যে ড্রয়ে জয়ের মহিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তামিম ইকবাল যেটিকে বলছেন ‘টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ফল’, কোচ চন্ডিকা হাথুরুসিংহে আরেক ধাপ এগিয়ে ‘বাংলাদেশের ক্রিকেটে টার্নিং পয়েন্ট’, সেই ম্যাচটা আসলে ড্র হয়েছে।
তা একটা ড্র ম্যাচ নিয়ে এমন উচ্ছ্বাস কেন? কারও মনে প্রশ্নটা জেগে থাকলে বুঝতে হবে, গত দুই দিন খুলনায় যে ক্রিকেট-মহাকাব্য রচিত হয়েছে, তিনি তা দেখেননি।
লিখেই মনে হচ্ছে, না দেখলেই বা কী! তামিম ইকবাল ও ইমরুল কায়েসের বীরত্বের কথা কোনো না কোনোভাবে তো কানে ঠিকই পৌঁছে যাওয়ার কথা। দুজন মিলে এমনই এক কীর্তি করলেন, যা মুহূর্তেই দিকে™দিকে রাষ্ট্র হয়ে যাওয়ার মতো। হয়ে গিয়েছেও।
তা হলে তো তামিম আর হাথুরুসিংহের দাবির কোনো ব্যাখ্যা লাগছে না। বাংলাদেশ এর আগে টেস্ট জিতেছে, বড় দলের বিপক্ষে ড্র-ও আছে বেশ কয়েকটি। সেই ড্রয়ের কোনো কোনোটি নিয়েও লেখা হয়েছে ‘এই ড্র জয়ের সমান।’ তবে কথাটা এই খুলনা টেস্টের মতো সত্যি হয়ে ওঠেনি কখনো। আগের ড্র ম্যাচগুলো শুধু বাংলাদেশের ক্রিকেটেই বুদ্বুদ তুলেছে, এভাবে বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে দেয়নি।
এই ড্র আসলেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ফল। টার্নিং পয়েন্ট কি না, এ নিয়ে তর্ক করতে পারেন। যদিও তাতে কোনো লাভ নেই। কিছু প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হয়।
সংখ্যার নিজস্ব একটা শক্তি আছে। কখনো কখনো তা হাজারো কথার চেয়েও বাঙ্ময় হয়ে দাঁড়ায়। এমনই কিছু সংখ্যা শেখ আবু নাসের স্টেডিয়ামের বাতাসে উড়তে উড়তে ছড়িয়ে পড়েছে ক্রিকেট-বিশ্বময়।
* ২৯৬
* ৩১২
* ৫৫৫/৬
এই তিনটি সংখ্যাতেই লুকিয়ে খুলনা টেস্টের অত্যাশ্চর্য গল্পটা।
প্রথমটি প্রথম ইনিংসে পাকিস্তানের নেওয়া লিড। দ্বিতীয়টি তামিম ইকবাল ও ইমরুল কায়েসের উদ্বোধনী জুটি। শেষটি বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।
প্রথম ইনিংসে প্রায় তিন শ রানে পিছিয়ে থাকা কোনো দল দ্বিতীয়বার ব্যাট করতে নেমে কেমন দম্ভভরে প্রতিপক্ষকে নতজানু করে ফেলতে পারে, সেটি মূর্ত শেষ দুটি সংখ্যায়। তামিম-ইমরুল জুটিতে দুটি রেকর্ড গত পরশুই হয়ে গিয়েছিল। দুর্বিনীত স্ট্রোক প্লেতে মাত্র ৬১ ওভারে ২৭৩ রান করে অবিচ্ছিন্ন দুজন যখন মাঠ ছেড়েছেন, উদ্বোধনী জুটির পর যেকোনো উইকেটেই বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ডটিও হয়ে গেছে।
সেই রেকর্ড ছিল শুধুই বাংলাদেশের সীমানায় বাঁধা। কাল সেটিকে বৈশ্বিক রূপ দিয়ে ফেললেন বাংলাদেশের দুই ওপেনার। তামিমের ১৫০ হলো, কিছুক্ষণ পর ইমরুলেরও। ঠিক ১৫০ রানেই ইমরুল যখন ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেলেন, উদ্বোধনী জুটিতে ৩১২ রান হয়ে গেছে। টেস্ট ক্রিকেট এর চেয়েও বড় উদ্বোধনী জুটি দেখেছে ১১টি। তবে সবই প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে তিন শর বেশি এই প্রথম। যার অর্থ বিশ্ব রেকর্ড। তামিম-ইমরুলের ব্যাটে ৫৫ বছর আগে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের জিওফ পুলার ও কলিন কাউড্রের ২৯০ রানের রেকর্ড ভেঙে খান খান।
অর্থহীন ম্যাচ আর টেনে নিয়ে যাওয়ার কোনো মানে নেই বলে আধঘণ্টা আগেই সমাপ্তি টেনে দেওয়া হলো খেলার। স্কোরবোর্ডে তখন জ্বলজ্বল করছে ৬ উইকেটে ৫৫৫। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান তো বটেই, পাকিস্তানের বিপক্ষেও দ্বিতীয় ইনিংসে কোনো দল এত রান করতে পারেনি কখনো।
