যে দুঃখ তাড়িয়ে বেড়ায় ওয়াকার ইউনিসকে

ব্যাপারটা মনে করে আজও কষ্ট পান। হয়তো পাবেন সারা জীবনই। জীবনের শেষ দিন পর্যন্ত সে কষ্ট কুড়ে কুড়ে খাবে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ও অধিনায়ক ওয়াকার ইউনিসকে।
১৯৯২ সালে এখনো পর্যন্ত একমাত্র ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। গৌরবের সেই অভিযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল ওয়াকারেরও। বিশ্বকাপ দলেও ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে বিশ্বকাপ শুরুর সপ্তাহ খানিক আগে অনুশীলনে চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েছিলেন এই সাবেক ফাস্ট বোলার। পাকিস্তান ক্রিকেট ইতিহাসে 'গ্রেট' হয়েও 'বিশ্বকাপজয়ী' না হওয়ার বেদনাটা বড় অসহ্য ওয়াকারের কাছে।
সম্প্রতি এক পডকাস্টে নিজের এই কষ্টের কথা বলেছেন ওয়াকার, 'আমার জন্য ওই সময়টা খুব কষ্টের ছিল। চোট পেয়ে গেলাম। পিঠে স্ট্রেস ফ্র্যাকচার হয় আমার। বিশ্বকাপ শুরু হওয়ার আগ মুহূর্তে। ওই চোটটা এতটাই ভয়াবহ ছিল যে আমি অনেক দিন ঠিকমতো হাঁটাচলাও করতে পারিনি।'
পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান বোলিং কোচের কাছে ওটা তাঁর জীবনের সবচেয়ে দুঃখের মুহূর্ত, 'খুব সম্ভবত ওটা আমার জীবনের সবচেয়ে বাজে সময়, দুঃখের সময়। আমি তখন আমার বোলিং ফর্মের তুঙ্গে ছিলাম। খুব ভালো করছিলাম। পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল, আমি দলে থাকতে পারিনি, আমি সেই গৌরবের মুহূর্তের কোনো অংশ নই। এটা আমাকে সারাজীবন পীড়া দিয়ে যাবে।'
ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জিতে আসার পরের মুহূর্তগুলো ওয়াকারের জন্য মিশ্র অনুভূতির। দেশ জেতায় তিনি আনন্দিত ছিলেন, কিন্তু ভেতরে ভেতরে তার অংশ হতে না পারার যন্ত্রণাটাও খুব বাজেভাবেই ছিল, 'আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম। আমার এখনো মনে আছে যেদিন পাকিস্তান দল বিশ্বকাপ জিতে দেশে ফিরল। লাহোর বিমানবন্দরে আমিও সেদিন দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলাম। ব্যাপারটা আমার জন্য যে কী কষ্টের ছিল বলে বোঝাতে পারব না। পাকিস্তান দলের আমার সতীর্থরাও ব্যাপারটা বুঝতে পেরেছিল। কয়েকজন আমাকে ট্রাকে তুলে নেয়। সেদিন লাহোরে খোলা ট্রাকে করে বিজয় মিছিলে অংশ নিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল।'
ওয়াকার এরপর আরও তিনটি বিশ্বকাপ খেলেছেন। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ছিলেন দলের অধিনায়কও। কিন্তু বিশ্বকাপটা দূরের বিষয় হয়েই থেকেছে তাঁর ক্যারিয়ারে। তবে দেশের হয়ে ৮৭ টেস্ট আর ২৬২ ওয়ানডেতে যথাক্রমে ৩৭৩ ও ৪১৬ উইকেট নিয়ে ওয়াকার কিন্তু নিজেকে ঠিকই নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে।