যে কারণে ম্যাচ ভেসে যাওয়ার প্রার্থনায় হায়দরাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির জন্য থামিয়ে দেওয়া হয়েছে খেলা। ছবি: বিসিসিআই
বৃষ্টির জন্য থামিয়ে দেওয়া হয়েছে খেলা। ছবি: বিসিসিআই

গতবারের চ্যাম্পিয়ন তারা। এবারও ভালো খেলেই শেষ চারে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে আরেকটি ফাইনাল খেলার স্বপ্ন বাঁচাতে এখন বৃষ্টির কাছেই সব প্রার্থনা বর্তমান চ্যাম্পিয়নদের। এলিমিনেটরের পরীক্ষায় যে আজ ‘পাস’ করা নিয়ে টানাটানি ডেভিড ওয়ার্নারদের। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ১২৮ রান করতে পেরেছে হায়দরাবাদ। এই রান নিয়ে জেতা কঠিন। ৫ ওভারে ম্যাচ নেমে গেলেও কঠিন। সুপার ওভার হলে লটারি। এর চেয়ে বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলেই ভালো। 

গ্রুপ পর্বে ভালো পয়েন্ট থাকার কারণে আজ ম্যাচ ভেসে গেলে হায়দরাবাদ দ্বিতীয় কোয়ালিফায়ারের চলে যাবে। বিদায় নেবে কলকাতা নাইট রাইডার্স। এ ম্যাচের বিজয়ী দলের অপেক্ষা মুম্বাই ইন্ডিয়ানস। পুনে এরই মধ্যে চলে গেছে ফাইনালে।
আজ গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদের ব্যাটসম্যানরা কেউই দায়িত্ব নিতে পারলেন না। সবেধন নীলমণি ওই ডেভিড ওয়ার্নার। ২ ছক্কা ও ২ চারে ৩৭ রান করা ওয়ার্নার ফেরার পর রান তোলার দায়িত্বটা আর কেউ বুঝে নেননি। ফলে ৩ উইকেট হাতে রেখেও রানটা ১২৮ এর বেশি করতে পারেনি তারা।
কিন্তু হায়দরাবাদের ব্যাটিং শেষ হতেই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। এমনই সে বৃষ্টি যে ম্যাচ আর নাও শুরু হতে পারে। সেটাই হায়দরাবাদের প্রার্থনা। গ্রুপপর্বে তৃতীয় হওয়ায় এ ম্যাচে কোনো ফল না হলে কলকাতাকে ডিঙিয়ে কোয়ালিফায়ারে যাবে হায়দরাবাদই।
সে জন্য অবশ্য বাংলাদেশ সময় রাত ১টা ৫০ পর্যন্ত মাঠ খেলার অনুপযুক্ত থাকতে হবে। আরও বৃষ্টি চাই হায়দরাবাদের! ওই সময়ের আগে অন্তত সুপার ওভার খেলেও বিজয়ী নির্ধারিত করা হবে।
আর রাত ১টা ২৮ মিনিটের মধ্যে খেলা শুরু হলে ৫ ওভার হলে ব্যাটিংয়ের সুযোগ পাবে কলকাতা। সে ক্ষেত্রে তাদের লক্ষ্য হবে মাত্র ৪১ রান! হাতে সবগুলো উইকেট নিয়েই!
বৃষ্টি না থামার অপেক্ষায় এখন হায়দরাবাদ!