যে কারণে ২০১৪ সালকে মনে রাখতেই হবে

ওয়ানডেতে হার আফগানিস্তানের বিপক্ষে। টি-টোয়েন্টিতে হারের লজ্জা দিয়ে গেল হংকং। প্রথম ওয়ানডে জয়ের দেখা পেতে পেতে পার হয়ে গিয়েছিল ১০ মাস। কী বলবেন, ২০১৪ বাংলাদেশের জন্য অপয়া ছিল? এর সঙ্গে মাঠে ও মাঠের বাইরের বিতর্কগুলোও যোগ করুন। সাকিব আল হাসানের সেই অশালীন ভঙ্গি, দীর্ঘ মেয়াদে দেশের সেরা ক্রিকেটারের নিষিদ্ধ হওয়া, ঘরোয়া ক্রিকেট নিয়ে বোর্ড বনাম রূপগঞ্জ কর্ণধারের দ্বন্দ্ব শালীনতার সীমা ছাড়িয়ে যাওয়া, বছরের শেষ প্রান্তে রুবেল হোসেনের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ... বছর শেষে সালতামামির খেরোখাতায় কত কত লাল কালির দাগ!
কিন্তু তার পরও বছরটাকে মনে রাখতেই হবে। অঘটনের জন্য নয়, অস্বস্তির উসখুশ জন্ম দেওয়া সব বেখবরের জন্য নয়, অর্জনের জন্যই।
টেস্ট আঙ্গিনায় ২০১৪ সালটা বাংলাদেশের খারাপ কাটেনি। সাফল্য-ব্যার্থতার মাঝেও রয়েছে অনেক অর্জন। ২০১৪ সালে বাংলাদেশ নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে জয় পেয়েছে। ৭ ম্যাচের ৩টিতেই জয়। এক বছরে মোট রানের দিক দিয়ে ২০১৪ সাল দ্বিতীয় অবস্থানে। এ বছর বাংলাদেশ ৭ ম্যাচে মোট ৩৮৮৬ রান করেছে। এর আগে আছে কেবল ২০১০ সালে ৭ ম্যাচে করা ৪১১২ রান। এক বছরে উইকেট সংখ্যার দিক দিয়েও ২০১৪ সাল দ্বিতীয় অবস্থানে। এ বছর বাংলাদেশের বোলাররা নিয়েছেন ১০১ উইকেট। এর আগে আছে ২০০৮ সালে ৯ ম্যাচে নেওয়া ১০২ উইকেট।
টেস্টে সেঞ্চুরির দিক দিয়ে তো সবার ওপরেই ২০১৪ সাল। এ বছর বাংলাদেশের ব্যাটসম্যানরা পেয়েছে ৯টি সেঞ্চুরি। ২০১০ সালে পেয়েছিল ৭টি এবং ২০১৩ সালে ৬টি। তা ছাড়া ইনিংসে ৫ উইকেট নেওয়ার দিক দিয়েও বোলাররা সবচেয়ে সফল হয়েছে ২০১৪ সালে। এ বছর টেস্টে বাংলাদেশি বোলাররা ইনিংসে ৫ উইকেট নিয়েছে সাতবার। ২০০৫, ২০০৮ ও ২০১০ সালে নিয়েছিল পাঁচবার করে। ২০০৫ সালে চট্টগ্রামে প্রথম টেস্ট জয়ের সময় এনামুল হক জুনিয়র ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন। আট বছর পর খুলনায় সাকিব আল হাসান দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। ২০১৪ সালে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছে চারজন ক্রিকেটারের। এ বছর ব্যাটিং গড়ের দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে আছে ভারত ও জিম্বাবুয়ের চেয়েও।
২০১৪ সালে ওয়ানডেতে বাংলাদেশ দলে আটজনের অভিষেক হয়েছে। ১২ বছরের মধ্যে এক বছরে এত ক্রিকেটারের ওয়ানডে অভিষেক হয়নি। ২০১৪ সালে বাংলাদেশ দল ওয়ানডেতে ওভারপ্রতি রান নেয় ৫.০১, যা এক বছরে তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৩ সালে রান রেট ছিল ৫.৪৩ এবং ২০১২ সালে ছিল ৫.১১। এ বছর বাংলাদেশের ব্যাটসম্যানরা ৪টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরি করেছে।
২০১৪ সালে টেস্ট ফিফটির দিক দিয়ে বাংলাদেশ আছে ৬ নাম্বারে। এ বছর বাংলাদেশের ব্যাটসম্যানরা ২৮টি ফিফটি+ ইনিংস খেলেছেন। বাংলাদেশের নিচে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। সবচেয়ে বেশি ৪৫ টি ফিফটি+ ইনিংস খেলেছে শ্রীলঙ্কা। ২০১৪ সালে দুই শতাধিক রানের জুটি হয়েছে মোট ১১টি। এর মধ্যে নিউজিল্যান্ড ৪টি, বাংলাদেশ ২টি, অস্ট্রেলিয়া ২টি, ভারত ১টি, দক্ষিণ আফ্রিকা ১টি ও পাকিস্তান ১টি। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ কোনো দুই শতাধিক রানের জুটি গড়তে পারেনি।
এ ছাড়াও ২০১৪ সালে বাংলাদেশের ক্রিকেটারদের উল্লেখযোগ্য কিছু কীর্তি রয়েছে। ওয়ানডে ইতিহাসের প্রথম বোলার হিসেবে অভিষেকেই হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে তাসকিনের ২৮ রানে ৫ উইকেট ওয়ানডে ইতিহাসে অভিষেকে পঞ্চম সেরা বোলিং ফিগার। ১৩৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে মাত্র তৃতীয় অলরাউন্ডার হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব আল হাসান।
টেস্টে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগার এখন তাইজুল ইসলামের। ছয় বছর আগে গড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিবের ৩৬ রানে ৭ উইকেটের রেকর্ড ভেঙে ফেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে এক ইনিংসে ৩৯ রানে ৮ উইকেট নিয়ে। ফিল্ডার হিসেবে এক বছরে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন মাহমুদউল্লাহ। এ বছর ৩১ ম্যাচে নিয়েছেন ২১টি ক্যাচ। আগের রেকর্ডটি ছিল ২০০৭ সালে আফতাব আহমেদের ৩০ ম্যাচে ১৫টি ক্যাচ। এ বছর প্রথমবারের মতো বাংলাদেশের ওপেনিং জুটি টানা দুই ম্যাচে শতরান করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তামিম-আনামুল জুটি করেছে ১৫৮ রান এবং তৃতীয় ওয়ানডেতে করেছে ১২১ রান।
ফিরিস্তিটা অনেক লম্বা। অন্তত ভুল কারণে শিরোনাম হওয়া খবরগুলো ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু একটাই আশা, বেখবরগুলো সামনের বছরে অদৃশ্যই থাক, সুখবরগুলো ফিরে আসুক শতগুণে, বারবার!