যে পাঁচবার বোলারদের কাঁদিয়েছেন রাসেল

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় ‘হটকেক’। সিপিএল হোক, হোক সেটা বিপিএল কিংবা আইপিএল—যেখানেই গেছেন মাতিয়ে এসেছেন স্টেডিয়াম। কেন তাঁকে দলে পেতে মুখিয়ে থাকে দলগুলো, সেটি আরও একবার প্রমাণ করেছেন আন্দ্রে রাসেল। গতকাল আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৯ বলে ৪৯ রানের বিধ্বংসী এক ইনিংস কলকাতা নাইট রাইডার্সকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়। রাসেলের এমন ঝড় দেখে অবশ্য এরই মধ্যে অভ্যস্ত হয়ে গেছেন ক্রিকেটপ্রেমীরা। সাকিবদের উড়িয়ে দেওয়া তাণ্ডব স্মৃতিতে থাকতে থাকতেই এই জ্যামাইকানের ক্যারিয়ারের অন্যতম সেরা পাঁচ ইনিংস মনে করিয়ে দেওয়া যাক—
১২১*
জ্যামাইকা তালওয়াস-ত্রিনবাগো নাইট রাইডার্স
সিপিএল ২০১৮
এক হাতে ম্যাচ জেতানো বলে যদি কিছু থাকে, তাহলে তার আদর্শ উদাহরণ রাসেলের এই ইনিংসটি। দেয়ালে পিঠ থেকে যাওয়া দলকে কীভাবে একক জাদুতে ম্যাচ জেতাতে হয়, এই ম্যাচে দেখিয়ে দিয়েছেন রাসেল। অনায়াসেই সর্বকালের অন্যতম সেরা টি-টোয়েন্টি ইনিংসের স্বীকৃতি দিয়ে দেওয়া যায় একে।
সিপিএলে রাসেলের অধিনায়কত্বের অভিষেক হয়েছিল সেদিন। জ্যামাইকার সামনে ২২৪ রানের পাহাড় দাঁড় করিয়েছিল ত্রিনবাগো। জ্যামাইকা সমর্থকেরা জয়ের আশা কিছুটা যদি দেখেও থাকেন, সেটি মিলিয়ে যেতেও সময় লাগেনি একদমই। ৬ ওভার শেষে মাত্র ৪১ রান তুলতেই যে ডাগআউটে ফেরত গেছেন পাঁচ ব্যাটসম্যান! এরপর লড়াই শুরু করেন প্রথম বলেই জীবন পাওয়া রাসেল, সঙ্গী হিসেবে পান কেনার লুইসকে। চার-ছয়ের ফুলঝুরি ছুটিয়ে মাত্র ৪০ বলে সেঞ্চুরি তুলে নেন রাসেল। সিপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি এটি। ষষ্ঠ উইকেটে লুইসকে সঙ্গে নিয়ে যোগ করেন ১৬১ রান। লুইস একপর্যায়ে আউট হলেও রাসেল শেষ পর্যন্ত দলকে জিতিয়েই ফিরেছেন। নামের পাশে ততক্ষণে লেখা হয়ে গেছে ৪৯ বলে অপরাজিত ১২১ রানের অতুলনীয় এক ইনিংস। প্রায় ২৫০ স্ট্রাইক রেটের ইনিংসে চার মেরেছেন ৬টি, আর সীমানাছাড়া করার আগে মাটিতে নামতে না দেওয়ার সংখ্যা ১৩ বার!
এ ম্যাচটি যেন রাসেলকে দুহাত ভরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ম্যাচজয়ী সেঞ্চুরি তো করেছেনই, এর আগে বল হাতেও হ্যাটট্রিক করেছিলেন!
