যে খবর পড়েছেন পৌনে চার লাখ মানুষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরজুড়ে এমনই খবর নিয়ে হাজির হয়েছিল প্রথম আলো ওয়েবসাইট।
বছরজুড়ে এমনই খবর নিয়ে হাজির হয়েছিল প্রথম আলো ওয়েবসাইট।

দেশ-বিদেশের খেলা, খেলোয়াড় ও খেলার বাইরের কত ঘটনা নিয়ে প্রতিদিন লিখতে হয় ক্রীড়া সাংবাদিকদের। কোনো খবর তাৎক্ষণিক, কোনটি আবার তৈরি হয় সময় নিয়ে। সময়-পরিস্থিতির দাবি মেনে বছরজুড়েই প্রথম আলো সচেষ্ট ছিল খেলার নানা খবর বস্তুনিষ্ঠতার সঙ্গে পাঠকদের সামনে তুলে ধরতে। এ বছর প্রথম আলো ওয়েবসাইটে প্রকাশিত সর্বাধিক পঠিত খেলার খবরের তালিকায় ছিল ক্রিকেটের প্রাধান্য। ২০১৫-এর বিদায়বেলায় চোখ বুলিয়ে নিন সর্বাধিক পঠিত ১০ খেলার খবরে।

১.
বাংলাদেশে যেকোনো সিরিজ-টুর্নামেন্ট ঘিরেই তৈরি হয় অন্যরকম উন্মাদনা। তবে জুনে ভারত সিরিজ যেন ছাড়িয়ে গিয়েছিল আগের সব উন্মাদনা। এ সিরিজ কেন্দ্র করে বাণিজ্যিক বিজ্ঞাপন পর্যন্ত তৈরি হয়েছিল। এর পেছনে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বিশ্বকাপের আলোচিত সেই কোয়ার্টার ফাইনাল। সিরিজে সবচেয়ে আলোচিত ছিলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের তরুণ এ বাঁহাতি পেসারের বিষ মেশানো কাটার-স্লোয়ার বুঝতেই পারছিল না বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ ভারত। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারের পর ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অকপটেই স্বীকার করেছিলেন, ‘মুস্তাফিজের কিছু ডেলিভারি খেলতে ভীষণ অসুবিধা হয়েছে।’
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনের খবরটি প্রকাশ হয়েছিল ২২ জুন রাত ১টা ৫৭ মিনিটে। গভীর রাতে প্রকাশ হলেও পাঠকের বিপুল আগ্রহ ছিল খবরটিতে। পড়েছিলেন ৩ লাখ ৬৮ হাজার ৩২৪ পাঠক। খবরে প্রকাশিত মন্তব্য ছিল ৫৬টি।

২.
বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর ব্রিসবেনে বৃষ্টির তোড়ে ভেসে যাওয়া ম্যাচে বাংলাদেশ উপহার পেয়েছিল মূল্যবান একটি পয়েন্ট। বাংলাদেশ দল যখন বেশ ফুরফুরে মেজাজে, তখনই এল সংবাদটি। ‘শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে আকস্মিকভাবে শেষ পেসার আল আমিনের বিশ্বকাপ। দল থেকে বাদ পড়ে ভীষণ ভেঙে পড়েছিলেন বাংলাদেশ পেসার। প্রথম আলোকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। এ খবরটি পড়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৮৮৬ পাঠক। প্রকাশিত মন্তব্য ছিল ৫৭।

৩.
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের ঘটনা। শেষ উইকেট হিসেবে ব্যাট করছিলেন মুজারাবানি। মাশরাফি বিন মুর্তজা স্লিপ থেকে গালি—৮ ফিল্ডার দিয়ে ঘিরে ফেললেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানকে! সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছিলেন, আক্রমণাত্মক ফিল্ডিং সাজানোর বুদ্ধিটা দিয়েছিলেন আসলে নাসির হোসেন। এ খবরটির পাঠক ছিল ৩ লাখ ১৬ হাজার ৩৩৫।

