যে কারণে জুবায়েরকে চেয়েছিলেন কোচ

আগেই জানা গিয়েছিল, বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে খুব করেই চেয়েছিলেন তরুণ লেগস্পিনার জুবায়ের হোসেনকে। জুবায়েরকে রাখা না-রাখা নিয়েও নির্বাচনী টেবিলেও হয়েছে ঢের যুক্তিতর্ক। তবে শেষমেশ বিশ্বকাপের দলে ঠাঁই হয়নি এ লেগস্পিনারের।
জুবায়েরের প্রয়োজনীয়তার বিষয়টি সাংবাদিকদের আজ ব্যাখা দিলেন হাথুরুসিংহে। কোচ বললেন, ‘দলে জুবায়ের থাকলে খুশি হতাম। কারণ, অস্ট্রেলিয়ায় লেগস্পিনার খুবই কার্যকর। অস্ট্রেলিয়ায় গত চার বছরের অভিজ্ঞতায় দেখেছি, সেখানকার প্রতিটি প্রাদেশিক দলই একজন লেগস্পিনার রাখার চেষ্টা করে। কারণ, তারা উইকেট শিকারি। এটা সত্য, আমি ওকে (জুবায়ের) দলে রাখতে অনুরোধ করেছিলাম। আক্রমণাত্মক মুহূর্তে উইকেট তুলে নিতে তাকে আমাদের পরিকল্পনায় রেখেছিলাম। কিন্তু সে দলে সুযোগ পেল না। আমরা চেষ্টা করব যারা দলে আছে তাদের নিয়েই ভালো করার।’
বোলিং-বৈচিত্র্যের স্বার্থে এবং অস্ট্রেলিয়ার উইকেটের বাউন্স বিবেচনায় লেগ স্পিনাররা যথেষ্ট কার্যকার। তা ছাড়া দলে তিন বিশেষজ্ঞ স্পিনারই বাঁ-হাতি। হাথুরুসিংহ চেয়েছিলেন বিকল্প সুযোগ হাতে রাখতে। কোচ বললেন, ‘আগেই বলেছি, লেগস্পিনার আমাদের ভালো আক্রমণের সুযোগ করে দিতে পারত। সাকিব তো আছেই, একই সঙ্গে দলে তিনজন বাঁ-হাতি স্পিনার খেলানো অনেকটাই অসম্ভব। যদিও দুজন বাঁ-হাতি (তাইজুল ইসলাম ও আরাফাত সানি) স্পিনারই খুব ভালো খেলোয়াড়। তবে আমি একটি বিকল্প রাখতে চেয়েছিলাম।’
দল ঘোষণার পরই জুবায়ের প্রসঙ্গে প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছিলেন, ‘জুবায়েরকে নিয়ে জোর আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত আমরা মনে করেছি এত তাড়াতাড়ি বিশ্বকাপের মতো জায়গায় ওকে পাঠানো একটু ঝুঁকি হয়ে যাবে। ছেলেটা অনেক প্রতিভাবান। সামনে ওকে লাগবে আমাদের।’