তিনটি সংখ্যার মাহাত্ম্য জানা হলো। ও হ্যাঁ, আরেকটি যে বাকি। ২০৬। যা এখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস। যা আগামী অনেক দিন তামিম ইকবালের উদ্ধত ব্যাটিংয়ের জয়গান গেয়ে যাবে।
শোককে শক্তি করার কথাটা প্রায়ই শোনা যায়। তামিম আক্ষরিক অর্থেই তা করে দেখালেন। গত পরশু মাঠে নামার আগে খবর পেয়েছেন, প্রিয় ফুফু হঠাৎই চলে গেছেন না-ফেরার রাজ্যে। এই ফুফু রাঁধতে ভালোবাসতেন। তামিম ইকবাল খেতে ভালোবাসেন। জীবন এবং ক্রিকেটে তামিমের সবচেয়ে বড় অনুপ্রেরণা বাবার সঙ্গে শেষবার একসঙ্গে খেয়েছিলেন তাঁর আবদারে ফুফুর রান্না করা খাবারই। প্রিয়জনের বিয়োগব্যথায় কাতর তামিম যেন সব দুঃখ-শোক ব্যাটের হাওয়ায় উড়িয়ে দিতে চাইলেন।
পাকিস্তানকে হকচকিত করে দেওয়ার কাজটা গত পরশুই সেরে ফেলেছিলেন। কাল সকালে তামিমের ব্যাটে ড্র নিশ্চিত করার প্রতিজ্ঞা। জুনায়েদ খান দারুণ রিভার্স করাচ্ছিলেন। প্রায় ১৩৯ কিলোমিটার গতির একটা ইনসুইঙ্গিং ইয়র্কার বুটের ডগায় ছোবল দিয়ে তামিমকে ভূপাতিতও করে দিল। তামিম অবিচল থেকে সেই সময়টা পার করলেন। ১৮২ রানে যাওয়ার পর হঠাৎ যেন তাঁর মনে হলো, এমন স্ট্রোক ঝলমলে ইনিংসটাকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার কাজটা একটু দর্শনীয়ভাবেই করা উচিত। ইয়াসির শাহর পর পর দুটি বল তাই উড়ে গেল মাঠের বাইরে। এর পর একটি সিঙ্গেল নিয়ে ১৯৫। জুনায়েদের পরের ওভারে আরেকটি ছক্কাতেই ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ ইনিংসও।
২০৬ রানে স্টাম্পিংয়ে শেষ হলো ইনিংস। যে হাফিজকে তুলাধোনা করে পুরোনো কিছু হিসাব চুকিয়েছেন, সেই হাফিজের বলেই। এমন এক ইনিংস যে, হাফিজই প্রথম গিয়ে অভিনন্দন জানালেন তামিমকে। একে একে পাকিস্তানের প্রায় সব খেলোয়াড়ই।
তামিমকে লড়তে হয়েছে শোককাতর মন নিয়ে। ইমরুলের লড়াইটা ছিল প্রায় দেড় দিন কিপিং করার ক্লান্তির সঙ্গে। যে ইমরুল ঘরোয়া ক্রিকেটেও সেভাবে কখনো কিপিং করেননি, তিনি কিনা টেস্ট ম্যাচেই ১২০ ওভার করে ফেললেন! এর পর নিজের ক্যারিয়ার-সর্বোচ্চ ওই ইনিংস!
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা তিন টেস্টে সেঞ্চুরি করেছেন তামিম। সব সময়ই আড়ালে থাকা ইমরুলও যে খুব একটা পিছিয়ে নন, সেটি মনেই থাকে না অনেকের। সর্বশেষ চার টেস্টে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি।
বাংলাদেশের দুই ওপেনারই পরাজয়ের শঙ্কা উড়িয়ে দিয়েছিলেন। মহানাটকীয় কিছু হলেই শুধু এই ম্যাচে ফল আসতে পারত। পঞ্চম দিনেও আশ্চর্যরকম নিরীহ উইকেট সেটির কোনো সম্ভাবনা জাগাতেই ব্যর্থ। সুযোগ পেয়ে সাকিব ঢাকায় দ্বিতীয় টেস্টের জন্য ব্যাটিং প্র্যাকটিসটা সেরে নিলেন।
এই সাকিবের সঙ্গে ওয়াহাব রিয়াজের মহা উত্তপ্ত বাদানুবাদই বদলে যাওয়া বাংলাদেশের প্রমাণ হতে পারে। টেস্ট ক্রিকেটে এমন ঘটনা আকছারই ঘটে। তবে সাকিব যেভাবে পাকিস্তানি ফাস্ট বোলারের চোখে চোখ রেখে, আঙুল নাচানোর জবাবে আঙুল নাচিয়ে পাল্টা জবাব দিলেন; বাংলাদেশের কোনো ক্রিকেটার এর আগে তা করেছেন বলে মনে পড়ে না।
একটা বার্তাও বোধ হয় ছড়িয়ে দিল তা—বাংলাদেশ এখন আর কাউকেই ভয় পায় না।
বাংলাদেশ: ৩৩২ ও ৫৫৫/৬
পাকিস্তান ১ম ইনিংস: ৬২৮
ফল: ড্র