিজটা র্যাঙ্কিংয়ের ৯ নম্বর স্থান থেকে ওপরের দিকে যাওয়ার পথটাকে সহজ করতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ আইসিসির র্যাঙ্কিংয়ের একেবারে নিচের দুটি দলের দ্বৈরথ হলেও অবস্থান উত্তরণে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। সিরিজটা বাংলাদেশ ৫-০ ব্যবধানে জিতলে যৌথভাবে র্যাঙ্কিয়ের আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে পারবে অনেকটাই, যা ভবিষ্যতে ৮ নম্বর স্থানে উঠে যাওয়ার পথটি মসৃণ করলেও করতে পারে। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা জিম্বাবুয়ের চেয়ে এই মুহূর্তে ১১ রেটিং পয়েন্ট এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজে হোয়াইটওয়াশের সাফল্য পেলে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের সেই পয়েন্টের ব্যবধান হয়ে যাবে ২২। ৪-১ -এ সিরিজ জিতলে এই ব্যবধান হবে ১৭। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২ ব্যবধানে জিতলেও এই ব্যবধানটা বাড়বে ৯ পয়েন্ট। মোট কথা, সিরিজ জয়ই ১০ নম্বরের জিম্বাবুয়ের চেয়ে বাংলাদেশকে এগিয়ে দেবে বেশ খানিকটা।
২০১৯ সালে পরবর্তী বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেললেও নয় ও দশ নম্বর দলকে বাছাইপর্ব খেলে আসতে হবে। বাছাইয়ের অনিশ্চয়তা থেকে নিজেদের রক্ষা করতে র্যাঙ্কিংয়ে নিজেদের ওপরে তুলে নেওয়ার বিকল্প নেই বাংলাদেশের জন্য।
৫–০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৮০। বাংলাদেশের ওপরে থাকা নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট এখন ৯৬। রেটিং পয়েন্টে বাংলাদেশের উত্তরণ আর নিউজিল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজের অবনবম ২০১৯ বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে সাহায্য করতে পারে বাংলাদেশকে।
জিম্বাবুয়ের বিপক্ষে কাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজটা ওই মিশনেরই যে প্রথম ধাপ হোক না!