যে গল্প ১০০ বছর গোপন রেখেছিল ইংলিশরা

গল্পটার শুরু বিভিন্নভাবেই করা যেতে পারত। কিন্তু কোনোটাই দ্য গার্ডিয়ানের সাইমন বার্নটনের ভূমিকাকে টপকাতে পারবে না। তাই বার্নটনের মতো করেই শুরু করা যাক গল্পটা।
১৯০৮ সালের কথা। কানাডার এক আদালতে চমকপ্রদ এক মামলা চলছিল। চার্লস নয়তো ক্রিস মিচেল নামের এক ব্যাক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছিল। নাম নিয়ে অনিশ্চয়তার কারণ মামলার বিবাদি নয়, বাদিই ছিলেন গুরুত্বপূর্ণ।
মিচেলের বিরুদ্ধে অভিযোগ হলো, ক্রিকেট ম্যাচ চলার সময় ড্রেসিংরুমে ঢুকে এক ক্রিকেটারের ট্রাউজার থেকে ১৩ ডলার চুরি করেছেন তিনি। শুধু তাই নয়, ড্রেসিংরুমে এমন আচরণ করছিলেন যাতে মনে হচ্ছিল তাঁর মাথায় গণ্ডগোল আছে। এ ব্যাপারে মিস্টার গিলবার্টকেও একমত দেখা যাচ্ছে কারণ, ক্রিকেট নিয়ে নাকি মিচেলের মন্তব্যগুলো খুবই হাস্যকর ছিল।
মিচেলের মানসিক অবস্থা পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন আদালত। তাতে সৌভাগ্যবশত কিংবা দুর্ভাগ্যবশত নিজেকে পাগল প্রমাণ করতে পারেননি মিচেল। তিন মাসের জন্য জেলে পাঠানো হয়েছিল তাঁকে। মিচেলের গল্পটা এখানেই শেষ। এই ব্যক্তিকে নিয়ে আর বকবকানি হবে না, কারণ ইতিহাসের কাছে তাঁকে এতটাই অগুরুত্বপূর্ণ ঠেকেছে যে তাঁর নামের প্রথম অংশ চার্লস নাকি ক্রিস, সেটাই কখনো জানা হবে না।
আমরা বরং মিস্টার গিলবার্টকে নিয়ে পড়ি। মামলার বাদি ছিলেন এই মিস্টার ওয়াল্টার গিলবার্ট। ঘটনার সময় ক্রিকেট মাঠে ব্যস্ত ছিলেন স্থানীয় এক স্কুলের এই হেডমাস্টার আর এই সুযোগেই তাঁর ১৩ ডলার খোয়া গিয়েছিল। মন্ট্রিয়ল ক্রিকেট ক্লাবের সেরা খেলোয়াড়ের বয়স তখন ৫৫ বছর।
মজার ব্যাপার, ২২ বছর আগেও ৪ হাজার কিলোমিটার দূরত্বে ১৩ ডলারেরও অনেক অনেক কম অর্থ পকেটস্থ করার এক ঘটনার সঙ্গে জড়িত ছিলেন গিলবার্ট। ১৮৮৬ সালের সে ঘটনাতেও ড্রেসিংরুম থেকে চুরি করে ধরা পড়েছিলেন একজন। বিবাদির পক্ষের আইনজীবী সে চুরির ঘটনায় তাঁর মক্কেলকে রক্ষা করার জন্য যুক্তি দিয়েছিলেন এভাবে, ‘কয়েদি বেশ কিছুদিন ধরেই এমনভাবে নিপীড়িত হচ্ছিলেন যা একজন মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। বেশ কিছুদিন ধরেই মাথায় এরিসিপেলাসে (চর্মরোগ) ভুগছেন, সে সঙ্গে নিজের সমস্যা থেকে উদ্ধার পেতে অনেক বেশি পান করছিলেন। যে স্বাস্থ্যকর্মী তাঁকে পরীক্ষা করেছেন তিনি বলেছেন এমন দুটি উপসর্গ একসঙ্গে থাকলে তাঁকে অপরাধী বলা যায় না। কারণ কী করেছেন সেই হুশই তাঁর থাকে না ওই সময়ে। গত শনিবার অমন অবস্থাতেই ছিলেন তিনি এবং জানতেন না কী করছেন তখন।’