৪.
বিশ্বকাপে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে নানা বিতর্কিত সিদ্ধান্তে আলোচিত হয়েছিলেন দুই আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার। দুজনের প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ওই সময়ের আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। এতে ক্ষিপ্ত হয়ে মামলার হুমকি দিয়েছিলেন দুই আম্পায়ার। খবরটি পড়েছিলেন ৩ লাখ ৫ হাজার ৩৩৭ পাঠক।

৫.
বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা থাকলেও দিতে পারেননি আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামাল। এ ঘটনায় আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসনের ভূমিকা আছে বলে অভিযোগ করেন কামাল। এ ঘটনায় কলকাতার পত্রিকাগুলো ছিল বেশ সরব। কলকাতায় প্রকাশিত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর নিয়ে তৈরি হয় এ সংবাদ। এটি পড়েছেন ২ লাখ ৭৮ হাজার ৯৮৭ পাঠক। প্রকাশিত মন্তব্য ছিল ৮৭টি।

৬.
দক্ষিণ আফ্রিকা সিরিজে দুর্দান্ত করার উপহার হিসেবে র‍্যাঙ্কিংয়েও সৌম্য সরকার-সাকিব আল হাসানদের বেশ উল্লম্ফন দেখা গিয়েছিল। দুজনের সাফল্য নিয়ে তৈরি ফিচারটি পড়েছেন ২ লাখ ৭৭ হাজার ২২৫ পাঠক।

৭.
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমানের। তবে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে দারুণ করেও টেস্ট একাদশে জায়গা মিলল না সৌম্য সরকারের। বাঁহাতি ওপেনারের বাদ পড়ার কারণ জানতে খবরটিতে ঢুঁ মেরেছিলেন ২ লাখ ৭৩ হাজার ৩৩৯ পাঠক। প্রকাশিত মন্তব্য ছিল ৭২টি।

৮.
খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিনে সেঞ্চুরি পেয়েছিলেন তামিম ইকবাল। চতুর্থ দিন বিকেলে এক আবেগময় গল্প শুনিয়েছিলেন বাংলাদেশ ওপেনার। সে গল্প শুনতে ২ লাখ ৭২ হাজার ৪৮৭ পাঠক ক্লিক করেছিলেন খবরটিতে।

৯.
গ্যালারিতে সমর্থকদের উত্তেজনার প্রভাব পড়ল খেলার মাঠে। জুলাইয়ে অনুষ্ঠিত শ্রীলঙ্কা ও পাকিস্তানের তৃতীয় ওয়ানডে প্রায় ২০ মিনিট বন্ধ রাখতে হয়েছিল। দর্শকদের অনাকাঙ্ক্ষিত আচরণের খবরটি পড়েছিল ২ লাখ ৬৪ হাজার ১৮৯জন পাঠক।

১০.
জুনে ভারতের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। সুনীল গাভাস্কার বাংলাদেশকে প্রাপ্য সম্মানই দিলেন। ভারতীয় কিংবদন্তির খবরটি পড়েছিলেন ২ লাখ ৫৯ হাজার ৯২০ পাঠক। প্রকাশিত মন্তব্য ছিল ৫৭।

খবর প্রকাশের পাশাপাশি বিভিন্ন সিরিজ-টুর্নামেন্ট কেন্দ্র করে প্রথম আলো অনলাইন সংস্করণে ছিল নানা আয়োজন। সেখানেও ছিল পাঠকের ভীষণ আগ্রহ। ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে পছন্দের একাদশ বেছে নেওয়ার গেম ‘বেছে নিন আপনার একাদশ’-এ অংশ নিয়েছেন ২ লাখ ৯৯ হাজার ২৩৯জন পাঠক। বিশ্বকাপের ম্যাচ সূচি দেখেছেন ২ লাখ ৯১ হাজার ৯০৫ জন। বিশ্বকাপ উপলক্ষে খেলার পাতায় চালু করা ‘বিশ্বকাপ’ বিভাগে ক্লিক করেছেন ৩ লাখ ৪৯ হাজার ১৪০ জন। বিশ্বকাপ উপলক্ষে তিন ধরনের কুইজ ছিল অনলাইন সংস্করণে। কুইজে অংশ নিয়েছেন ৩ লাখ ৪২ হাজার ৮৮২ পাঠক।
পাঠকেরা আবারও প্রমাণ করেছেন, তাঁরাই প্রথম আলোর প্রাণ!