যে বিরল রেকর্ড আজহার চাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯৯ টেস্টে থেমে গিয়েছিল আজহারের ক্যারিয়ার। ফাইল ছবি
৯৯ টেস্টে থেমে গিয়েছিল আজহারের ক্যারিয়ার। ফাইল ছবি
>অ্যালিস্টার কুকের কীর্তি মনে করিয়ে দিল মোহাম্মদ আজহারউদ্দিনকে। কুকের আগে আজহার ছিলেন সর্বশেষ ব্যাটসম্যান, অভিষেক ও ক্যারিয়ারের শেষ টেস্টে সেঞ্চুরি করেছিলেন যিনি। যদিও আজহার তখনো জানতেন না, ৯৯তম টেস্টটাই হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের শেষ!

নিজের প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি করে বিরল কীর্তি গড়েছেন অ্যালিস্টার কুক। কিন্তু আজ থেকে ১৮ বছর আগে একই রেকর্ডের অধিকারী হয়েও আনন্দ করার বা তৃপ্তিবোধের সুযোগ মেলেনি ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের। ১৯৮৪ সালে নিজের টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন আজহার। কেবল অভিষেক টেস্টেই নয়, নিজের প্রথম তিন টেস্টে সেঞ্চুরি করে ক্রিকেট-দুনিয়ায় আলোড়ন তুলেছিলেন তিনি। আজহার ২০০০ সালে নিজের শেষ টেস্টেও সেঞ্চুরি করেছিলেন। কিন্তু কুকের সঙ্গে তাঁর পার্থক্য হলো, আজহার জানতেন না যে নিজের ৯৯তম টেস্টেই শেষ হয়ে যাবে তাঁর ক্যারিয়ার।

২০০০ সালে ম্যাচ গড়াপেটার বিষয়টি সামনে চলে এলে আর কখনোই ভারতের হয়ে খেলা হয়নি আজহারের। এর আগে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। ঘটনাচক্রে সেটিই হয়ে থাকে ক্যারিয়ারে তাঁর শেষ টেস্ট।

কুকের এই কীর্তিতে আজহার কিন্তু খুশি। ইংলিশ এই ক্রিকেটারের অর্জন যে সহজ কিছু নয়, সেটি সবাইকে মনে করিয়ে দিয়েছেন আজহার, ‘জীবনের প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি করা মোটেও সহজ কিছু নয়। অভিষেক টেস্টে একজন ক্রিকেটার থাকে অনভিজ্ঞ। তার ওপর অনেক চাপ থাকে, দলের ভেতরে, বাইরে। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনও চায় খেলোয়াড়টি ভালো করুক। তাই খুবই চাপের মধ্য থেকে তাকে খেলতে হয়।’

ক্যারিয়ারের শেষ টেস্টেও একজন ক্রিকেটার চাপে থাকেন। তত দিনে একজন খেলোয়াড় যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেললেও শেষ টেস্টেও সবার প্রত্যাশা একধরনের চাপ তৈরি করে। ক্যারিয়ারের শেষটা যেন সুন্দরভাবে হয়, সেই প্রত্যাশাটাই চাপ তৈরি করে দেয় বলে মনে করেন আজহার, ‘শেষ টেস্টটা যদি দেশের মাটিতে হয়, তাহলে চাপটা আরও বেশি। এই ম্যাচে সবাই চায় বিদায়ী খেলোয়াড়টি ভালো করুক। প্রতিপক্ষের কাছ থেকেও নানা শুভকামনা পাওয়া যায়। শেষ টেস্টে তাই সেঞ্চুরি করাটাও খুব সহজ নয়।’

কুকের অবসরের সিদ্ধান্ত নিয়েও ইতিবাচক আজহার। বলেছেন, একজন খেলোয়াড় কত দিন খেলবেন, সেটি পুরোপুরি নির্ভর করে তাঁর নিজের ওপরই, ‘কোনো খেলোয়াড় যদি মনে করে যথেষ্ট খেলেছি, তাহলে সে সঠিক সময় বেছে নিয়ে বিদায় জানাতেই পারে।’

প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি

রেজিন্যাল্ড ডাফ অস্ট্রেলিয়া

১ম টেস্ট  ১০৪ বিপক্ষ ইংল্যান্ড, ১৯০২

শেষ টেস্ট  ১৪৬ বিপক্ষ ইংল্যান্ড, ১৯৩৪

 

বিল পন্সফোর্ড অস্ট্রেলিয়া

১ম টেস্ট  ১১০ বিপক্ষ ইংল্যান্ড, ১৯২৪

শেষ টেস্ট  ২৬৬ বিপক্ষ ইংল্যান্ড, ১৯৩৪

 

গ্রেগ চ্যাপেল অস্ট্রেলিয়া

১ম টেস্ট  ১০৮ বিপক্ষ ইংল্যান্ড, ১৯৭০

শেষ টেস্ট  ১৮২ বিপক্ষ পাকিস্তান, ১৯৮৪

 

মোহাম্মদ আজহারউদ্দিন ভারত

১ম টেস্ট  ১১০ বিপক্ষ ইংল্যান্ড, ১৯৮৪

শেষ টেস্ট  ১০২ বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০০০

 

অ্যালিস্টার কুক ইংল্যান্ড

১ম টেস্ট ১০৪* বিপক্ষ ভারত, ২০০৬

শেষ টেস্ট  ১৪৭ বিপক্ষ ভারত, ২০১৮