১০০
জ্যামাইকা তালওয়াস-ত্রিনবাগো নাইট রাইডার্স
সিপিএল ২০১৬
২০১৮ সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের গল্প তো জানলেন। এই রেকর্ডের আগের মালিকও কিন্তু রাসেল। কাকতালীয়ভাবে এই ম্যাচেও রাসেলের ব্যাটিং–তাণ্ডবের শিকার হয়েছিল সেই ত্রিনবাগো নাইট রাইডার্স! বোশেজোতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের মাঝপথে মাত্র ৬৭ রানেই ৪ উইকেট হারিয়েছিল জ্যামাইকা। এরপরই বাইশ গজে ঝড় তোলেন রাসেল, মাত্র ৪২ বলে সেঞ্চুরি করে জ্যামাইকাকে তুলে দেন ১৯৫ রানের পাহাড়ে। রাসেল যেদিন সেরা ফর্মে থাকেন, সেদিন চারের চেয়ে ছয় মারার প্রতিই যেন বেশি মনোযোগ থাকে তাঁর। ব্যতিক্রম হয়নি এই ইনিংসেও, ৩ চারের বিপরীতে ছয় মেরেছিলেন ১১টি! ষষ্ঠ উইকেটে ১০১ রানের জুটিতে রাসেলের সঙ্গী হয়েছিলেন সাকিব আল হাসান, যেখানে সাকিবের অবদান ছিল মাত্র ১৯ রান!
৫৮
কলকাতা নাইট রাইডার্স-চেন্নাই সুপার কিংস
চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি ২০১৪
হায়দরাবাদে সেদিন ধোনির চেন্নাইয়ের মুখোমুখি হয়েছিল কলকাতা। টস জিতে বোলিংয়ে নেমে চেন্নাইকে ১৫৭ রানেই আটকে রাখেন কলকাতার বোলারেরা। কিন্তু ব্যাট করতে নেমে খুব দ্রুত বিপাকে পরে কলকাতা, মাত্র ২১ রানে হারিয়ে বসে ৪ উইকেট। ৫১ রানে কলকাতা হারিয়ে ফেলে পঞ্চম উইকেটও, জয় তখনো ১০৭ রান দূরে। সেই অবস্থায় কলকাতার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রাসেল, সাত নম্বরে নেমে খেলেন ২৫ বলে ৫৮ রানের ম্যাচজয়ী ঝোড়ো ইনিংস। ৪ চার ও ৫ ছয়ে ইনিংসটি সাজিয়েছিলেন রাসেল, যোগ্য সঙ্গী খুঁজে নিয়েছিলেন রায়ান টেন ডেসকাটের মাঝে। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই ৩ উইকেটে ম্যাচটি জিতে নেয় কলকাতা।
৬৬
কিংস ইলেভেন পাঞ্জাব-কলকাতা নাইট রাইডার্স
আইপিএল ২০১৫
আরও একবার রান তাড়া করতে নেমে বিপাকে কলকাতা, আরও একবার ত্রাতার নাম আন্দ্রে রাসেল। পুনেতে কলকাতার সামনে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছিল পাঞ্জাব। তাড়া করতে নেমে ৮ ওভারের মধ্যেই ৬০ রানে ৫ উইকেট হারিয়ে বসে কলকাতা। কলকাতাকে জয়ের পথে ফেরান রাসেল। ষষ্ঠ উইকেটে ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে গড়েন ৯৫ রানের জুটি। এর মধ্যে রাসেলের অবদানই ছিল ৬৬ রান। ৯ চার ও ২ ছয়ের ইনিংসে খরচ করেছিলেন মাত্র ৩৬ বল। ১৩ বল হাতে রেখে ম্যাচটি জিতে নিয়েছিল কলকাতা।
৪৯*
কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ
আইপিএল ২০১৯
সাকিব আল হাসানকে ৩২তম জন্মদিনের উপহার দেওয়ার ব্যবস্থাটা প্রায় করেই ফেলেছিল হায়দরাবাদ। কিন্তু উইকেটে যে ছিলেন রাসেল! জিততে হলে শেষ ৩ ওভারে কলকাতাকে করতে হতো ৫৩ রান। ১৮তম ওভারে সিদ্ধার্থ কৌলের ওভার থেকে দুই ছক্কা ও এক চারে ১৯ রান নিয়ে সমীকরণ নামিয়ে আনেন দুই ওভারে ৩৪ রানে। তখনো জয়ের পথে ভালোভাবেই ছিল সানরাইজার্স, কিন্তু ১৯তম ওভারে ভুবনেশ্বর কুমারের ওভার থেকে ২১ রান তুলে কলকাতার জয়ের রাস্তা সুগম করে দেন রাসেল। ভুবনেশ্বরের ওই ওভারেই দুটি করে চার ছয় মেরে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত মাত্র ১৯ বলে ৪৯ করে অপরাজিত থাকেন রাসেল।