আদালতের কঠিন মন এমন আকুল আবেদনেও গলেনি। ২৮দিনের কায়িক শ্রমের শাস্তি দেওয়া হয় তাঁকে। ওয়াল্টার গিলবার্টের জন্য ওটা কোনো শাস্তিই নয়। কারণ মূল শাস্তি তিনি চুরির ঘটনাতেই পেয়ে গেছেন। শুধু একটা হাফ সোভেরেইন (আধা পাউন্ড) ও এক শিলিং (পাউন্ডের ২০ ভাগের একভাগ) চুরি করে যে কলঙ্ক নিজের গায়ে লাগিয়েছেন তাতে তাঁর পক্ষে আর ইংল্যান্ডে থাকা সম্ভব হয়নি। ওই আমলে পরিবারের মুখ কালো করা লোকজনের ক্ষেত্রে যা হয়, তাঁর ক্ষেত্রেও তাই হয়েছিল। ইংল্যান্ড ছেড়ে কোনো এক কলোনিতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল, যাতে কলঙ্কটা ধামাচাপা পড়ে এবং পরিবারের অন্য সদস্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন।
আদালতে অস্ট্রেলিয়ায় যাওয়ার ইচ্ছের কথা জানালেও গিলবার্ট শেষ পর্যন্ত জন্মভূমি ফেলে পাড়ি দিয়েছিলেন কানাডাতে। ক্যালগারিতে গিয়ে দুইটি স্কুলের হেডমাস্টার হয়েছেন। কানাডার সেরা ক্রিকেটার বনেছেন, কানাডার অধিনায়কত্ব করেছেন এবং ১৭ বছর ধরে স্থানীয় সরকারের ভূমি অফিসে চাকরি করেছেন। তাঁর শেষ জীবনের এ অর্জনও অবশ্য ইংল্যান্ডে তাঁকে গ্রহণযোগ্য করে তুলতে পারেনি। ১৯ শতকের ক্রিকেটের যত তথ্য-উপাত্ত আছে, যত বই আছে সবকিছুতেই তাঁকে উপেক্ষা করা হয়েছে। তাঁর দেশ ছাড়ার প্রায় এক শ বছর পর ১৯৮৪ সালেই প্রথম তাঁর ওভাবে ইংলিশ ক্রিকেট মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করা হয়েছে।

ক্রিকেটের প্রথম দিকটায় দুই ধরণের ক্রিকেটারের দেখা মিলত, পেশাদার ও জেন্টলম্যান। পেশাদার ক্রিকেটাররা সমাজের নিচু শ্রেণি থেকে উঠে আসতেন। ক্রিকেটই ছিল তাদের আয়ের একমাত্র পথ। সাপ্তাহিক বেতনের ভিত্তিতে বিভিন্ন ক্লাবে খেলতেন তাঁরা। সে সঙ্গে বিভিন্ন সফরের জন্যও বাঁধা একটি অর্থ নিতেন। অন্যদিকে ছিলেন জেন্টলম্যানরা। এরা ছিলেন সমাজের উচ্চ শ্রেণির। পদ মর্যাদার সুবাদে বিভিন্ন সফরের আয়োজন করতেন, সে সুবাদে অধিনায়কত্ব (খেলায় যোগ্যতা শূন্যের কোটায় হলেও) থাকত তাঁদের কাছে। অন্য পেশায় জড়িত থাকতেন তাঁরা। তবে বিভিন্ন সফর আয়োজন করে ম্যাচের গেটমানিটা (টিকিট বিক্রির টাকা) পকেটস্থ করতেন তাঁরা। কিছু কিছু ক্ষেত্রে ক্রিকেট থেকে তাঁদের আয় পেশাদারদের চেয়েও অকল্পনীয় বেশি ছিল। যার শ্রেষ্ঠ উদাহরণ ডব্লু জি গ্রেস।
তো, গিলবার্ট ছিলেন এই জেন্টলম্যানদের অংশ। এমন একজন ক্রিকেটার সতীর্থদের ট্রাউজার পকেটে হাত দিয়েছেন , সেটা তাঁর পরিবারের মাথা কেটে নেওয়ার মতোই। শুধুই একজন জেন্টলম্যান তো আর নন গিলবার্ট। তাঁর পরিবারেই পোঁতা ক্রিকেটের রক্ত। তাঁর স্ত্রী হলেন সারা লিলিহোয়াইট। ক্রিকেট ঐতিহাসিকদের শেষ নামটা পরিচিত ঠেকার কথা। ইংল্যান্ডের প্রথম টেস্ট অধিনায়কের নাম যে জেমস লিলিহোয়াইট! সারা লিলিহোয়াইট ইংল্যান্ডের প্রথম টেস্ট অধিনায়কের চাচাতো ভাইয়ের মেয়ে। অবশ্য গিলবার্টকে পরিচিত করতে তাঁর স্ত্রীকে টানতে হতো না। তাঁর নিজের রক্ত যে এরচেয়েও বিখ্যাত। তাঁর খালাতো ভাইদের নামগুলো একটু পড়ুন; এডওয়ার্ড গ্রেস, ফ্রেড গ্রেস এবং জগৎবিখ্যাত ডব্লু জি গ্রেস! ‘ক্রিকেটের বুড়ো’ বেশ পছন্দ করতেন তাঁকে, বেশ কয়েকটি সফরেও নিয়ে গেছেন। কিন্তু ক্রিকেট নিয়ে লেখা নিজের দুইটি বইয়েই ওই সময়কার ব্যাটসম্যানদের কথা বলতে গিয়ে সযতনে এড়িয়ে গেছেন ওয়াল্টার গিলবার্টের কথা।
গিলবার্টের কপালেই লেখা ছিল তাঁকে ইংল্যান্ড ছাড়তে হবে। তখন অপেশাদার ক্রিকেটাররা বিভিন্ন সফর আয়রোজগার করেই বেশ ভালোভাবে চলতে পারতেন। সে চেষ্টা করতে গিয়েছিলেন গিলবার্ট। কিন্তু ১৮৮২ সালে তাঁর সে চেষ্টা আরও ডুবিয়েছে। ২১টি ম্যাচ আয়োজন করে ৬০০ পাউন্ড আয় করার চেষ্টায় ছিলেন। কিন্তু বাজে আবহাওয়া অধিকাংশ ম্যাচ হতে দেয়নি, ফলে সাকল্যে ৭০ পাউন্ড জুটেছিল তাঁর কপালে। পরের বছরই দেউলিয়া ঘোষণা করা হয় তাঁকে। ৮০০ পাউন্ড দেনা পড়েছিল তাঁর। অধিকারের সব সম্পত্তির দাম পাওয়া গিয়েছিল ৪ পাউন্ড, তাতে তাঁর চারটি ব্যাটের দামও হিসেব করা হয়েছিল।
আর সব ভদ্দরলোক ক্রিকেটারদের তুলনায় গিলবার্ট একটু আলাদা ছিলেন। সব উচ্চ বংশীয় ক্রিকেটার নামের সঙ্গে ধন সম্পদও পরিবারের কাছ থেকে পেতেন। কিন্তু গিলবার্টের বাবাও ১৮৬৪ সালে দেউলিয়া ঘোষিত হয়েছিলেন। মৃত্যও হয়েছিল হতদরিদ্রদশায়। ফলে ১৮৮৬ সালে অভূতপূর্ব এক কাণ্ড করেছিলেন ডব্লু গ্রেসের খালাতো ভাই। নিজের অপেশাদার ট্যাগটা থেকে ‘অ’ ফেলে দিয়েছিলেন। গ্লস্টারশায়ারের সঙ্গে পূর্ব গ্লস্টারশায়ারের হয়েও খেলা শুরু করলেন পেশাদার হিসবে।
পূর্ব গ্লস্টারশায়ারে খেলতে গিয়েই কাণ্ডটা হলো। কয়েকজন খেলোয়ার দেখলেন ড্রেসিংরুমে রাখা কাপড় থেকে প্রায়ই টাকা গায়েব হয়ে যাচ্ছে। সন্দেহ থেকে এক পুলিশ অফিসার, সার্জেন্ট উলফোর্ডকে ডেকে আনা হলো। এক ক্রিকেটার কিছু কয়েনে দাগ কেটে কোটের পকেটে রাখলেন, আর উলফোর্ড লুকিয়ে রইলেন ড্রেসিংরুমে। দুপুর ১২টা ১০ এর দিকে গিলবার্ট ড্রেসিংরুমে গিয়ে আগের মতোই পকেট হাতিয়ে নিয়ে নিলেন একটি সোভেরেইন ও একটি শিলিং। ঘাপটি মেরে থাকা উলফোর্ড সময়মতো বেড়িয়ে এসে নিয়ে গেলেন থানায়। ওই যাত্রাপথেই গিলবার্ট নিশ্চিত হয়ে গিয়েছিলেন তাঁর আর ইংল্যান্ডে থাকা হচ্ছে না।
গিলবার্ট যেটা জানতেন না সেটা হলো, তাঁর ক্রিকেটীয় সত্ত্বাকে প্রায় ভুলে যাওয়ার চেষ্টা করবে ইংল্যান্ড। তাঁর ভাইয়ের দুটি বইয়ে তো লাপাত্তা ছিলেনই। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারদের নামের তালিকায়ও তাঁর বর্ণনা খুব একটা দেওয়া হতো না। কেন গ্লস্টারশায়ারের সঙ্গে চুক্তি করেও মাত্র এক ম্যাচ খেলেই চলে গেছেন ১৯৮৬ সালে, তার কারণও বলা হয়নি কোথাও। মৃত্যুর সিকি শতাব্দী পরেও সে ঘটনার বর্ণনা করতে গিয়ে ইতিহাসবিদ রোলান্ড বোয়েন লিখেছেন, ‘বারবার ঘটনাটি চাপা দেওয়ার যে চেষ্টা করা হয়েছে তাতে আমার মনে হচ্ছে, কখনো যেহেতু এটা লেখা হয়নি, তখন না লেখাই ভালো।’ অবশেষে ১৯৮৪ সালে আরেক ইতিহাসবিদ রবার্ট ব্রুক গিলবার্টের প্রতি এই নিষ্ঠুরতার অবসান ঘটান।