যে টেন্ডুলকার-ভক্ত কাঁপিয়ে দিয়েছেন মৃত্যুকেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচি স্টেডিয়ামের সামনে তোলা রমেশ ও আচুর সেই ছবিটি। ছবি: ফেসবুক
কোচি স্টেডিয়ামের সামনে তোলা রমেশ ও আচুর সেই ছবিটি। ছবি: ফেসবুক

‘তবে কি শচীনকে আর দেখতে পাব না?’
আচুর এ প্রশ্নে স্বামী রমেশ কুমার কিছুক্ষণ উত্তর খুঁজে পাচ্ছিলেন না। সেই কবে পত্রিকায় লিখেছিল, ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে (আইএসএল-ফুটবল লিগ) কেরালা আসছেন শচীন টেন্ডুলকার। এর পর থেকেই আচুর আবদার, তাঁর হিরোকে দেখবেন একবার। ধীরে ধীরে নিভে আসছে জীবনপ্রদীপ, এর আগেই ইচ্ছে পূরণ করা চাই-ই চাই তাঁর।

স্ত্রীর আবদারে সায় দিতে কোনো আপত্তি ছিল না রমেশের। কিন্তু ম্যাচটির দিন নির্ধারিত হয়েছিল ৬ অক্টোবর। এর কদিন আগেই দ্বিতীয়বারের মতো ক্যানসার দানা বেঁধেছে আচুর শরীরে। ম্যাচের মাত্র চার দিন আগে দ্বিতীয়বারের মতো কেমোথেরাপি ট্রিটমেন্ট শুরু হয়েছিল। ম্যাচের আগের দিন তাই আচুর কণ্ঠে শোনা গেল সেই আকুলতা। নিজের প্রিয় শচীনকে দেখতে না পারার আশঙ্কা জানিয়ে দিলেন রমেশকে। কারণ তিনি জানতেন মনের ইচ্ছে পূরণ করার আর সুযোগ হবে না। ক্যানসার এবারে তোড়জোড় বেঁধে নেমেছে, মরণব্যাধির সর্বশেষ পর্যায় তাঁর জীবনঘড়িতে আর দম দেওয়ার সুযোগ দেবে না।
রমেশ নিজেও সেটা জানতেন। ঝুঁকি আছে তবু একজন মৃত্যুপথযাত্রীর জন্য এটাই সঠিক উপহার। এটাই তবু একটু দ্বিধা ছিল। কেমোর কারণে দুর্বল-ক্লান্ত শরীরে আচু কি পারবেন স্টেডিয়ামে যাওয়ার ধকল সামলাতে? উত্তরে আচু বলেছিলেন, ‘একদিন না একদিন সবাই মরবে, আমি ভয় পাই না। তুমি আমাকে নিতে রাজি আছ তো?’
আচুর এ সাহসিকতা রমেশ জানিয়েছেন তাঁর ফেসবুক অ্যাকাউন্টে। গত মঙ্গলবার স্ত্রী-সন্তানের সঙ্গে তোলা একটি ছবি দেখিয়ে বলেছেন, ‘এটা আমার সবচেয়ে প্রিয় ছবিগুলোর একটি। কোচি আন্তর্জাতিক স্টেডিয়ামের সামনে আমার আচুর সঙ্গে এই সেলফি তুলেছিলাম। যে ক্যানসারের সঙ্গে সাহসের সঙ্গে লড়েছে আর বলেছে, “তুমি আমার শরীরকে দুর্বল করতে পারো, আমার আত্মাকে নয়। দশ হাজারবারের চেষ্টায়ও সম্ভব হবে না আমার উদ্যমকে দুর্বল করার।”’
অবশ্যম্ভাবী সে ঘটনা অবশেষে এসে গেছে, স্বামী-সন্তানকে রেখে মাথা উঁচু করে বিদায় নিয়েছেন সাহসী আচু। শোকাহত রমেশ এখন স্ত্রীর কাছ থেকেই সাহস খুঁজে নিচ্ছেন। কারণ, আচু তো দেখিয়ে দিয়েছেন কীভাবে মৃত্যুকেও হারানো যায়।
সেদিন আচুর প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি রমেশ। একটু হেসে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, কোচির এক বন্ধুকে সঙ্গী করে টিকিট কেটে আনলেন ম্যাচের আর চার বন্ধুকে তৈরি করে রাখলেন ম্যাচের জন্য। সেদিন স্টেডিয়ামে গিয়েই মাঠের চারটি বের হওয়ার পথ সম্পর্কে নিশ্চিত হলেন, যেন কোনো সমস্যা হলেই দ্রুত বের হতে পারেন। একটি অ্যাম্বুলেন্স ও প্রস্তুত ছিল, কেরালার পুলিশ সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল। কিন্তু আচুর সেদিকে কোনো খেয়াল ছিল না। তাঁর ভাবনা-চিন্তায় তো তখন শুধুই একটি নাম—শচীন। অবশেষে সেই মুহূর্ত এল, ‘শচীন’, ‘ব্লাস্টার’ জয়ধ্বনির মাঝে টেন্ডুলকার এলেন। রমেশের ভাষায়, ‘সেই চিৎকারের মাঝে আমরা আমাদের সব ব্যথা ভুলেছিলাম। সেদিনই সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল আচুকে।’
স্ত্রীর এ লড়াই এখন সবার মাঝে ছড়িয়ে দিতে চান রমেশ, ‘ও তার দৃঢ়তা ও সাহস দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করেছে। মৃত্যুও ভয় দেখাতে পারেনি তাকে। সে মাটি থেকেই যাত্রা শুরু করেছে, কিন্তু তার শক্তি মৃত্যুকেও কাঁপিয়ে দিয়েছে। বাধা আসবেই, হাল ছেড় না। শেষনিশ্বাস পর্যন্ত লড়ে যাও।’ সূত্র: হিন্দুস্তান টাইমস।