যে কারণে তিনি 'সুপারম্যান'

ব্যাট হাতে ‘সুপার’ যেসব কাণ্ড করেন, তাঁকে শুধু ব্যাটসম্যান বললে অন্যায়ই হয়। বলা উচিত ‘ব্যাটসুপারম্যান’! সেই এবি ডি ভিলিয়ার্সের আজ জন্মদিন। ৩২ পূর্ণ করা এই সুপারম্যানকে কেন সুপারম্যান বলা হয়, সেটি বুঝতে হলে চোখ বোলাতে হবে এই দশ তথ্যে—
১) ওয়ানডের দ্রুততম ফিফটি এবি ডি ভিলিয়ার্সের। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৬ বলে ৫০ ছুঁয়েছিলেন।
২) ওয়ানডের দ্রুততম শতরানটিও তাঁর। ২০১৫ সালে জোহানেসবার্গে ক্যারিবীয়দের বিপক্ষে সেই ম্যাচেই মাত্র ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন।
৩) সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৫ সালেই ওয়ানডে ইতিহাসে দ্রুততম ১৫০ এসেছিল তাঁর ব্যাট থেকে। দেড় শ রান করতে বল খরচ করেছিলেন মাত্র ৬৪টি।
৪) টেস্টে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ফিফটিও ডি ভিলিয়ার্সের। ২০১১ সালে সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে ৭৫ বলে ফিফটি পূর্ণ করেছিলেন।
৫) টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ধরনের ক্রিকেট মিলিয়ে তাঁর মোট ছক্কার সংখ্যা ২৭৩। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছয় মারা ক্রিকেটারদের মধ্যে ছয়ে আছেন। টেন্ডুলকার ২৬৪টি ছক্কা মেরেছেন ৬৬৪ ম্যাচে। সেখানে ডি ভিলিয়ার্সের ২৭৩ ছক্কা এসেছে ৩৬৯ ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটে চার শর কম ম্যাচ খেলে ২৭০টির বেশি ছক্কা মারা একমাত্র ক্রিকেটার তিনি।
৬) ওয়ানডে ক্রিকেটে তিনি তাঁর ক্যারিয়ারে এখনো পর্যন্ত ছক্কা হাঁকিয়েছেন ১৮৪ টি। যা তাঁকে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ছক্কার মালিক ক্রিকেটারদের মধ্যে ৮ নম্বরে স্থান দিয়েছে।
৭) টেস্টে টানা ৭৮টি ইনিংসে শূন্য মারেননি ডি ভিলিয়ার্স। যেটি বিশ্ব রেকর্ড।
৮) ২০১০,২০১৪ ও ২০১৫-মোট তিনবার তিনি আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হন। তিনবার এই পুরস্কার আর কেউ জেতেননি।
৯) ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে ১৬ ছক্কা মারার কৃতিত্বটাও এবি ডি ভিলিয়ার্সের। তবে এই কীর্তিতে ডি ভিলিয়ার্সের পাশেই আছেন ভারতের রোহিত শর্মা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
১০) ডি ভিলিয়ার্স যে শেষ পর্যন্ত ক্রিকেটার হয়েছেন, এতে তাঁর বাবা খুবই অবাক। কৈশোরে গলফ, রাগবি, ব্যাডমিন্টন, সুইমিং, হকি আর টেনিসটা দুর্দান্ত খেলতেন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা জাতীয় জুনিয়র হকি দলে সুযোগ প্রায় পেয়েই গিয়েছিলেন। ব্লু বুলস অনূর্ধ্ব ১৮ রাগবি দলেও সুযোগ পেয়েছিলেন, যে দল থেকে পরে রাগবির অনেক বড় তারকা বের হয়ে আসে। বাবার চোখে, ক্রিকেটটাই নাকি ডি ভিলিয়ার্সের সবচেয়ে কম শক্তি বা পছন্দের জায়গা ছিল!