যে তানভীরের কথা জানে না বাংলাদেশের ক্রিকেট

তানভীর হাসান: যিনি হতে পারতেন বাংলাদেশের ক্রিকেটের একজন প্রতিনিধিছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডারবান সমুদ্রবন্দরের মুখ থেকে ঘুরে এসে আমরা তখন গোল্ডেন মাইল বিচ ধরে ছুটছি। এক পাশে ভারত মহাসাগর আছড়ে পড়ছে ডারবানের পায়ে। তাতে গা ভেজানো পর্যটকদের একটা অংশ সৈকতে ফুটবল নিয়ে নেমেছে। আরেক পাশে বিলাসবহুল সব হোটেলের সারি।

মসৃণ সড়ক প্রায় ফাঁকা। স্টিয়ারিংয়ে অলস হাত রেখে সামনে তাকিয়ে কথা বলছেন তানভীর হাসান। সতর্কবার্তাটা দিলেন ঠিক সেই সময়, ‘বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হালকাভাবে নিলে ভুল করবে। আইপিএলের জন্য ওদের মূল পেসাররা হয়তো নেই, কিন্তু যারা আছে, তারাও অনেক জোরে বল করে। আর ওদের তো নিজেদের প্রমাণেরও ক্ষুধা থাকবে।’

মাত্র সাত বছর বয়সে মা–বাবার সঙ্গে বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা চলে এসে ডারবানে স্থায়ী হয়েছেন তানভীর। পৈতৃক নিবাস ময়মনসিংহে। মাঝেমধ্যে দেশে যান, তবে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা-বাণিজ্য ফেলে খুব বেশি দিন থাকার সুযোগ হয় না।
এখানে তানভীরের পেট্রলপাম্প, সুপার মার্কেটের সঙ্গে প্রপার্টির ব্যবসাও আছে।

বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর বারলো তানভীরকে ডেকেছিলেন দেশে ফিরে গিয়ে ক্রিকেটভাগ্যটাকে যাচাই করে নিতে। কিন্তু ঠিক ওই সময়েই স্ট্রোক করে বসেন বারলো।

বাংলাদেশে ফল রপ্তানি করেন; এ দেশে বাংলাদেশি একটি প্রতিষ্ঠানের পণ্য বাজারজাতের দায়িত্বও আছে। সব মিলিয়ে পঞ্চাশ–ছোঁয়া তানভীর ডারবানের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তবে ব্যবসায়ী মস্তিষ্কের একটা প্রকোষ্ঠে এখনো ক্রিকেট খেলাটাকে সযত্নে রেখে দিয়েছেন সাবেক এই লেগ স্পিনার।

১৯৯৩ থেকে প্রায় ২০০০ সাল পর্যন্ত তানভীর খেলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাদেশিক দল ওয়েস্টার্ন ট্রান্সভালের হয়ে। বাংলাদেশ দলের সাবেক কোচ প্রয়াত এডি বারলো তখন ট্রান্সভালের কোচ, তানভীর ছিলেন তাঁরই গুণমুগ্ধ ছাত্র। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর বারলো তানভীরকে ডেকেছিলেন দেশে ফিরে গিয়ে ক্রিকেটভাগ্যটাকে যাচাই করে নিতে। কিন্তু ঠিক ওই সময়েই স্ট্রোক করে বসেন বারলো। তানভীরেরও আর বাংলাদেশের ক্রিকেটার হিসেবে ভাগ্য পরীক্ষাটা হয়নি।

তবে খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটের নেশাটা ছিল বলে দক্ষিণ আফ্রিকাতেই চেষ্টা করেছেন ক্রিকেটার হওয়ার স্বপ্নটাকে সত্যি করে তুলতে। ওয়েস্টার্ন ট্রান্সভালে তিনি ছিলেন বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসনের সতীর্থ। তবে মা–বাবার অনিচ্ছার কারণে একটা পর্যায়ে খেলোয়াড়ি জীবনটাকে থামিয়ে পড়াশোনায় মনোযোগী হয়ে পড়েন। ক্রিকেট, ফুটবল, রাগবি—সবই খেলে শেষ পর্যন্ত তানভীর হয়েছেন বড় ব্যবসায়ী।

ডারবানের এক কফি শপে বন্ধু আশফাকের সঙ্গে তানভীর (বাঁয়ে)
ছবি: প্রথম আলো

কথায় কথায় তানভীর বলেন, ‘আমার সঙ্গে একাডেমিক লোকজনের ঠিক জমে না। মাঠের লোক হলে ঠিক আছে।’ আর মাঠের সঙ্গে এই যোগাযোগ এখনো আছে বলেই দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের সব খোঁজখবর পাওয়া যাবে ভদ্রলোকের কাছে। তা ছাড়া দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের সঙ্গে যে তাঁর পরিবারের একটা আত্মীয়তাও হয়ে গেছে!

মেয়ের বিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলার এক জ্ঞাতি ভাইয়ের সঙ্গে। হাশিম আমলার ভাই আহমেদ আমলার সঙ্গে তাঁর খুবই ভালো বন্ধুত্ব। ঘরোয়া ক্রিকেটে আহমেদ আমলা খেলতেন ডলফিনসের হয়ে। তানভীর তো এমনও বলেন, ‘আহমেদ কিন্তু হাশিমের চেয়েও ভালো ক্রিকেটার ছিল।’

মা–বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজে ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার গড়তে পারেননি; তবে তানভীর মনেপ্রাণে চেয়েছেন তাঁর ছেলে অন্তত ক্রিকেটার হোক। ডারবানে এক একর জমির ওপর বাড়ি; বোলিং মেশিন বসিয়ে সেখানেই নেট প্র্যাকটিসের ব্যবস্থা করে দিয়েছিলেন ছেলেকে। কিন্তু ছেলের আবার ক্রিকেটে মন নেই।

ডেভ হোয়াটমোর কোচ থাকার সময় বাংলাদেশের ক্রিকেট অনেকটা এগিয়েছে, সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার বাংলাদেশ দলে আরও দরকার—তানভীরের অজানা নয় কিছুই।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে যখন বর্ণবাদের অমানিশা, ক্রিকেটার তানভীর সেই সময়ের প্রতিনিধি। গাড়ি থামিয়ে ডারবানের এক কফি শপে যখন গতকাল কথা হচ্ছিল, তানভীরের ভারতীয় বংশোদ্ভূত ঘনিষ্ঠ বন্ধু আশফাক তখন পাশে বসা। নিজের খেলোয়াড়ি জীবনের কথা বলতে গিয়ে আশফাকের কথায় ফুটে উঠছিল সেই সময়ের তিক্ত অভিজ্ঞতা। সেই তিক্ততায় এখনো তাঁর মন এতটাই ছেয়ে আছে যে দক্ষিণ আফ্রিকান হয়েও আশফাক দারুণ খুশি বাংলাদেশ ওয়ানডে সিরিজটা জেতায়।

তানভীরের অভিজ্ঞতা আবার উল্টো, ‘আমরা যারা এই দেশের ছিলাম না, তাদের প্রতি ওরা (সেই সময় যারা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ছিলেন) বেশ নমনীয়ই ছিল।’

এডি বারলোর হাত ধরে শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে নাম লেখানো হয়নি তানভীরের। তবু দূর থেকেই তিনি আছেন বাংলাদেশের ক্রিকেটের সব ভালো-মন্দের সঙ্গে। ২০০০ সালে বেসরকারি এক সফরে দক্ষিণ আফ্রিকায় এসে বাংলাদেশের নাস্তানাবুদ হওয়া, ২০০৩ বিশ্বকাপে ডারবানে কানাডার কাছে লজ্জার হার—সবকিছুরই তিনি সাক্ষী। ডেভ হোয়াটমোর কোচ থাকার সময় বাংলাদেশের ক্রিকেট অনেকটা এগিয়েছে, সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার বাংলাদেশ দলে আরও দরকার—তানভীরের অজানা নয় কিছুই।

শুধু বাংলাদেশের ক্রিকেটই জানে না, ভারত মহাসাগরপাড়ে একজন তানভীর হাসান আছেন, যিনি হতে পারতেন বাংলাদেশের ক্রিকেটের প্রতিনিধি।